দেশের সর্বকনিষ্ঠ হিসেবে তিন ফরম্যাটেই খেলার নজির শেফালির
ভারতের সর্বকনিষ্ঠ মহিলা ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই খেলার নজির গড়লেন শেফালি ভার্মা। ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে আজ ব্রিস্টলে তিনি কেরিয়ারের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। যদিও অভিষেক ম্য়াচে বড় রান পাননি হরিয়ানার কন্যা শেফালি।

মহিলা ক্রিকেটে নজির
১৭ বছর ১৫০ দিনের মাথায় ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল শেফালি ভার্মার। ব্রিস্টলে খেলা শুরুর আগে তাঁর হাতে ইন্ডিয়া ক্যাপ তুলে দেন অধিনায়ক মিতালি রাজ। সেই ছবি বিসিসিআইয়ের টুইটারে পোস্ট করা হয়েছে। বিশ্বে মহিলা ক্রিকেটে শেফালির আগে এমন নজির রয়েছে ইংল্যান্ডের সারা টেলর ও অস্ট্রেলিয়ার এলিস পেরি-র।
ছবি- বিসিসিআই মহিলা দলের টুইটার

বিশ্ব ক্রিকেটে পঞ্চম
সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে পুরুষ ও মহিলাদের ক্রিকেট মিলিয়ে পঞ্চম স্থানে রইলেন শেফালি। সর্বকনিষ্ঠ হিসেবে তিন ফরম্যাটে খেলার নজিরের নিরিখে বিশ্বে এক নম্বরে রয়েছেন আফগানিস্তানের মুজিব উর রহমান, ১৭ বছর ৭৮ দিনের মাথায় তিনি টেস্ট, ওয়ান ডে ও টি ২০ আন্তর্জাতিক খেলার কৃতিত্ব অর্জন করেন। তাঁর পরেই রয়েছেন সারা টেলর (১৭ বছর ৮৬ দিন), অস্ট্রেলিয়ার এলিস পেরি (১৭ বছর ১০৪ দিন) ও পাকিস্তানের মহম্মদ আমির (১৭ বছর ১০৮ দিন)। তাঁদের পরেই স্থান করে নিলেন শেফালি।
ছবি- বিসিসিআই মহিলা দলের টুইটার

একদিনের আন্তর্জাতিক অভিষেকে ব্যর্থ
আজ ব্রিস্টলে টস হেরে ব্যাট করছে ভারত। ম্যাচের পঞ্চম ওভারের পঞ্চম বলে ১৪ বলে ১৫ রান করে আউট হন শেফালি। তিনটি বাউন্ডারি মেরেছেন। ক্যাথরিন ব্রান্টের শিকার হন দলের ২৩ রানের মাথায়। স্কোরবোর্ডে আর চার রান যোগ হওয়ার ফাঁকেই ফেরেন তাঁর ওপেনিং পার্টনার স্মৃতি মান্ধানা। ২৫ বলে ১০ রান করে আউট হন। এরপর দলের হাল ধরেন পুণম রাউত ও মিতালি রাজ।২৫.২ ওভারে দলের ৮৩ রানের মাথায় ৩২ রান করে আউট হন পুণম।

অন্য ফরম্যাটে
ইংল্যান্ডের ব্রিস্টলেই টেস্ট অভিষেক হয় শেফালির। সাত বছর পর টেস্ট খেলতে নেমে ইংল্যান্ডের মহিলা দলের বিরুদ্ধে মিতালি রাজের ভারত যে ফলো অনে বাধ্য হয়েও টেস্ট ড্র রাখতে পেরেছে তার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শেফালির। দুই ইনিংস মিলিয়ে তিনি ১৫৯ রান করেন, গড় ৭৯.৫০। প্রথম ইনিংসে আউট হয়েছিলেন ৯৬ রানে। চার রানের জন্য শতরান হাতছাড়া করলেও দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করেন তিনি। আউট হয়েছিলেন ৬৩ রানে। প্রথম ইনিংসে শতরানের পার্টনারশিপ গড়েছিলেন স্মৃতি মান্ধানার সঙ্গে। ২০১৯ সালের সেপ্টেম্বরে ভারতের হয়ে টি ২০ আন্তর্জাতিকে অভিষেক হয় শেফালির। ২২টি ম্য়াচে তিনটি অর্ধশতরান-সহ ৬১৭ রান করেছেন। সর্বাধিক ৭৩। স্ট্রাইক রেট ১৪৮.৩১।












Click it and Unblock the Notifications