Ravindra Jadeja: টি২০ বিশ্বকাপ জিতেই বড় ঘোষণা রবীন্দ্র জাদেজার! বিরাট, রোহিতের পরেই নিলেন অবসর
Ravindra Jadeja: টি২০ বিশ্বকাপ জেতার পর রবীন্দ্র জাদেজা তৃতীয় ভারতীয় ক্রিকেটার যিনি টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করে দিলেন। বিরাট কোহলি ও রোহিত শর্মার পর।
বিরাট কোহলি ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে এবং রোহিত শর্মা সাংবাদিক বৈঠকে গিয়ে টি২০ আন্তর্জাতিককে বিদায়ের কথা জানিয়েছিলেন। জাদেজা সিদ্ধান্ত জানাতে বেছে নিলেন ইনস্টাগ্রামকে।

২০২৬ সালে দেশের মাটিতে টি২০ বিশ্বকাপ দখলে রাখার চ্যালেঞ্জ নিয়ে নামবে ভারত। সেই লক্ষ্যে আগামী মাস থেকেই প্রস্তুতি শুরু হয়ে যাবে ভারতের। জিম্বাবোয়ে সিরিজে আইপিএলে নজরকাড়া একঝাঁক নতুন ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে। তারপর এসে যাবেন নতুন হেড কোচও। ফলে এই সময়েই একে একে সরে দাঁড়াচ্ছেন সিনিয়ররা।
টি২০ আন্তর্জাতিক থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে জাড্ডু ইনস্টাগ্রামে লিখেছেন, অবিচল ঘোড়া যেমন গর্বের সঙ্গে দৌড়ায় তেমনই আমি বরাবর দেশের হয়ে নিজের সেরাটা দিয়েছি এবং অন্যান্য ফরম্যাটে সেই ধারা জারি রাখব। টি২০ বিশ্বকাপ জেতার স্বপ্নপূরণ হয়েছে। যা আমার কাছে টি২০ আন্তর্জাতিক কেরিয়ারের চূড়ায় পৌঁছনোর সামিল। নানা স্মৃতি, বিপুল উৎসাহ ও সমর্থন পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান জাদেজা।
জাদেজার বয়স এখন ৩৫। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর টি২০ আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। ৭৪টি টি২০ আন্তর্জাতিকে ৫১৫ রান করেছেন, সর্বাধিক স্কোর অপরাজিত ৪৬। ৫৪ উইকেট তুলে নিয়েছেন, সেরা বোলিং ১৫ রানে ৩ উইকেট।
এবারের টি২০ বিশ্বকাপে সব ম্যাচেই খেলেছেন জাদেজা। পাকিস্তানের বিরুদ্ধে শূন্য, আফগানিস্তানের বিরুদ্ধে ৭, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ৯, ইংল্যান্ড ম্যাচে অপরাজিত ১৭ ও ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ রান করেন। আফগানিস্তানের বিরুদ্ধে ২০ রান দিয়ে ১টি উইকেট পান। আমেরিকা ম্য়াচ বাদে সব কটিতেই তিনি বোলিং করেছেন।
ভারতীয় দলের হয়ে তিন ফরম্যাটে যে ক্রিকেটাররা নিয়মিত খেলেছেন তাঁদের মধ্যে জাদেজা অন্যতম। এখনও অবধি ৭২টি টেস্ট ও ১৯৭টি ওডিআইয়ে নেমেছেন ভারতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার। ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের জার্সিতে এবং বাকি তিনবার চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেতাব জেতার অভিজ্ঞতাও রয়েছে স্যর জাদেজার।












Click it and Unblock the Notifications