মহিলাদের টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে পরাস্ত হরমনপ্রীতের ভারত, রেণুকা-রিচা-মান্ধানাদের লড়াই ব্যর্থ
মহিলাদের টি ২০ বিশ্বকাপে আজ ইংল্যান্ডের কাছে হেরে গেল ভারত। বল হাতে ৫ উইকেট নিলেন রেণুকা সিং। স্মৃতি মান্ধানার অর্ধশতরান ও রিচা ঘোষের অপরাজিত ৪৭ রানেও জিততে পারল না ভারত।
মহিলাদের টি ২০ বিশ্বকাপে প্রথম পরাজয়ের সম্মুখীন ভারত। আজ হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দলকে ১১ রানে হারিয়ে দিল ইংল্যান্ডের মহিলা দল। বল হাতে রেণুকা সিংয়ের বিধ্বংসী বোলিং কিংবা ব্যাট হাতে স্মৃতি মান্ধানা, রিচা ঘোষের মরিয়া লড়াই ব্যর্থই হলো।

গকেবেরহা (পূর্বতন পোর্ট এলিজাবেথ)-এর সেন্ট জর্জেস পার্কে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান হরমনপ্রীত। প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান তোলে হিদার নাইটের নেতৃত্বাধীন ইংল্যান্ড। পাঁচটি চারের সাহায্যে ন্যাট-সিভার ব্রান্ট ৪২ বলে ৫০ রান করেন। তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৭ বলে ৪০ রানের ইনিংস খেলেন অ্যামি জোন্স। ভারতের সফলতম বোলার রেণুকা সিং ৪ ওভারে ১৫ রান দিয়ে ৫ উইকেট নেন। শিখা পাণ্ডে ও দীপ্তি শর্মা একটি করে উইকেট নেন। ২ ওভারে ২৪ রান দেন পূজা বস্ত্রকার, রাজেশ্বরী গায়কোয়াড় ও শেফালি ভার্মা ১ ওভার করে হাত ঘুরিয়ে যথাক্রমে ১২ ও ১১ রান দেন। এটাই শেষে ভারতের পরাজয়ের অন্যতম ফ্যাক্টর হয়ে দাঁড়াল। ১১ ওভারে যেখানে ইংল্যান্ডের স্কোর ছিল ৪ উইকেটে ৮০, সেখানে ২০ ওভারে স্কোর দাঁড়ায় ১৫১।
জবাবে খেলতে নেমে ভারত ১০.২ ওভারে ৬২ রানে তিন উইকেট হারায়। শেফালি ভার্মা ১১ বলে ৮, জেমাইমা রডরিগেজ ১৬ বলে ১৩ ও হরমনপ্রীত কৌর ৬ বলে ৪ রান করেন। এরপর দলকে টেনে নিয়ে যেতে থাকেন স্মৃতি মান্ধানা ও রিচা ঘোষ। সাতটি চার ও একটা ছক্কা হাঁকিয়ে ৪১ বলে ব্যক্তিগত ৫২ রানে ফেরেন স্মৃতি। এরপর যোগ্য সঙ্গতের অভাব সামলে একার কাঁধেই রান তাড়ার দায়িত্ব কার্যত নিয়ে নেন রিচা ঘোষ। তবে শেষরক্ষা হয়নি। ২০ ওভারে ভারতের মহিলা দল ৫ উইকেটে ১৪০ রানের বেশি তুলতে পারেনি। রিচা দুরন্ত ফর্ম অব্যাহত রেখে এদিন অপরাজিত থাকলেন ৩৪ বলে ৪৭ রানে। চারটি চার ও ২টি ছয় মেরেছেন। দীপ্তি শর্মা ৭ রান করেন। পূজা অপরাজিত থাকেন ২ রানে।
এই জয়ের ফলে গ্রুপ বি-র শীর্ষে থাকা ইংল্যান্ডের ঝুলিতে রয়েছে ৩ ম্যাচে ৬ পয়েন্ট। ভারত রয়েছে দুইয়ে, পয়েন্ট ৪। ওয়েস্ট ইন্ডিজ ৩ ম্যাচে ২ পয়েন্ট পেয়েছেন, পাকিস্তানের রয়েছে ২ ম্যাচে ২ পয়েন্ট। ভারতের শেষ ম্যাচ একটিও ম্যাচে জিততে না পারা আয়ারল্যান্ডের বিরুদ্ধে। হরমনপ্রীত বলেন, আমাদের শুরুটা ভালো হয়েছিল। তবে মাঝের ওভারগুলিতে পরিকল্পনামতো বোলিং হয়নি। তাতেই মোমেন্টাম হারিয়ে ফেলি। ব্যাটিংও খারাপ হয়নি, তবে দুর্ভাগ্যজনকভাবে জয়ের জন্য প্রয়োজনীয় রান রেট বজায় রাখা যায়নি। রেণুকার বোলিংয়ের প্রশংসা করেছেন হরমনপ্রীত। ভারত অধিনায়ক আরও বলেন, বৃষ্টি নামার সময় ডিএলএস অনুযায়ী আমরা ১০-১২ রান পিছিয়ে ছিলাম। তবে মান্ধানা ও ঘোষ তা পূরণ করে দেবেন, বিশ্বাস ছিল। রান তোলার গতি বাড়াতে গিয়েই জেমাইমা ও তাঁর উইকেট পড়েছে বলে দাবি হরমনপ্রীতের। সোমবার আইরিশদের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের।












Click it and Unblock the Notifications