Rinku Singh: বাবা, মা-কে বিরাট উপহার রিঙ্কুর, ভারতীয় ক্রিকেটারের আবেগতাড়িত পোস্ট ভাইরাল
আয়ারল্যান্ডে অভিষেক সফরেই টিম ইন্ডিয়ার জার্সিতে নজর কেড়েছেন রিঙ্কু সিং। দুটি ম্যাচ খেললেও একটি ম্যাচেই ব্যাট করার সুযোগ পেয়েছেন। কিন্তু সেই ম্যাচেই নিজের পারফরম্যান্সের সৌজন্যে জিতে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। বাড়িতে ফিরে মা বাবাকেও বিরাট উপহার দিলেন আলিগড়ের ক্রিকেটার।
ভারতে এসে নিজের উত্তরপ্রদেশের বাড়িতে তাঁর বাবা ও মাকে ভারতীয় দলের জার্সি পরিয়েছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন ভারতীয় দলের এই ক্রিকেটার। এমন আবেগময় পোস্ট রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে।

ভারতীয় দলের হয়ে খেলে রিঙ্কু তার বাবা এবং মা-কে জাতীয় দিলের জার্সি উপহার দিয়েছেন। দু'জনের মুখেই আজ হাসি। দুই জনেই জানেন, ছেলে পেরেছে! ছেলে নিজের স্বপ্ন পূরণ করেছে।
রিঙ্কু এই ছবি সমাজ মাধ্যমে পোস্ট করে, 'যাদের জন্য এই সব কিছু শুরু হয়েছে। যেখানে এইসব কিছু শুরু।' তার এই আবেগঘন পোস্ট রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে।
রিঙ্কুর উত্থান কাহিনি রূপকথার মতোই। আলিগড়ে একটা স্কুল টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার পর পুরস্কার হিসেবে একটা স্কুটি পেয়েছিলেন রিঙ্কু সিং। সেই স্কুটি তিনি তার বাবাকে উপহার দিয়েছিলেন। যাতে গ্যাস সিলিন্ডার ডেলভারি করতে সুবিধা হয়! কানপুরে একটা কলেজ টুর্নামেন্ট খেলতে যাওয়ার জন্য রিঙ্কুর কাছে পর্যাপ্ত টাকা ছিল না!
কিন্তু, ক্রিকেট খেলার প্রতি তাঁর যে ভালোবাসা ছিল, সেখানে কখনও ভাঁটা পড়তে দেননি। ২০১৮ সালে রিঙ্কুর এই কঠোর পরিশ্রম অবশেষে সাফল্যের স্বাদ পেতে শুরু করে। কলকাতা নাইট রাইডার্স তাঁকে ৮০ লাখ টাকার বিনিময়ে দলে টেনে নেয়। আর এখান থেকে রিঙ্কুকে আর কোনওদিন পিছন ফিরে তাকাতে হয়নি।

২০২৩ আইপিএল টুর্নামেন্টে এক ওভারে ৫ ছক্কা হাঁকিয়ে কেকেআর ব্রিগেডকে জেতানোর পর রাতারাতি সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন। এরপর আয়ারল্যান্ড সফরে আন্তর্জাতিক-২০ ক্রিকেটে ডেবিউ করেন। এরপর এশিয়ান গেমসেও ভারতীয় দলের হয়ে খেলবেন।












Click it and Unblock the Notifications