শিবম মাভি অভিষেকে অনবদ্য, শেষ ওভারে অক্ষরও! এশিয়া-সেরা শ্রীলঙ্কাকে হারিয়ে নতুন বছর শুরু ভারতের
নতুন বছরের শুরুটা জয় দিয়েই শুরু করল ভারত। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টানটান ম্যাচে হারাল শ্রীলঙ্কাকে। হার্দিক পাণ্ডিয়া দেশের মাটিতে ভারতকে এদিনই প্রথম নেতৃত্ব দিলেন। শেষ ওভারে ১৩ রানের পুঁজি নিয়ে অক্ষর প্যাটেলকে ডেকে জুয়াও খেললেন। তারপরেও বাজিমাত। অভিষেকে শুভমান গিল হতাশ করলেও দুরন্ত পারফরম্যান্স উপহার দিলেন শিবম মাভি। ম্যাচের সেরা দীপক হুডা।

রান তাড়া করতে নেমে অস্বস্তিতে শ্রীলঙ্কা
জয়ের জন্য ১৬৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬৮ রানে পাঁচ উইকেট হারায় শ্রীলঙ্কা। ১.৫ ওভারে পাথুম নিসঙ্কা (৩ বলে ১)-কে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেটটি পান শিবম মাভি। ১২ রানে প্রথম উইকেট হারানোর পর ৩.৫ ওভারে ২৪ রানে দ্বিতীয় উইকেট হারায় এশিয়া কাপ চ্যাম্পিয়নরা। ৬ বলে ৮ রান করে মাভির দ্বিতীয় শিকার ধনঞ্জয় ডি সিলভা। ৭.৫ ওভারে ৪৭ রানে পড়ে তৃতীয় উইকেট। ১৫ বলে ১২ রান করে আউট হন চরিথ আসালঙ্কা, এই উইকেটটি নেন উমরান মালিক। ৮.২ ওভারে ৫১ রানের মাথায় শ্রীলঙ্কা চতুর্থ উইকেট হারায়। ২৫ বলে ২৮ রান করে হর্ষল প্যাটেলের শিকার কুশল মেন্ডিস। ১০.৪ ওভারে দলগত ৬৮ রানে ভানুকা রাজাপক্ষ (১০ বলে ১১) হর্ষলের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন।

ভারতের জয় ২ রানে
এরপর ওয়ানিন্দু হাসারঙ্গাকে নিয়ে পরিস্থিতি সামাল দেন দাসুন শনাকা। ষষ্ঠ উইকেট জুটিতে ৪০ রান যোগ হওয়ার পর ওয়ানিন্দু হাসারঙ্গাকে প্যাভিলিয়নে ফেরান শিবম মাভি। হাসারঙ্গা ১০ বলে ২১ রান করেন একটি চার ও ২টি ছয়ের সাহায্যে। ১৫ ওভারের শেষে ভারতের স্কোর ছিল ৫ উইকেটে ১০১, শ্রীলঙ্কার ছিল ৬ উইকেটে ১১০। দাসুন শনাকা যেভাবে খেলছিলেন তাতে জয়ের আশা দেখছিল শ্রীলঙ্কা। ১৭তম ওভারের তৃতীয় বলে শনাকার বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন রিভিউ করে ভারত। রিপ্লে দেখতে অনেকটা সময় যায়, তবে রক্ষা পান শনাকা। কিন্তু পরের বলেই তিনি উমরান মালিকের শিকার। ম্যাচে সবচেয়ে জোরে বলটিতে শনাকার উইকেট তুলে নেন উমরান। ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগের বলটি খেলতে গিয়ে শনাকা (২৭ বলে ৪৫) চাহালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। শ্রীলঙ্কার সপ্তম উইকেট পড়ে ১২৯ রানে। শেষ ওভারে শ্রীলঙ্কার জিততে দরকার ছিল ১৩ রান। হার্দিক পাণ্ডিয়া নিজে বল না করে অক্ষর প্যাটেলকে ডাকেন। শ্রীলঙ্কা ২০ ওভারে ১৬০ রানে অল আউট। ভারতের জয় ২ রানে। চামিকা করুণারত্নে ১৬ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।

সফলতম মাভি
শিবম মাভি ভারতের সফলতম বোলার। তিনি চারটি উইকেট পেয়েছেন ৪ ওভারে মাত্র ২২ রান খরচ করে। অর্শদীপ সিং অসুস্থ থাকায় মাভির আজ অভিষেক হয়। আর সেটাই স্মরণীয় করে রাখলেন কেকেআরের প্রাক্তনী।তিনি এবার আইপিএলে খেলবেন গুজরাত টাইটান্সে। ভারতের জয়ের পর জানিয়েছেন, ৬ বছর ধরে এই দিনের অপেক্ষাতেই ছিলেন। মাঝে চোট পাওয়ায় স্বপ্নপূরণের বিষয়ে সন্দিহান হয়ে পড়েন। এদিন নিজের প্রথম ওভারে প্রথম উইকেটটিই তাঁর সর্বাধিক পছন্দের। উমরান মালিক ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে দুই উইকেট নেন। হর্ষল প্যাটেলও তুলে নিয়েছেন ২টি উইকেট, তবে ৪ ওভারে তিনি ৪১ রান খরচ করেন। অক্ষর প্যাটেল ৩ ওভারে ৩১ রান খরচ করেছেন, শেষ ওভারে চাপের মুখে দেন ১০ রান, কোনও উইকেট পাননি। হার্দিক পাণ্ডিয়া বোলিং ওপেন করে ৩ ওভারে ১২ রান দিয়েছেন। যুজবেন্দ্র চাহাল ২ ওভারে ২৬ রান দিয়ে উইকেট পাননি।

ব্যাটে বাজিমাত হুডা-অক্ষরের
এর আগে, টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। বিগত ম্যাচগুলিতে ওয়াংখেড়েতে রান তাড়া করা দলই বেশি ম্য়াচ জিতেছে। সেটা ভেবেই সম্ভবত শ্রীলঙ্কা প্রথমে ফিল্ডিং নেয়। কিন্তু হার্দিক পাণ্ডিয়া বলেন, প্রথমে ব্যাট করার চ্যালেঞ্জ নিয়ে জেতার পরিকল্পনা শুরু থেকেই ছিল ভারতের। ভারত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে। একটি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৩ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন দীপক হুডা। ২০ বলে অপরাজিত ৩১ রান অক্ষর প্যাটেলের। ঈশান কিষাণ ৩৭ ও হার্দিক পাণ্ডিয়া ২৯ রান করেন। বৃহস্পতিবার দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক ম্যাচ পুনেতে।












Click it and Unblock the Notifications