Ranji Trophy: রঞ্জি ট্রফির সেমিফাইনালের আগে বড় ধাক্কা মুম্বইয়ের, চোট ছিটকে দিল যশস্বীকে
Ranji Trophy: রঞ্জি ট্রফির সেমিফাইনালের আগে বড় ঝটকা খেল মুম্বই। কাল থেকে নাগপুরের জামঠায় বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে শুরু বিদর্ভ বনাম মুম্বই দ্বৈরথ।
তার আগে গোড়ালির যন্ত্রণা নিয়ে ছিটকে গেলেন যশস্বী জয়সওয়াল। তাঁর গোড়ালির চোট কতটা গুরুতর তা খতিয়ে দেখা হবে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে।

একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদনে উল্লেখ, বাঁ পায়ের গোড়ালিতে চোট রয়েছে যশস্বীর। গতকালও তিনি নাগপুরে মুম্বইয়ের অনুশীলনে ছিলেন। ফিল্ডিং করছিলেন। কিন্তু এরপর যখন নেটে ব্যাট করতে যান তখনই তাঁর অস্বস্তি লক্ষ্য করা যায়।
জানা যাচ্ছে, পুরানো চোটই ভোগাতে শুরু করেছে যশস্বীকে। উল্লেখ্য, যশস্বী প্রথমে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে ছিলেন। নাগপুরেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই অভিষেক হয় যশস্বীর। তবে সুবিধা করতে পারেননি। এরপরই দলের কম্বিনেশনের কারণে বাদ পড়েন।
গতকালই ভারতীয় দল দুবাই গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে। এই টুর্নামেন্টের দল থেকে বাদ পড়ার পর ঠিক হয়, যশস্বী রঞ্জি ট্রফিতে বিদর্ভের বিরুদ্ধে সেমিফাইনালে খেলবেন। তবে সেই ম্যাচ থেকেও ছিটকে গেলেন। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যশস্বীর নাম রয়েছে নন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে। সেখানে অন্য কারণ নাম ঘোষণা করতে পারেন নির্বাচকরা।
যশস্বী আজই বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে যাবেন। সেখানেই তাঁর চোট সারানোর প্রক্রিয়া চলবে। যশস্বী মুম্বইয়ের দল থেকে ছিটকে গেলেও তাঁর পরিবর্ত নাও ঘোষণা করতে পারেন নির্বাচকরা। তবে যশস্বী খেললে যে মুম্বই আরও শক্তিশালী হয়ে নামতে পারতো তা নিয়ে সংশয় নেই। যশস্বী ছাড়াও এই মুহূর্তে মুম্বই দলে রয়েছেন ১৭ জন ক্রিকেটার।












Click it and Unblock the Notifications