Ranji Trophy: রঞ্জিতে নেমে ব্যর্থ রাহুল, বল হাতে হায়দরাবাদকে হতাশ করলেন সিরাজ
Ranji Trophy: রঞ্জি ট্রফিতে নজরে ভারতীয় দলের তারকারা। মহম্মদ সিরাজ হায়দরাবাদের হয়ে খেলছেন বিদর্ভের বিরুদ্ধে।
অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ভারতীয় দলে যোগ দেওয়ার আগে লোকেশ রাহুলও খেলছেন রঞ্জি ট্রফির ম্যাচ। যদিও প্রথম ইনিংসে তিনি হতাশই করলেন।

রাহুল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথ টেস্টে ২৬ ও ৭৭ রান করেছিলেন। অ্যাডিলেড টেস্টে ৩৭ ও ৭, ব্রিসবেন টেস্টে ৮৪ ও অপরাজিত ৪, মেলবোর্ন টেস্টে ২৪ ও ০ এবং সিডনি টেস্টে ৪ ও ১৩ রান করেন। ইংল্যান্ড সফরের দলে জায়গা ধরে রাখতে রাহুলের কাছে গুরুত্বপূর্ণ রঞ্জিতে ভালো পারফরম্যান্স।
রাহুলকে ইংল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়েছে। তার আগে রাহুল বোর্ডের নির্দেশ মেনে খেলতে নামলেন রঞ্জি ট্রফির ম্যাচে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে কর্ণাটককে ব্যাট করতে পাঠিয়েছে হরিয়ানা।
ওপেনিং জুটি ৪৫ রানে ভাঙার পর তিনি তিনে ব্যাট করতে নেমে। শুরুটা খারাপ করেননি। ফুটওয়ার্কও ভালোই ছিল। মনে করা হচ্ছিল, বড় রান করতেই পারেন ভারতীয় দলের তারকা। যদিও হঠাৎই ছন্দপতন। অংশুল কম্বোজের বলে আউট হলেন রাহুল। চারটি চারের সাহায্যে ৩৭ বলে ২৬ রানের ইনিংস খেলে।
রাহুল ও অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল দ্বিতীয় উইকেট জুটিতে ৫৪ রান যোগ করেন। এই প্রতিবেদন লেখার সময় কর্ণাটকের স্কোর ৭২ ওভারে ৫ উইকেটে ২৩৬। আটটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ওপেন করতে নেমে ময়াঙ্ক ১৪৯ বলে ৯১ রান করেন।
৯ রানের জন্য হাতছাড়া হলো শতরান, ময়াঙ্ককে আউট করেন অনুজ ঠাকরাল। দেবদত্ত পাড়িক্কল চারে নেমে ৯৩ বলে ৪৩ রান করেন। পাড়িক্কলও রাহুলের মতো চারটি চার মেরেছেন। আর স্মরণ করেন ৩৫।
নাগপুরে বিদর্ভ খেলছে হায়দরাবাদের বিরুদ্ধে। হায়দরাবাদ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। বিদর্ভের প্রথম ইনিংস ৫৫.৫ ওভারে ১৯০ রানে শেষ হয়েছে। হর্ষ দুবে সর্বাধিক ৬৫ রান করেন, ৪৬ বল খেলে। বিজয় হাজারে ট্রফিতে সর্বাধিক রান সংগ্রহকারী করুণ নায়ার ১৩ বলে তিন রানে আউট হন।
এই ম্যাচে নজর ছিল মহম্মদ সিরাজের দিকে। যিনি অস্ট্রেলিয়া সফরের পর ভারতীয় দল থেকে বাদ পড়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা পাননি সিরাজ।
রঞ্জিতে জ্বলে ওঠার প্রথম সুযোগ এদিন সিরাজ হাতছাড়া করলেন। তিনি বোলিং ওপেন করে সাতটি মেডেন-সহ ১৭ ওভারে ৪৭ রান খরচ করে মাত্র একটি উইকেট পেলেন। তাও আটে নেমে সর্বাধিক রান করা হর্ষ দুবের। রক্ষণ রেড্ডি ও অনিকেতরেড্ডি তিনটি করে উইকেট পেয়েছেন। চামা মিলিন্দ ২টি ও তনয় ত্যাগরাজনের ঝুলিতে ১টি উইকেট।












Click it and Unblock the Notifications