Ranji Trophy 2024: তামিলনাড়ুকে চূর্ণ করে ৪৮ বার রঞ্জি ফাইনাল খেলবে মুম্বই, ম্যাচের সেরা 'লর্ড' শার্দুল
Ranji Trophy 2024: তিন দিনও পুরো লাগল না। তামিলনাড়ুকে ইনিংস ও ৭০ রানে চূর্ণ করে এই নিয়ে ৪৮ বার রঞ্জি ট্রফির ফাইনালে পৌঁছে গেল মুম্বই।
মুম্বই শেষবার রঞ্জি জিতেছিল ২০১৬ সালে। সেটি ছিল তাদের ৪১তম রঞ্জি খেতাব। যে দাপট নিয়ে এদিনের জয় এলো তাতে ঘরের মাঠে ফের রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে ফেভারিট অজিঙ্ক রাহানের দল।

তামিলনাড়ুর ১৪৬ রানের জবাবে প্রথম ইনিংসে মুম্বই ১০৬ রানে সাত উইকেট হারিয়েছিল। সেখান থেকে স্কোর ৩৭৮ রানে পৌঁছয় নয়ে নামা শার্দুল ঠাকুরের ১০৯ এবং দশ নম্বরে ব্যাট করতে নামা তনুশ কোটিয়ানের অপরাজিত ৮৯ রানের সৌজন্যে। ২৯০ রানে পড়েছিল নবম উইকেট।
তারপরও দলকে ৩৭৮ রানে পৌঁছে দেয় তনুশ কোটিয়ান ও তুষার দেশপাণ্ডের জুটি। তুষার করেন ২৬। এতেই স্পষ্ট হলো মুম্বইয়ের ব্যাটিং গভীরতা। আর সাই কিশোর ৬টি, কুলদীপ সেন ২টি এবং সন্দীপ ওয়ারিয়র ও ওয়াশিংটন সুন্দর ১টি করে উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে ৫১.৫ ওভারে ১৬২ রানেই গুটিয়ে যায় সাই কিশোরের নেতৃত্বাধীন তামিলনাড়ু। বাবা ইন্দ্রজিৎ করেন সর্বাধিক ৭০ রান। প্রদোষ রঞ্জন পাল ২৫, বিজয় শংকর ২৪, সাই কিশোর ২১ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। ওয়াশিংটন সুন্দর করেন ৪।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দুটি উইকেট নেন শার্দুল ঠাকুর। তাঁর বোলিং ফিগার ১০ ওভার ৪ মেডেন ১৬ রানের বিনিময়ে ২ উইকেট। শতরানের পাশাপাশি ম্যাচে চার উইকেট নিয়ে তিনিই প্লেয়ার অব দ্য ম্যাচ হলেন। চারটি উইকেট দখল করেন শামস মুলানি। মোহিত অবস্থি ও তনুশ কোটিয়ান ২টি করে উইকেট নেন।
ভারতের টেস্ট দল থেকে ওয়াশিংটন সুন্দরকে ছাড়া হয়েছিল রঞ্জি সেমিফাইনাল খেলার জন্য। প্রথম ইনিংসে তিনি ৪৩ রান করেছিলেন। বল হাতে ৭.৫ ওভারে ২১ রান দিয়ে নেন ১ উইকেট। দ্বিতীয় ইনিংসে তিনে ব্যাট করতে নেমে হতাশ করলেন তামিলনাড়ুকে।
রঞ্জি ট্রফির ইতিহাসে সফলতম দল মুম্বই (পূর্বতন বোম্বে)। খেতাব জিতেছে ৪১ বার। রানার-আপ ৬ বার। কর্নাটক বা মাইসোর ৮ বার রঞ্জি চ্যাম্পিয়ন, ৬ বার রানার-আপ। দিল্লি সাতবারের চ্যাম্পিয়ন, আটবারের রানার-আপ। মধ্যপ্রদেশ ও বরোদা ৫ বার করে রঞ্জি খেতাব জিতেছে।
রঞ্জি ফাইনাল হওয়ার কথা মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। বিদর্ভ প্রথম ইনিংসে আউট হয় ১৭০ রানে, জবাবে মধ্যপ্রদেশ তোলে ২৫২। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বিদর্ভ ৬ উইকেট হারিয়ে ৩৪৩ রান তুলেছে। লিড ২৬১ রানের। ফলে প্রথম ইনিংসের লিড নয়, সরাসরি ফয়সালার ভিত্তিতেই রঞ্জির অপর ফাইনালিস্ট পাওয়ার সম্ভাবনা প্রবল।












Click it and Unblock the Notifications