শ্রেয়স আইয়ার ছিটকে গেলেন ভারত-অস্ট্রেলিয়া ODI সিরিজ থেকে, আইপিএল খেলা নিয়ে সংশয়
আমেদাবাদ টেস্ট চলাকালীন পিঠের চোটে কাবু হয়ে ব্যাট করতে পারেননি শ্রেয়স আইয়ার। চতুর্থ ও পঞ্চম দিন তিনি মাঠেও ছিলেন না। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রেয়স। অনিশ্চয়তা তৈরি হয়েছে আইপিএল খেলা নিয়েও।

একদিনের সিরিজে নেই শ্রেয়স
আমেদাবাদ থেকে আগেভাগেই বেঙ্গালুরু পাঠিয়ে দেওয়া হয়েছে ভারতের এই মিডল অর্ডার ব্যাটারকে। ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে থাকা বিসিসিআইয়ের মেডিক্যাল স্টাফরা আইয়ারের চোট পরীক্ষা করে দেখবেন। তার উপর নির্ভর করবে আইপিএলে অংশগ্রহণের বিষয়টি। উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স। তিনি খেলতে না পারলে কেকেআরকে নতুন ক্যাপ্টেন খুঁজতে হবে।

রিহ্যাব চলবে এনসিএতে
শ্রেয়স আইয়ার আমেদাবাদ টেস্ট শেষ হওয়ার আগেই রিহ্যাবের জন্য বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেন। আজ আমেদাবাদ থেকে মুম্বইয়ে ফিরেছেন ভারতের টেস্ট দলের তারকারা। শুক্রবার মুম্বইয়ে ভারত-অস্ট্রেলিয়া প্রথম একদিনের আন্তর্জাতিক। কাল থেকে ভারতীয় দল সাদা বলের ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করে দেবে বলে জানা যাচ্ছে। টেস্ট দলের বাইরে থাকা ওডিআই ক্রিকেটাররা আগেই মুম্বই পৌঁছেছেন।

পিঠের চোটে কাবু
রোহিত শর্মা গতকাল খেলার শেষে জানান, আইয়ারকে টেস্টের দ্বিতীয় দিন গোটা দিনটাই অপেক্ষা করতে হয় ব্যাটিংয়ের জন্য। তারপর থেকেই তার পিঠে ব্যথা শুরু হয়। আগে চোট ছিল। সেখানেই যন্ত্রণা অনুভব করতে থাকেন। হাসপাতালে পাঠানো হয় স্ক্যান করাতে। রিপোর্ট কী এসেছে জানি না, তবে তাঁর চোটের লক্ষণ ভালো নয় বলেই মনে করা হচ্ছে। রোহিতের আশঙ্কা সত্যি প্রমাণ করে শ্রেয়স ছিটকে গেলেন ওডিআই সিরিজ থেকে।

বাংলাদেশের সফরের পর থেকে চোটের কবলে
ডিসেম্বরে বাংলাদেশ সফরের পর শ্রেয়স পিঠের চোটে কাবু হয়েছিলেন। নিউজিল্যান্ড সিরিজ খেলতে পারেননি। কামব্যাক করেন দিল্লি টেস্টে। তাঁর চোটের বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। শ্রেয়স আগেরবার রিহ্যাবে যখন এনসিএতে ছিলেন, তখন প্রত্যাশার চেয়েও বেশি সময় লেগেছিল ফিট হতে।

পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা হয়নি
ওডিআই সিরিজে আইয়ারের পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করেননি নির্বাচকরা। রজত পাটীদার সুযোগ পেতে পারেন বলে জল্পনা চলছে। আবার সোশ্যাল মিডিয়ায় অনেকেই গলা ফাটাচ্ছেন সঞ্জু স্যামসনের জন্য। একইসঙ্গে চর্চা চলছে আইয়ার আইপিএলে না থাকলে কেকেআরের অধিনায়ক কে হবেন তা নিয়ে। নাম ভেসে উঠেছে শাকিব আল হাসানের।












Click it and Unblock the Notifications