টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেলেন জাদেজা, ভারতের প্রথম একাদশেও পরিবর্তনের হাওয়া
অক্ষর প্যাটেলের ফিট হয়ে নেটে ফেরা ভারতীয় টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিয়েছে। কিন্তু তার মধ্যেই ফের দুঃসংবাদ। প্রথম দুটি টেস্টের পর এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা। সিডনি টেস্ট চলাকালীন বাঁ হাতের বুড়ো আঙুলে চোট লাগায় ব্রিসবেন টেস্টও খেলতে পারেননি তিনি। গত ১২ জানুয়ারি তিনি টুইটারে নিজের ছবি পোস্ট করে লিখেছিলেন, সার্জারি হল। খুব শিগগিরই মাঠে ফিরব। এরপর সিডনির এক বিশেষজ্ঞর পরামর্শে তাঁকে শুশ্রূষার জন্য পাঠানো হয়েছিল বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে। প্রথম দুটি টেস্টের ঘোষিত দলে স্বাভাবিকভাবেই ছিলেন না। তবে মনে করা হচ্ছিল আমেদাবাদে শেষ দুটি হয়তো খেলতে পারবেন। সরকারিভাবে কিছু এখনও বোর্ডের তরফে জানানো না হলেও বিসিসিআই সূত্রেই খবর, জাদেজা এই সিরিজে খেলতে পারবেন না।

ম্যাচ ফিট হলে জাদেজাকে আগেভাগেই আমেদাবাদ পৌঁছাতে হত কোয়ারান্টিনে থাকার জন্য। কিন্তু জানা গিয়েছিল, যত দ্রুত তিনি ফিট হয়ে যাবেন বলে আশা করা হচ্ছিল তার চেয়ে কিছু বেশি সময় লাগবে। তাই চলতি টেস্ট সিরিজে জাদেজার খেলা সম্ভব হবে না। জাদেজা অবশ্য বেশ মেজাজেই রয়েছেন। ৮ ফেব্রুয়ারি দুপুরে তিনি টুইটারে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, গির জাতীয় উদ্যানে রোড ট্রিপে জীবনের সেরা অভিজ্ঞতা হল। জাদেজার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছে সিংহের দল। ওইদিন সন্ধ্যায় তিনি নিজের আন্তর্জাতিক কেরিয়ারের বেশ কিছু ছবির কোলাজ দিয়ে লিখেছেন, আন্তর্জাতিক অভিষেকের পর ১২ বছর কেটে গেল। তবে এখনও মনে হয় তা যেন গতকালের ঘটনা।
অক্ষর প্যাটেল ফিট হওয়ায় অলরাউন্ডার হিসেবে তিনি ফের ভারতের প্রথম একাদশে ফিরছেন, এটা নিশ্চিত। ওয়াশিংটন সুন্দর ব্যাটিং ভালো করলেও তাঁর এবং শাহবাজ নাদিমের বোলিং খুশি করতে পারেনি ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট মনে করছে, সুন্দরের আসল কাজ বোলিং করা। তাঁকে ঘিরে যতটা প্রত্যাশা ছিল, তা তিনি পূরণ করতে পারেননি। ফলে দ্বিতীয় টেস্টে অশ্বিন ও অক্ষরের খেলা নিশ্চিত। বাকি থাকছে একটা জায়গা। চায়নাম্যান কুলদীপ যাদবকে খেলানোর দাবি জোরালো হলেও তা এখনও নিশ্চিত নয়। নাদিম বাদ পড়লেও কুলদীপকে টপকে প্রথম একাদশে চলে আসতে পারেন রাহুল চাহারও। তিনিও টিম ম্যানেজমেন্টের ভাবনায় রয়েছেন। যদিও সবার আগে গুরুত্ব পাবে অধিনায়ক বিরাট কোহলির মতামত।
চেন্নাই টেস্টে স্লো উইকেট খুশি করতে পারেনি ভারতীয় দলকে। বল ক্যারি হচ্ছিল না, থমকে ব্যাটে আসছিল। ফলে দ্বিতীয় টেস্টে কোন উইকেট অপেক্ষায় আছে সেদিকে সকলের নজর। আগের টেস্টের উইকেটের পাশে যে উইকেটগুলি রয়েছে তাতে গতকাল অবধি ঘাস দেখা গিয়েছে। স্পোর্টিং উইকেটে খেলার পরামর্শ দিচ্ছেন অনেকে। তবে চেন্নাইয়ে ক্রিকেটের সঙ্গে যুক্তরা মনে করছেন, উইকেটের চরিত্রগত বিশাল ফারাক দ্বিতীয় টেস্টে দেখা যাবে, এমন ভাবা ঠিক হবে না।












Click it and Unblock the Notifications