কোহলির প্রশংসায় পঞ্চমুখ হ্যাডলি, দরাজ সার্টিফিকেট বিশেষ গুণকে
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এক নম্বর দল বিরাট কোহলির ভারতের সামনে দুইয়ে থাকা কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। ১৮ জুন থেকে সেই ফাইনালের দিকে তাকিয়ে ক্রিকেটবিশ্ব। এরই মধ্যে দুই অধিনায়ককে নিয়ে চর্চা অব্যাহত। বিরাট ও কেন দুজনের বিরুদ্ধেই খেলার অভিজ্ঞতা থাকা ঋদ্ধিমান সাহা ওয়ানইন্ডিয়া বাংলাকে বলেছিলেন, কেন শান্ত স্বভাবের। মাথা গরম করতে দেখা যায় না। তবে কোহলি সব সময় এক্সাইটেড থাকেন। ভালো ক্যাচ বা রান আউট হলে বিরাটের সেই আবেগের বহিঃপ্রকাশ দেখা যায়। এভাবেই সতীর্থদের থেকে তিনি সেরাটা বের করে আনেন। বিরাটের আগ্রাসী মনোভাবের প্রশংসা এবার শোনা গেল নিউজিল্যান্ডের কিংবদন্তি প্রাক্তন অলরাউন্ডার স্যর রিচার্ড হ্যাডলির গলায়।

আগ্রাসী বিরাট
মাঠের মধ্যে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে যে আগ্রাসীভাবে দেখা যায়, সব সময় উত্তেজিত থাকতে দেখা যায়, তাঁর এই বহিঃপ্রকাশের প্রশংসা করেছেন হ্যাডলি। এক জাতীয় স্তরের সংবাদপত্রকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, আমার চোখে বিরাট কোহলি একজন দারুণ আবেগপ্রবণ ক্রিকেটার। নিজের ও দলের সাফল্যের জন্য দারুণ ইচ্ছাশক্তিকে সম্বল করে তিনি প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা নিয়ে যেভাবে নামেন তার প্রশংসা করতেই হয়। বিরাট একজন গর্বিত ক্রিকেটার, বিশ্বমানের ক্রিকেটার, যাঁর খেলা দেখতে সব সময় ভালো লাগে।

চাপ সামলে
বিরাট কোহলিকে সব সময় চাপ নিয়েই যে মাঠে নামতে হয় সেটাও অনুভব করছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার হ্যাডলি। তাঁর কথায়, অকল্পনীয় চাপ ও জয়ের প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে বিরাট দল নিয়ে মাঠে নামেন। কোটি কোটি ক্রীড়াপ্রেমী তাঁকেই আদর্শ মানেন। ফলে আমি উপলব্ধি করতে পারি বিরাটের উপর সেই চাপ কতটা থাকে। সব ধরনের খেলাতেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই থাকে। তার মধ্যেই বিপক্ষের চেয়ে এগিয়ে থেকে জয়ের পথ বের করাটাই আসল ব্যাপার।

সেয়ানে-সেয়ানে লড়াই
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোনও দলকেই এগিয়ে রাখতে পারছেন না রিচার্ড হ্যাডলি। তিনি বলেন, এটা ঠিক এই ম্যাচই নির্ধারণ করে দেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দলকে। তবে আমার ধারণা ফাইনালকে বাড়তি গুরুত্ব দিয়ে কোনও দলই নিজেদের বাড়তি চাপ রাখতে চাইবে না। নিরপেক্ষ মাঠে খেলা হচ্ছে, কারও হোম অ্যাডভান্টেজ নেই। এই অবস্থায় যে ভালো খেলবে সেই দলই জিতবে। দুই দলই ধারাবাহিকভাবে ভালো খেলে এসেছে। ফাইনালেও তাই লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই আমার আশা।

ফারাক গড়বেন বোলাররা
রিচার্ড হ্যাডলি বলেন, ইংল্যান্ডে ভালো খেলতে হলে দ্রুত পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে। আবহাওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যদি ঠাণ্ডা থাকে তাহলে তা নিউজিল্যান্ডকে বাড়তি সুবিধা দেবে। দুই দলের বোলাররাই ডিউক বলে খেলা উপভোগ করবেন। বিশেষ করে জেনুইন স্যুইং বোলাররা। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসনরা ডিউক বলে ভালো স্যুইং করাতে পারেন। সিম আর স্যুইং এই দুটি বিষয়ই ইংল্য়ান্ডের মাটিতে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষার মুখে ফেলবে। কে জিতবে তাই সেটা এখনই বলা মুশকিল।












Click it and Unblock the Notifications