SL vs IND: হার্দিককে টপকে ভারতের টি২০ অধিনায়ক কীভাবে হলেন সূর্য? জানালেন অজিত, গম্ভীর স্পষ্ট করলেন দিশা
ভারতীয় ক্রিকেটারদের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছিল। অবশেষে এই সিদ্ধান্তের কারণ খোলসা করলেন নির্বাচক প্রধান অজিত আগরকর।
ফিটনেসের নিরিখেই যে হার্দিক পিছিয়ে পড়েছেন তা জানালেন আগরকর। তাঁর কথায়, আমরা এমন কাউকে চাইছিলাম যিনি সব ম্যাচ খেলতে পারবেন। হার্দিকের মতো দক্ষতাসম্পন্ন কাউকে খুঁজে পাওয়া খুব কঠিন। যদিও তাঁর কাছে ফিটনেসের বিষয়টি চ্যালেঞ্জিং।

২০২৬ সালে পরবর্তী টি২০ বিশ্বকাপ রয়েছে। নির্বাচকরা মনে করছেন, এই সময়ের মধ্যে হার্দিকের তুলনায় বেশি ম্যাচে পাওয়া যাবে সূর্যকে। টি২০ বিশ্বকাপে সূর্য, নাকি অন্য কেউ অধিনায়কত্ব করবেন তা এদিন গম্ভীর বা আগরকর স্পষ্ট করেননি।
যদিও সূর্য অধিনায়ক হিসেবে সফল হবেন বলে আশাবাদী আগরকর। ভারতের হেড কোচ গৌতম গম্ভীরও বলে দিলেন, সূর্যর টি২০ ব্যাটিং নিয়ে কারও সংশয় নেই। অনেক চিন্তাভাবনা করেই অধিনায়কত্ব সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাতারাতি সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ভবিষ্যতে তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে যে শুভমান গিলকে দেখা যেতে পারে তার ইঙ্গিতও মিলেছে। আগরকর বলেন, গিল সব ফরম্যাটেই খেলতে পারেন। বিগত কয়েক বছর ধরে তাঁর গুণাবলির ছাপ রেখে চলেছেন। ড্রেসিংরুম থেকেও ইতিবাচক বার্তা মিলেছে। লিডারশিপ কোয়ালিটি রয়েছে। তাঁকে অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ দেওয়া হবে।
ভারতের হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজই প্রথম সফরে শ্রীলঙ্কা যাচ্ছেন গম্ভীর। তিনি জানিয়ে দিলেন, ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক হেড কোচের মতো রাখতে চান না। বরাবরের মতো ভারতের হেড কোচ হয়েও ক্রিকেটারদের স্বাধীনভাবে খেলতে দিতে চান।
গম্ভীরের কথায়, পারস্পরিক বিশ্বাসের উত্তর ভিত্তি করে যে সম্পর্ক তাকেই আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি। হ্যাপি ড্রেসিংরুমই উইনিং ড্রেসিংরুম। ফলে সমস্ত সাপোর্ট স্টাফের সঙ্গে আমার লক্ষ্য থাকবে, ড্রেসিংরুমকে সব সময় খুশিতে ভরে রাখা, যেখানে ক্রিকেটাররাও নিরাপদ বোধ করবেন। জটিল বলে কিছু থাকবে না।
গম্ভীর বলেন, আমি একটি সফল দলের দায়িত্ব নিচ্ছি। টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন, বিশ্বকাপে রানার-আপ। জয় শাহের সঙ্গে আমার দারুণ ভালো সম্পর্ক। মিডিয়ার সামনে সব কিছু না এনে এককাট্টা হয়ে ভালো কিছু করা সম্ভব বলেই মনে করেন গম্ভীর। নিজের নয়, ভারতীয় ক্রিকেটের উন্নতিসাধনই তাঁর লক্ষ্য।
শ্রীলঙ্কায় ভারতের টি২০ সিরিজ শুরু ২৭ জুলাই। তিনটি টি২০ আন্তর্জাতিকে খেলার পর তিন ম্যাচের একদিনের সিরিজ রয়েছে।












Click it and Unblock the Notifications