Durga Puja 2024: লারা ঢাক বাজালেন অরূপের সুরুচি সংঘে, বড়িশা প্লেয়ার্স কর্নারের দুর্গাপুজো উদ্বোধনে সৌরভ
Durga Puja 2024: কলকাতায় বিভিন্ন পুজো প্যান্ডেলে ইতিমধ্যেই দর্শনার্থীদের ঢল নেমেছে। তারই মধ্যে চলছে দুর্গাপুজোর উদ্বোধন। আজ দুটি পুজো উদ্বোধনে দেখা গেল দুই প্রাক্তন তারকা অধিনায়ককে।
সৌরভ গঙ্গোপাধ্য়ায় উদ্বোধন করলেন বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোর। ব্রায়ান লারা হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সংঘে।

সুরুচি সংঘের দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্লাবের পুজোর থিম সংটিও মুখ্যমন্ত্রীর লেখা ও সুরারোপিত। মুখ্যমন্ত্রী বলেছিলেন, কয়েক মাস ধরে সকলে গোপনে পুজোর থিম তৈরি করেন। কেউ কাউকে বলতে চান না। অরূপের পুজোর থিম সংটি এবারও আমিই করে দিয়েছি।
রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ এদিন চমক দিলেন তাঁর পুজোর উদ্বোধনে ব্রায়ান লারাকে এনে। টালিগঞ্জে মহালয়ার দিন পুজোর উদ্বোধনে এসেছিলেন জন্টি রোডস। জন্টির মতো লারাও এই প্রথম দুর্গাপুজো দেখলেন। সুরুচি সংঘে তিনি হাজির ছিলেন পাজামা, পাঞ্জাবি পরে। ঢাকও বাজালেন। উৎসবের শুভেচ্ছাও জানালেন সকলকে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের পুজো বলে পরিচিত বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো। এই পুজোর সূচনা করতে অগ্রণী ভূমিকা ছিল সৌরভের বাবা, প্রয়াত চণ্ডী গঙ্গোপাধ্যায়। সৌরভ এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক। তিনি এদিন সন্ধ্যায় বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোর উদ্বোধন করলেন প্রদীপ জ্বালিয়ে।
সৌরভ বলেন, দুর্গাপুজোর মতো পজিটিভ কিছু আর হয় না। এই পজিটিভিটির জন্য বাংলার দুর্গাপুজো অসামান্য। পুজো সকলের ভালো কাটুক, সেই শুভেচ্ছাও জানান মহারাজ। জানা গিয়েছে, পঞ্চমীর দিন তিনি একটি অনাথ আশ্রমে গিয়ে মিষ্টি, চকোলেট, নতুন জামা-কাপড় উপহার দেবেন। শিশুরা ওখানে দুর্গাপুজো করে। তাদের উৎসাহ দিতে বেশ কয়েক রকমের মজাদার খেলাও আয়োজন করা হবে। অনাথ আশ্রমের শিশুদের সঙ্গে মহারাজের সঙ্গে সময় কাটাবেন বৃদ্ধাবাসের আবাসিকরাও।












Click it and Unblock the Notifications