AUS vs IND: রোহিত ও বিরাট কি থাকবেন ইংল্যান্ড সফরের দলে? মূল্যবান পরামর্শ দিলেন প্রাক্তনরা
AUS vs IND: অস্ট্রেলিয়া সফরে চূড়ান্ত ব্যর্থ রোহিত শর্মা। পারথ টেস্টের শতরান বাদ দিলে বিরাট কোহলিও। আর তাতেই প্রশ্ন উঠছে তাঁদের ভবিষ্যৎ নিয়ে।
রোহিত শর্মা সিডনি টেস্টে না খেললেও জানিয়েছেন, এখনই অবসর নিচ্ছেন না। বিরাট কোহলি তো জসপ্রীত বুমরাহ চোট পেয়ে মাঠ ছাড়ার পর থেকে নেতৃত্ব দিচ্ছেন সিডনিতে।

জুনে ইংল্যান্ড সিরিজ দিয়েই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ সংস্করণের অভিযান শুরু করবে ভারত। তাতে বিরাট কোহলি ও রোহিত শর্মা থাকবেন কিনা সেটাই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পিটিআইকে প্রাক্তন জাতীয় নির্বাচকরা বলেছেন, আইপিএলের ফর্ম বা পারফরম্য়ান্সের ভিত্তিতে এই দুই তারকাকে টেস্ট দলে নেওয়া নির্বাচকদের পক্ষে কঠিন।
২৩ জানুয়ারি থেকে রঞ্জি ট্রফি ফের শুরু হচ্ছে। তবে বিরাট কোহলি এখনও রঞ্জি খেলার বিষয়ে কিছু জানাননি। দিল্লি রাজকোটে খেলবে সৌরাষ্ট্রের বিরুদ্ধে। ৩০ জানুয়ারি থেকে কোহলির রাজ্য দল দিল্লির খেলা রয়েছে রেলওয়েজের বিরুদ্ধে। তবুও জানুয়ারিতে এই ম্যাচগুলি খেলা জুনের টেস্ট সিরিজের পক্ষে পর্যাপ্ত নয়।
ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ও ওয়ান ডে সিরিজ খেলবে। ফলে বিরাট কোহলি যতই লন্ডনে বেশি থাকুন না কেন, আইপিএল শুরুর আগে অবধি ইংল্যান্ডেও কাউন্টি খেলার সুযোগ বা সময় বিশেষ পাবেন না বললেই চলে। এক যদি না, আইপিএল থেকে সরে দাঁড়িয়ে ইংল্যান্ড সিরিজের কথা ভেবে তিনি কাউন্টিতে মনোনিবেশ করেন। সেই সম্ভাবনাও কম।
কেন না, বিরাট নিজেই চাইছেন আরসিবির হয়ে অন্তত একবার আইপিএল খেতাব জিততে। তিনি আরসিবিকে নেতৃত্ব দিতে পারেন বলেও জল্পনা রয়েছে। তবে যেহেতু নামটা বিরাট কোহলি, ফলে তাঁকে বাদ দিয়ে ইংল্যান্ড সফরের দল বাছাই করা কঠিন। কিন্তু তাঁর যা ফর্ম তাতে প্রশ্ন থেকেই যাচ্ছে।
সঞ্জয় মঞ্জরেকর স্টার স্পোর্টসে বলেছেন, যদি বিরাট ও রোহিত তাঁদের টেস্ট কেরিয়ারকে দীর্ঘায়িত করতে চান, নির্বাচকদের পাশে পেয়ে আস্থা অর্জন করতে চান, তাহলে তাঁদের উচিত কাউন্টি খেলা। কারণ, ইংল্যান্ডেও অফ স্টাম্পের বাইরে বল স্য়ুইং করবে। রোহিত, বিরাট ইংল্যান্ডে টেস্ট খেলতে প্রস্তুত কিনা যাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কাউন্টিতে খেলে তাঁদের সেই বার্তা দেওয়া জরুরি। অবসর নেওয়া যেমন ব্যক্তিগত সিদ্ধান্ত, তেমনই কাউকে বাদ দেওয়ার অধিকার আছে নির্বাচকদের।
রোহিত শর্মাকে মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলার পরামর্শ দিয়েছেন সুনীল গাভাসকর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সানি বলেন, খুব বেশি চার দিনের ম্য়াচ বাকি নেই। ফলে মুম্বই রঞ্জির নক আউটে গেলে রোহিত কিছু ম্যাচ পেতে পারেন।
গাভাসকরের কথায়, যাঁরা আগের ম্যাচগুলিতে খেলেছেন, দলকে এগিয়ে নিয়ে যেতে পারফর্ম করেছেন, রোহিতকে জায়গা করে দিতে তাঁদের কারও বাদ পড়া সঠিক মনে না হতে পারে। তবে ভারতীয় ক্রিকেটের স্বার্থে সেটা করা উচিত। রোহিতকে জায়গা করে দিলে তিনি পিচে সময় কাটানোর সুযোগ পাবেন। ১৫-২০ ওভার বা ৩৫ ওভার খেলা কিংবা ৫০ ওভারের ম্য়াচ খেলার চেয়েও জরুরি সারাদিন ব্যাট করা। অন্তত সাড়ে চার-পাঁচ ঘণ্টা ব্যাট করা। বড় রান পেলে তা টেস্ট খেলার বিষয়ে আত্মবিশ্বাস বাড়াবে।












Click it and Unblock the Notifications