IPL 2021: শিখর পেরোলেন সঞ্জু! সানরাইজার্সের সামনে ১৬৫ রানের টার্গেট রাখল রাজস্থান রয়্যালস
চলতি আইপিএলের শেষ চারে উঠে আসতে রাজস্থান রয়্যালসের পুঁজি ১৬৪ রান। দুবাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে সঞ্জু স্যামসন একা কুম্ভ রক্ষা করায় ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে এই রান তুলেছে রাজস্থান। এবারের আইপিএলে দ্বিতীয় অর্ধশতরানের সুবাদে দিল্লি ক্যাপিটালসের শিখর ধাওয়ানকে টপকে সর্বাধিক রানের মালিক হয়ে গেলেন রয়্যালস অধিনায়ক সঞ্জু। ১০ ম্যাচে তিনি ৪৩৩ রান করেছেন, একটি শতরান ও দুটি টানা অর্ধশতরানের সৌজন্যে।

(ছবি- বিসিসিআই/আইপিএল)
১.১ ওভারে মাথায় ব্যক্তিগত ৬ রানে আউট হয়েছিলেন এভিন লুইস। এরপর যশস্বী জয়সওয়ালকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৫৬ রান যোগ করেন সঞ্জু স্যামসন। ২৩ বলে ৩৬ রান করেন যশস্বী। লিয়াম লিভিংস্টোন চারে নেমে সফল হননি। চার রান করে রশিদ খানের শিকার হন। ১০.১ ওভারে ৭৭ রানে তৃতীয় উইকেট হারায় রাজস্থান রয়্যালস।
পাওয়ারপ্লে-র শেষে ৬ ওভারে রাজস্থান রয়্যালসের রান ছিল ১ উইকেটে ৪৯। ১৩.৪ ওভারে ১০০ রান হয় রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসন ও মহীপাল লমরের চতুর্থ উইকেটে জুটিতে ওঠে ৮৪ রান। এর সুবাদেই লড়াইয়ের জায়গায় পৌঁছে যায় রাজস্থান। ১০ ম্যাচে শিখর ধাওয়ান করেছেন ৪৩০ রান। এদিন সেই রান টপকে গেলেন সঞ্জু। আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭০ রানে অপরাজিত থেকেও দলকে জেতাতে পারেননি। এদিন রাজস্থান রয়্যালস অধিনায়ক করলেন ৫৭ বলে ৮২। সিদ্ধার্থ কৌলের শেষ ওভারের দ্বিতীয় বলে তিনি আউট হন। চতুর্থ বলে শূন্য রানে ফেরেন রিয়ান পরাগ। তবে ডেথ ওভারে কেন উইলিয়ামসনের দলের বোলাররা ভালো বোলিং করায় শেষ তিন ওভারে ১৮-র বেশি তুলতে পারেনি রাজস্থান। সিদ্ধার্থ কৌল সানরাইজার্সের সফলতম বোলার।












Click it and Unblock the Notifications