SL vs IND: ছিটকে গেলেন চামিরা, ভারতের সাহায্য নিচ্ছে শ্রীলঙ্কা! নয়া ইনিংস শুরুর আগে আত্মবিশ্বাসী জয়সূর্য
SL vs IND: ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজের আগে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। ছিটকে গেলেন তারকা পেসার দুষ্মন্ত চামিরা। তিনি আবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার।
ভারতের বিরুদ্ধে সিরিজ দিয়েই হেড কোচ হিসেবে নয়া ইনিংস শুরু হচ্ছে সনৎ জয়সূর্যর। আপাতত অন্তর্বর্তী কোচ হিসেবে। চামিরা না থাকলেও ভালো ফলেরই প্রত্যাশা জয়সূর্যর।

শ্রীলঙ্কার প্রধান নির্বাচক উপুল থরঙ্গা বলেন, গতকালই চামিরার চোট সংক্রান্ত রিপোর্ট পেয়েছি। তিনি টি২০ ও ওডিআই সিরিজে খেলতে পারবেন না। পরিবর্ত ক্রিকেটারের নাম দ্রুতই জানানো হবে। উল্লেখ্য, চামিরা লঙ্কা প্রিমিয়ার লিগে ক্যান্ডি ফ্যালকন্সের হয়ে খেলেন।
যদিও টুর্নামেন্টের শেষের দিকে কয়েকটি ম্যাচে তিনি খেলতে পারেননি। তাঁর কোথায় কী ধরনের চোট তা বিস্তারিতভাবে জানানো হয়নি। আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা ও কাসুন রাজিথার মধ্যে কেউ চামিরার পরিবর্ত হিসেবে সুযোগ পেতে পারেন।
অ্যাঞ্জেলো ম্যাথুজকে টি২০ বিশ্বকাপের দলে রাখা হয়েছিল। লঙ্কা প্রিমিয়ার লিগে তিনি ১৫১.৭৪ স্ট্রাইক রেট রেখে ২৬১ রান করেন। তবে তাঁকে যে পরবর্তী টি২০ বিশ্বকাপের পরিকল্পনায় রাখা হচ্ছে না তা স্পষ্ট করে দেন থরঙ্গা।
ম্যাথুজের জায়গা নেওয়া সহজ না হলেও তরুণ অলরাউন্ডারদের সুযোগ দিতে চাইছেন নির্বাচকরা। কুশল পেরেরা ও দীনেশ চণ্ডীমল এলপিএলে ভালো স্ট্রাইক রেট রেখে যথাক্রমে ২৯৬ ও ২৮৭ রান করেছেন। তাঁরা জাতীয় দলে জায়গা পাকা করতে চাইবেন।
পাল্লেকেলেতে পেস ও বাউন্স বেশি থাকে উইকেটে। ফলে শ্রীলঙ্কা তিন জোরে বোলার নিয়ে খেলতে পারে বলে ইঙ্গিত দেন থরঙ্গা। প্রথম একাদশে থাকতে পারেন নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা। দাসুন শনাকা ও আনক্যাপড অলরাউন্ডার চামিন্দু বিক্রমাসিংঘেও থাকতে পারেন চূড়ান্ত দলে।
দুই স্পিনার হিসেবে ওয়ানিন্দু হাসারঙ্গা ও মাহিশ থিকশানাই এগিয়ে। শ্রীলঙ্কা তিন স্পিনারে নামলে তবে দেখা যেতে পারে দুনিথ ওয়েল্লালাগেকে। এলপিএলে খেলার সৌজন্যে দলের সকলেই ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বলে মনে করছে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট।
ক্যান্ডিতে দলের অনুশীলনে দেখা যাচ্ছে রাজস্থান রয়্যালসের হাই পারফরম্যান্স ডিরেক্টর জুবিন ভারুচাকে। তাঁকে শ্রীলঙ্কা দলকে সহায়তা করার জন্য নিয়ে যাওয়া হয়েছে কুমার সঙ্গকারার পরামর্শে। জয়সূর্য জানান, জুবিনের সঙ্গে দলের অনুশীলন যথেষ্ট কার্যকরী হয়েছে। অনেক কিছু নতুন বিষয়ে জোর দেওয়া হয়েছে, যা আগে হয়নি।
জয়সূর্যর কথায়, অনেক কিছু আমরা শিখলাম। আমার মনে হয় প্লেয়াররা প্র্যাকটিস ও টেকনিক নিয়ে অনেক নতুন কিছু শিখেছেন। সবমিলিয়ে প্রস্তুতি ভালোই। জয়সূর্য জানান, স্থায়ী কোচ নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছেন। হেড কোচ হিসেবে বিশেষ অভিজ্ঞতা নেই। তবে সেরাটা উজাড় করেই দেশকে সাফল্য এনে দিতে চান।












Click it and Unblock the Notifications