SA vs IND 2nd ODI: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জেতার দ্বৈরথ! কিন্তু গন্তব্যের আগেই কেন দাঁত ভাঙল রাহুলদের?
SA vs IND 2nd ODI: জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে প্রথম একদিনের আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকাকে চূর্ণ করে আজই গেবেখায় পৌঁছেছে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারত।
কাল সেখানেই দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে জিতলে ভারত এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলবে। দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের বাকি দুটি ম্যাচই ডু অর ডাই।

অর্শদীপ সিং, মুকেশ কুমার ও আবেশ খানের পেস সামলাতেই প্রথম ম্যাচে নাস্তানাবুদ হয়েছে প্রোটিয়ারা। ১১৬ রানে প্রোটিয়াদের গুটিয়ে দেওয়ার পর ভারত বিরাট জয় ছিনিয়ে নিয়েছে। ৫০ ওভারের ম্যাচ, কিন্তু ২ ইনিংস মিলিয়েও ফয়সালা হতে ৫০ ওভার লাগেনি। ফলে আত্মবিশ্বাস সঙ্গী করেই ভারত নামবে।
গেবেখায় চার বছর পর কোনও ওডিআই হচ্ছে। হাই স্কোরিং ম্যাচ না হওয়ার সম্ভাবনাই বেশি। পরিসংখ্যান বলছে, বিগত ১২ বছরে এখানে আটটি ওডিআইয়ে ৩০০ রান কেউ তুলতে পারেনি। দক্ষিণ আফ্রিকার স্টেডিয়ামগুলির মধ্যে এখানে মন্থর পিচ হয়ে থাকে। বল তেমন লাফিয়ে ওঠে না। ফলে ভারতে সামনে সুবর্ণ সুযোগ।
শ্রেয়স আইয়ার সিরিজের বাকি দুটি ম্যাচে খেলবেন না। তাঁর জায়গায় ভারত খেলাতে পারে রজত পাটীদারকে। আবার অধিনায়ক লোকেশ রাহুল সিরিজ শুরুর আগে রিঙ্কু সিংয়ের ওডিআই অভিষেকের ইঙ্গিত দিয়েছিলেন। ভালো ফর্মে থাকা রিঙ্কু কাল সুযোগ পান কিনা সেদিকে সকলের নজর থাকবে। এ ছাড়া ভারতীয় দলে রদবদলের সম্ভাবনা নেই।
দক্ষিণ আফ্রিকাও খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটবে না। তবে জোহানেসবার্গে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া এইডেন মার্করামের নেতৃত্বাধীন দল। প্রথম একাদশ অপরিবর্তিত রাখতে পারে প্রোটিয়ারাও। বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। দিন-রাতের ম্যাচ ভারতীয় সময় বিকেল সাড়ে চারটেয় শুরু।
গেবেখার আগে নাম ছিল পোর্ট এলিজাবেথ। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্যে নামার আগে এই জায়গার ইংরাজি বানান দেখে নাম উচ্চারণ করতে গিয়ে বেশ বেগ পেতে হলো ভারতীয় ক্রিকেটারদের। জোহানেসবার্গ থেকে তাঁরা কোথায় যাচ্ছেন তা জানতে চাওয়া হয়েছিল রাহুল অ্যান্ড কোং-এর কাছে। বেশিরভাগই ডাহা ফেল।
কেউ আবার মজা করে পুরানো নামটি বলে দিলেন। সঞ্জু স্যামসন তো বলে দিলেন তিনি তিরুবনন্তপুরমে চলেছেন। রিঙ্কু সিং অভিষেকের অপেক্ষায়। তিনিও ঠিকঠাক উচ্চারণ করতে পারেননি এই নাম। পরে কয়েকজন কোচিং স্টাফ ও ক্রিকেটার সঠিক নাম উচ্চারণ করেন। সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল।
ভারতের সম্ভাব্য একাদশ- ঋতুরাজ গায়কোয়াড়, বি সাই সুদর্শন, তিলক বর্মা, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), সঞ্জু স্যামসন, রজত পাটীদার বা রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, আবেশ খান, কুলদীপ যাদব, মুকেশ কুমার।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ- রিজা হেন্ডরিকস, টনি ডি জোর্জি, রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার, আন্ডিল ফেহলাকওয়াইও, উইয়ান মুল্ডার, নান্দ্রে বার্গার, কেশব মহারাজ, তাবরেজ শামসি।












Click it and Unblock the Notifications