ICC Women's ODI Team Of The Year 2024: আইসিসির বর্ষসেরা মহিলা ওডিআই দল ঘোষিত, আছেন ২ ভারতীয়
ICC Women's ODI Team Of The Year 2024: আইসিসির বর্ষসেরা ওডিআই দলে (পুরুষ) ভারতের কেউ নেই। যদিও মহিলাদের বর্ষসেরা ওডিআই একাদশে ঠাঁই পেলেন ২ ভারতীয়।
আজ আইসিসির তরফে যে ২০২৪ সালের বর্ষসেরা দল প্রকাশ করা হয়েছে তার নেতৃত্বে লরা উলভার্ট। ভারত থেকে রয়েছেন স্মৃতি মান্ধানা ও দীপ্তি শর্মা।

২০২৪ সালে মান্ধানা ওডিআইয়ে বিধ্বংসী ছন্দে ছিলেন। ১৩টি ম্যাচে তিনি ৪টি শতরান করেছিলেন। অর্ধশতরানের সংখ্যা ৩। সবমিলিয়ে স্মৃতি গত বছর ওডিআইয়ে ৭৪৭ রান করেন, যা বিশ্বে সর্বাধিক। স্বাভাবিকভাবেই বর্ষসেরা একাদশে প্রথম নাম রয়েছে তাঁরই।
স্মৃতির সঙ্গেই বর্ষসেরা দলে দীপ্তি শর্মার উপস্থিতি বাংলা তথা ভারতের কাছে উল্লেখযোগ্য। দীপ্তি বাংলা থেকেই ভারতীয় দলে জায়গা পেয়ে নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গত বছর ১৩টি ওডিআইয়ে দীপ্তি ২৪টি উইকেট দখল করেছেন।
মহিলাদের ক্রিকেটে গত বছর ওডিআইয়ে দীপ্তিই ছিলেন সর্বাধিক উইকেটশিকারী। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ভারতের সাফল্যে ভূমিকা রেখেছেন দীপ্তি। তিনি গত বছর ওডিআইয়ে ১৮৬ রান করেছেন।
আইসিসির বর্ষসেরা মহিলা ওডিআই দলে স্মৃতির সঙ্গে ওপেনার হিসেবে নাম রয়েছে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্টের। তিনি গত বছর সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ছিলেন দ্বিতীয় স্থানে। ১২ ম্যাচে তিনি ৬৯৭ রান করেছেন।
দলে রয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, যিনি ৯ ম্যাচে ৪৫৮ রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথুজ ২০২৪ সালে ৭টি ওডিআইয়ে ৪৬৯ রান করেছেন, তিনিও জায়গা করে নিয়েছেন বর্ষসেরা দলে।
আইসিসির বর্ষসেরা মহিলা ওডিআই দলে দক্ষিণ আফ্রিকার মারিজান কাপ জায়গা করে নিয়েছেন। কাপ গত বছর ৪৪৯ রান করার পাশাপাশি বল হাতে পেয়েছেন ১১ উইকেট। অস্ট্রেলিয়া থেকে রয়েছেন দুজন। তাঁরা হলেন অ্যাশলে গার্ডনার (২৬৯ রান করার পাশাপাশি ২০টি উইকেট) এবং অ্যানাবেল সাদারল্যান্ড (৩৬৯ রান করার পাশাপাশি ১৩ উইকেট)।
এ ছাড়া এই বর্ষসেরা একাদশে ইংল্যান্ড থেকে রয়েছেন তিনজন- অ্যামি জোন্স (৩২৮ রান), স্পিনার সোফি এক্লেস্টোন (২১ উইকেট) ও মিডিয়াম পেসার কেট ক্রস (১৯ উইকেট)।
আইসিসি বর্ষসেরা মহিলা ওডিআই দল- স্মৃতি মান্ধানা, লরা উলভার্ট (অধিনায়ক), চামারি আতাপাত্তু, হেইলি ম্যাথুজ, মারিজান কাপ, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যামি জোন্স, দীপ্তি শর্মা, সোফি এক্লেস্টোন, কেট ক্রস।












Click it and Unblock the Notifications