এশিয়া কাপ থেকে ছিটকে দিয়েছিল হাঁটুর চোট, সফল অস্ত্রোপচারের পর জাদেজার মাঠে ফেরার সময়সীমা নিয়ে চর্চা
এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষেই ছিটকে যান রবীন্দ্র জাদেজা। ভারতীয় অলরাউন্ডারকে দীর্ঘদিন ধরে ভোগাচ্ছিল হাঁটুর চোট। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের পর সেই সমস্যা আরও বেড়ে যায়। এরপরই জাদেজার পরিবর্ত হিসেবে ডেকে নেওয়া হয় অক্ষর প্যাটেলকে। আজ জাদেজা ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, তাঁর চোট সারাতে সফল অস্ত্রোপচার হয়েছে।

অপারেশনের পর রিহ্যাবের অপেক্ষা
দুটি ছবি পোস্ট করে জাড্ডু আরও জানিয়েছেন, দ্রুতই রিহ্যাব শুরু হবে। যত দ্রুত সম্ভব তিনি ক্রিকেট মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন। এখন সবথেকে বড় প্রশ্ন হলো, এই অপারেশনের পর মাস দেড়েকের মধ্যেই তিনি টি ২০ বিশ্বকাপে খেলার জন্য ফিট হতে পারবেন কিনা। চলতি এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের জয় নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রবীন্দ্র জাদেজা। হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে দুরন্ত পার্টনারশিপও গড়েছিলেন। ওই ম্যাচে জাদেজা বল হাতে ২ ওভারে ১১ রান দেন। এরপর ১৪৮ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ভারতের শুরুটা যখন নড়বড়ে হয়, তখন চারে নামা জাদেজা দায়িত্বশীল ইনিংস খেলেন। ২৯ বলে করেছিলেন ৩৫। আউট হন শেষ ওভারে, ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়ে।

এশিয়া কাপেও ছন্দে ছিলেন
হংকংয়ের বিরুদ্ধে সর্বাধিক রান করা বাবর হায়াতের উইকেটটি পেয়েছিলেন। ৪ ওভারে মাত্র ১৫ রান দেন। তবে এরপরই তিনি এশিয়া কাপ থেকে ছিটকে যান। হাঁটুর চোট তাঁকে ভুগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফরেও। যে কারণে ক্যারিবিয়ান সফরে তিনি একদিনের সিরিজ খেলতে পারেননি। এশিয়া কাপে জাদেজার পরিবর্ত হিসেবে ডাক পাওয়া অক্ষর প্যাটেল একটি ম্যাচেও সুযোগ পাননি। দীপক হুডাকে খেলানো হচ্ছে। জাদেজার যে চোট রয়েছে তাতে বিশেষজ্ঞদের আশঙ্কা, কয়েক মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। তার উপর অস্ত্রোপচার হলো। অক্টোবরের ২৩ তারিখ টি ২০ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। তার আগে জাদেজা ফিট হবেন কিনা সেটাই বড় প্রশ্ন।

দ্রাবিড় সময় নিচ্ছেন
ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় অবশ্য এশিয়া কাপ থেকে জাদেজা ছিটকে যাওয়ার পর গত শনিবার বলেছিলেন, বিশ্বকাপ শুরু হতে এখনও অনেক দেরি রয়েছে। ফলে এখনই বলা উচিত নয় যে জাদেজা বিশ্বকাপে খেলতে পারবেন না। দেখা যাক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়। চোট খেলারই অঙ্গ। আমাদের কাজ হলো তা ম্যানেজ করা। রিহ্যাব এবং চোট কতটা গুরুতর সেটার উপরই সব কিছু নির্ভর করে। ফলে চিত্র পরিষ্কার না হওয়া অবধি বলব না জাদেজা টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন কিংবা তাঁকে নিয়ে কোনও মন্তব্য করাই এখন সমীচীন নয়।

বিশ্বকাপের দলে কি রাখা হবে?
বিশ্বকাপ এখনও ছয়-সাত সপ্তাহ দূরে। কয়েক দিনের মধ্যেই টি ২০ বিশ্বকাপের দল ঘোষণা। তখনই স্পষ্ট হবে জাড্ডু খেলতে পারবেন কিনা। তাঁর রিহ্যাবে কতটা উন্নতি হচ্ছে বা চিকিৎসকরা কী বলছেন সব কিছুর উপরই জাদেজার বিশ্বকাপে থাকা বা না থাকা নির্ভর করবে। তবে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে মনে করা হচ্ছে, জাদেজার খেলার সম্ভাবনা নেই বললেই চললে। এশিয়া কাপে ভারত ফাইনাল উঠলে আরও দুটি ম্যাচ বাকি থাকবে। তারপর দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি করে ম্যাচ বাকি। ফলে জাদেজা যদি টি ২০ বিশ্বকাপে না খেলতে পারেন তাঁর পরিবর্তকেও বেছে নেওয়ার সুযোগ থাকবে এই ম্যাচগুলিতেই।
(ছবি- রবীন্দ্র জাদেজার ইনস্টাগ্রাম)












Click it and Unblock the Notifications