Rohit Sharma: জন্মদিনে বিরাট সুখবর! রোহিতের অধিনায়কত্বেই আস্থা, ইংল্যান্ড সফর নিয়ে কী প্ল্যান?
Rohit Sharma: রোহিত শর্মার আজ জন্মদিন। এদিনই সামনে এলো এমন খবর যা হিটম্য়ান ভক্তদের উল্লসিত করতে পারে। রোহিতই ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন।
বিসিসিআই সূত্র উদ্ধৃত করে এমনই দাবি করেছে একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিক। ভারতের টেস্ট দলের আগে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় এ দল। দুই দল মিলিয়ে থাকতে পারেন প্রায় ৩৫ জন।

অস্ট্রেলিয়া সফরের পর রোহিত টেস্ট খেলবেন কিনা তা নিয়ে চর্চা চলছিল। জানা যাচ্ছে, মে মাসের দ্বিতীয় সপ্তাতেই ইংল্যান্ড সফরের জন্য টেস্ট ও ভারতীয় এ দল বেছে নেওয়া হবে। ভারতীয় দলে খুব বড়সড় রদবদলের সম্ভাবনা নেই।
যদিও মিডল অর্ডারে পাঁচ বা ছয় নম্বরের জন্য এমন কাউকে খোঁজা হচ্ছে যাতে ব্যাটিং লাইন আপ আরও শক্তিশালী হয়। ফলে রজত পাটীদার ও করুণ নায়ারের নাম বিবেচিত হচ্ছে। তাঁদের মধ্যে একজন সুযোগ পেতে পারেন। দুজনেই ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট সফল।
আইপিএল শেষ হচ্ছে মে মাসের ২৫ তারিখ। তার এক সপ্তাহ পরেই ইংল্যান্ডে ভারতীয় এ দলের সিরিজ শুরু। ফলে ভারতীয় এ দলে রাখা হতে পারে করুণ ও রজতকে। যদিও সূত্রের দাবি, প্রাথমিকভাবে যে ক্রিকেটারদের কথা মাথায় রাখা হচ্ছে তাতে নেই শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেলের নাম।
বিসিসিআই সূত্র উদ্ধৃত করে প্রতিবেদনে লেখা হয়েছে, রোহিতই ইংল্যান্ডে নেতৃত্ব দেবেন। কারণ, বোর্ড মনে করছে অস্ট্রেলিয়ার চেয়েও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ইংল্যান্ডে। ফলে শক্তিশালী একজন অধিনায়ককে রাখা উচিত।
মিডল অর্ডারে সরফরাজ খানকে নাও দেখা যেতে পারে। তাঁর প্রতি আস্থা হারিয়েছে টিম ম্যানেজমেন্ট। শ্রেয়স আইয়ার ইংল্যান্ড সফরের টেস্ট দলে থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। রবিচন্দ্রন অশ্বিনের অবসরের পর কুলদীপ যাদবকে ইংল্যান্ড সফরের দলে রাখতে পারেন নির্বাচকরা।
সাই সুদর্শন হতে পারেন তৃতীয় ওপেনার। ট্রাভেলিং রিজার্ভ হিসেবে বেশ কয়েকজনকে রাখা হবে। জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামির ব্যাক-আপ পেসাররা যেমন থাকবেন, তেমনই স্পিনারদেরও ট্রাভেলিং রিজার্ভদের তালিকায় দেখা যেতে পারে। মহম্মদ সিরাজ, নাকি অন্য কেউ তৃতীয় পেসার হবেন তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। টেস্ট দলের ক্রিকেটারদের অন্তত একটি ম্যাচে ভারতীয় এ দলের হয়ে খেলতে দেখা যাবে বলেই খবর। উল্লেখ্য, ইংল্যান্ড সফর থেকেই শুরু হচ্ছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসন্ন সংস্করণে ভারতের চ্যালেঞ্জ।












Click it and Unblock the Notifications