SL vs IND: স্পিন মোকাবিলায় জোর প্রস্তুতি রোহিত-বিরাটদের, ২৭ বছর পর ভারতকে ওডিআই সিরিজে হারাতে মরিয়া শ্রীলঙ্কা
SL vs IND: শ্রীলঙ্কার কাছে সিরিজ হার এড়ানোর চ্যালেঞ্জ ভারতের সামনে। কাল কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় তথা শেষ ওডিআই।
টি২০ সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জিতেছিল সূর্যকুমার যাদবের ভারত। একদিনের সিরিজে প্রথম ম্যাচ টাই হয়, দ্বিতীয় ম্যাচে হেরে যায় গত বিশ্বকাপের রানার-আপরা।

আজ অবধি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যে ২২টি দ্বিপাক্ষিক একদিনের সিরিজ হয়েছে তাতে মাত্র পাঁচটিতেই পরাস্ত হয়েছে ভারত। শেষ ১০টি সিরিজে টানা জিতেছে মেন ইন ব্লু। কাল জিতলেও অবশ্য সিরিজ জয়ের সেই ধারা অব্যাহত রাখা যাবে না। সিরিজ ড্র হবে।
চলতি ওডিআই সিরিজের দুটি ম্যাচেই টস জিতেছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে জিতেছে। ভারত অধিনায়ক রোহিত শর্মা সিরিজে পিছিয়ে পড়ার পর বলেছেন, মাঝের ওভারগুলিতে ভালো ব্যাটিং করা জরুরি। পরিস্থিতি অনুধাবন করে স্পিনারদের সামলানোর রণকৌশল খুঁজছে ভারত।
বিরাট কোহলির ব্যাটেও ভারত বড় রান প্রত্যাশা করছে। সব ফরম্যাট মিলিয়ে ১৫টি ইনিংসের মধ্যে মাত্র একটিতেই অর্ধশতরান এসেছে কিং কোহলির ব্যাট থেকে। ১৯৯৭ সালের পর ভারত কখনও ওডিআই সিরিজে হারেনি শ্রীলঙ্কার কাছে। শ্রীলঙ্কার সিরিজ জয় ঠেকাতে বিরাটের ব্যাট চওড়া হওয়াও গুরুত্বপূর্ণ।
কাল কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে ম্যাচ ভেস্তে যাওয়ার পরিস্থিতি নেই। কালকের ম্যাচেও স্পিন সহায়ক উইকেটের চরিত্রগত বিশেষ বদল হবে না। আজও অনুশীলনের ফাঁকে হেড কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মারা পিচ খুঁটিয়ে দেখেছেন।
শ্রীলঙ্কার উইনিং কম্বিনেশন অপরিবর্তিত থাকার সম্ভাবনা। ভারতের একাদশে রদবদলের সামান্য সম্ভাবনা রয়েছে। শিবম দুবে স্পিন ভালো খেলতে পারেন। আবার রিয়ান পরাগকে খেলালে তিনি ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও কার্যকরী হতে পারেন।
এই পরিস্থিতিতে ভারত দুবেকে বসিয়ে পরাগকে খেলায় কিনা সেটা দেখার। সেক্ষেত্রে রিয়ান পরাগ দেশের হয়ে প্রথম ওডিআই খেলবেন কাল। জোরে বোলার হিসেবে রয়েছেন অর্শদীপ সিং ও মহম্মদ সিরাজ। তাঁদের একজনকে বসিয়ে দুবে ও পরাগ- দুজনকে খেলানোর বিকল্পও থাকছে।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), শিবম দুবে বা রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ- পাথিুম নিসঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সমরবিক্রমা, চরিথ আসালঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েল্লালাগে, কামিন্দু মেন্ডিস, জেফ্রি ভ্যান্ডারসে, আকিলা ধনঞ্জয়, আসিথা ফার্নান্দো।












Click it and Unblock the Notifications