Ranji Trophy: অনুষ্টুপের অনবদ্য শতরান, নজির মনোজের! রঞ্জিতে অসমের বিরুদ্ধে ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল বাংলা
Ranji Trophy: রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে গুয়াহাটিতে অসমের বিরুদ্ধে ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল বাংলা। টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠিয়েছিল অসম। ৫৭ রানে পড়ে যায় চার উইকেট।
আজ খেলা হয়েছে ৭৮ ওভার। দিনের শেষে বাংলার স্কোর ৪ উইকেটে ২৪২। শতরান হাঁকিয়ে অপরাজিত আছেন অনুষ্টুপ মজুমদার। ক্রিজে থাকা মনোজ তিওয়ারিও এগিয়ে চলেছেন শতরানের দিকে।

বাংলা দলে আজ প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হলো অঙ্কিত মিশ্র ও সুমন দাসের। ২০ ওভারের মধ্যে চার উইকেট হারানোয় চাপে পড়ে যায় বাংলা। ২৫ রানে প্রথম, ২৮ রানে দ্বিতীয় ও তৃতীয় এবং ৫৭ রানে চতুর্থ উইকেট পড়ে। অষ্টম ওভারের পঞ্চম বলে ওপেনিং জুটি ভাঙে। শ্রেয়াংশ ঘোষ ২৪ বলে ১৩ রানে আউট হন।
তিনে পাঠানো হয়েছিল মহম্মদ কাইফকে। কিন্তু এই কৌশল কাজে লাগেনি। ১৪ বলে ২ রান করে তিনি রিয়ান পরাগের বলে বোল্ড হয়ে যান। ওপেনার সৌরভ পাল ৪৪ বলে ১২ রান করেন। বাংলার দুই ওপেনারই মুখতার হুসেনের বলে লেগ বিফোর হন। চারে নামা সুদীপ ঘরামিও এদিন হতাশ করলেন। ২০ বলে ১০ রান করেন তিনি।
নক-আউটে যাওয়ার লক্ষ্যে বাংলা চাইছে সব ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলতে। কাজটা কঠিন। তবে অসম্ভবও নয়। এই পরিস্থিতিতে চার উইকেট পড়ে যাওয়ায় বাংলা কতটা রান প্রথম ইনিংসে তুলতে পারবে তা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। যদিও আশঙ্কার সেই মেঘ দূর হয়ে যায় বাংলার দুই অভিজ্ঞ ব্যাটারের উইলোয় ভর করেই।
অনুষ্টুপ মজুমদার ১৬টি চারের সাহায্যে ১৯৭ বলে ১২০ রান করে অপরাজিত রয়েছেন। চলতি রঞ্জি ট্রফিতে তিনি দুরন্ত ছন্দে রয়েছেন। এদিন প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর শতরানের সংখ্যা বেড়ে হলো ১৫। অন্ধ্রের বিরুদ্ধে করেছিলেন ১২৫, উত্তরপ্রদেশ ম্যাচে ১২, ছত্তিশগড়ের বিরুদ্ধে ৭১, তারপর এদিনের শতরান।
এই ইনিংসটি-সহ বিজয় হাজারে ট্রফি ও রঞ্জি ট্রফি ধরলে সাতটি ইনিংসে চারটি সেঞ্চুরি পেলেন অনুষ্টুপ। বিজয় হাজারেতে পাঞ্জাবের বিরুদ্ধে অপরাজিত ১১১, গুজরাতের বিরুদ্ধে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেছিলেন। এবার চলতি রঞ্জি ট্রফিতেও পেয়ে গেলেন শতরান। প্রথম শ্রেণির ক্রিকেটে অনুষ্টুপের সর্বাধিক স্কোর ১৫৯। কাল সেটি টপকে দ্বিশতরান পান সেটা দেখার।
অধিনায়ক মনোজ তিওয়ারিও কেরিয়ারের শেষ মরশুমে শতরানের আশা জাগালেন। সাতটি চারের সাহায্যে মনোজ অপরাজিত রইলেন ১৮২ বলে ৬৮ রানের ধৈর্য্যশীল ইনিংস খেলে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৬তম অর্ধশতরান পূর্ণ করার আগে, প্রথম শ্রেণির ক্রিকেটেই ১০ হাজার রান পূর্ণ করলেন। এই মাইলস্টোন স্পর্শে এদিন তাঁর দরকার ছিল ৩৮ রান।
অসমের বোলারদের মধ্যে মুখতার হুসেন দুটি এবং রিয়ান পরাগ ও ধারাণি রাভা একটি উইকেট পেয়েছেন। বাংলা চাইবে কাল রান তোলার গতি বাড়াতে। যাতে দুই ইনিংসে অসমকে অল আউট করার পর্যাপ্ত সময় হাতে থাকে।












Click it and Unblock the Notifications