SA vs IND: দক্ষিণ আফ্রিকার কাছে হেরে রোহিত কাদের দিকে আঙুল তুললেন? বিদায়ী টেস্টে কেন নেতৃত্বে এলগার?
SA vs IND: দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের অপেক্ষা দীর্ঘতর হলো। ৩ জানুয়ারি থেকে কেপ টাউন টেস্ট। সেই টেস্ট ড্র হলে বা ভারত হেরে গেলে সিরিজ হেরেই ফিরতে হবে রোহিত শর্মাদের।
দ্বিতীয় ইনিংসে ভারত ৩৪.১ ওভারে মাত্র ১৩১ রানেই অল আউট হয়ে যায়। ফলে ইনিংস ও ৩২ রানে জয় ছিনিয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। টেস্ট হেরে স্বাভাবিকভাবেই হতাশ ভারত অধিনায়ক রোহিত শর্মা।

বৃষ্টিবিঘ্নিত টেস্ট শেষ হতে পুরো তিন দিনও লাগল না। দক্ষিণ আফ্রিকায় গতিময় পিচের অন্যতম সুপারস্পোর্ট পার্ক। সেখানে দক্ষিণ আফ্রিকার ঈর্ষণীয় ট্র্যাক রেকর্ড। ২০২১ সালে বক্সিং ডে টেস্টে এখানেই ভারত প্রোটিয়া-বধ সেরেছিল। কিন্তু তারপর দুটি টেস্ট হেরে সিরিজ হেরেই ফিরতে হয়েছিল।
রোহিত বলেন, আমরা ভালো খেলতে পারিনি। টস হারার পর ব্যাট করতে নেমে লড়াইয়ের মতো রানে পৌঁছেছিলাম। লোকেশ রাহুল অসাধারণ ব্যাটিং করেছেন। কিন্তু বল হাতে কন্ডিশনের ফায়দা তুলতে পারিনি। দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটিং খুবই খারাপ হয়েছে। বিরাট অনবদ্য ব্যাটিং করলেও টেস্ট জিততে সকলের ভালো খেলাটা জরুরি, যেটা আমরা পারিনি।
এখানে কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা বুঝে নিতে গোটা দল পর্যাপ্ত সময় হাতে রেখেই প্রোটিয়াদের দেশে পা রেখেছিল। তারপরও ব্যর্থতাই সঙ্গী হলো। রোহিতের কথায়, সকলেরই নিজস্ব কিছু পরিকল্পনা ছিল। তবে আমাদের ব্যাটাররা বিভিন্ন সময় চ্যালেঞ্জের মুখে পড়েছেন। আমরা মানিয়ে নিতে পারিনি। দুই ইনিংসে খারাপ ব্যাটিংয়েই এই ফল হয়েছে।
লোকেশ রাহুলের ব্যাটিংকে এই টেস্ট থেকে প্রাপ্তির মধ্যে রাখছেন রোহিত। তিনি বলেন, রাহুল দেখিয়েছেন এই ধরনের পিচে কী করণীয় তা দেখিয়েছেন রাহুল। আমি বোলারদের দিকে আঙুল তুলব না। কারণ, তাঁরা এখানে এর আগে বেশি খেলেননি। খেলায় এমন পরাজয় আসতেই পারে। রোহিত পরের টেস্টের আগে এককাট্টা হয়ে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর।
এদিকে, হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এই টেস্টে ব্যাট করতে পারেননি তেম্বা বাভুমা। ফলে ১০ জন ব্যাটার ব্যাটিং করেছেন। বাভুমা খেলতে নামলে ৮৪ রানে অপরাজিত মার্কো জানসেন টেস্ট কেরিয়ারের প্রথম শতরান পেতে পারতেন বলে অনেকেই হা-হুতাশ করছেন। বাভুমা এবার সিরিজের শেষ টেস্ট থেকেও ছিটকে গেলেন।
১৮৫ রান করা ডিন এলগার হলেন ম্যাচের সেরা। কেরিয়ারের বিদায়ী টেস্টে তিনিই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। নিশ্চিতভাবেই চাইবেন দেশকে টেস্ট সিরিজ জিতিয়েই অবসর নিতে। বিদায়ী সিরিজ দারুণভাবে উপভোগ করছেন। বোলারদের প্রশংসা করেছেন। বিশেষ করে রাবাডা ও নবাগত নান্দ্রে বার্গারের। যেভাবে ভারতের ২০ উইকেট তুলে নেওয়া সম্ভব হয়েছে তা তৃপ্তি দিচ্ছে এলগারকে। শেষ টেস্টে বাভুমার পরিবর্তে দলে এলেন জুবেইর হামজা।












Click it and Unblock the Notifications