Ranji Trophy: অভিমন্যুর অপরাজিত দ্বিশতরান, বিহারের বিরুদ্ধে জয় থেকে ৯ উইকেট দূরে মনোজের বাংলা
Ranji Trophy: রঞ্জি ট্রফিতে ইডেনে বাংলা বনাম বিহার ম্যাচ শেষ হয়ে যেতে পারে ৩ দিনেই। অভিমন্যু ঈশ্বরণ এদিন প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয়বার দ্বিশতরান হাঁকালেন।
রানের পাহাড়ে চাপা পড়ে খেলতে নেমে দ্বিতীয় দিনের শেষ অবধি ১টি উইকেট খুইয়েছে বিহার। বাংলা এগিয়ে ২৮৪ রানে।

বিহারের প্রথম ইনিংসে ৯৫ রানের জবাবে প্রথম দিনের শেষে বাংলার স্কোর ছিল ৩৩ ওভারে ২ উইকেটে ১১১। অভিমন্যু অপরাজিত ছিলেন ৪৮ রানে। বাংলা এদিন চা বিরতির কিছু পরেই ১০৪.১ ওভারে ৫ উইকেটে ১১১ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। অভিমন্যুর দ্বিশতরান পূর্ণ হতেই।
২৩টি চারের সাহায্যে ২৯১ বলে ২০০ রান করে অপরাজিত থাকেন অভিমন্যু। ১৯৯৮ সালে বিহারের বিরুদ্ধে ২১৬ রান করেছিলেন দেবাং গান্ধী। ১৯৯৪ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় অপরাজিত ২০০ রান করেছিলেন। আজ বাংলার তৃতীয় ব্যাটার হিসেবে বিহারের বিরুদ্ধে দ্বিশতরান পেলেন অভিমন্যু।
২০১৯ সালে মে মাসে ভারতীয় এ দলের হয়ে ২৩৩ রান করেছিলেন অভিমন্যু। তার পর এদিনের দ্বিশতরান। আজ ১৫২ রানের মাথায় তাঁর ক্যাচ পড়ে। ১৮৫ রানে ক্যাচ দিয়েও নো বলের কারণে জীবন পান অভিমন্যু। যদিও এরপর আর ফিরে তাকাতে হয়নি। ৩১৬ রানে এগিয়ে থাকে ইনিংস ডিক্লেয়ার বাংলার।
অনুষ্টুপ করেন ৮৯ বলে ৩৯। কেরিয়ারের শেষ ইনিংসে মনোজ তিওয়ারি চারটি চারের সাহায্যে ৭০ বলে ৩০ রান করেন। অভিষেক পোড়েল ৫৪ বলে ৫৬ রান করে রান আউট হয়ে যান। ২৯ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ। আশুতোষ আমন ২টি, বীর প্রতাপ সিং ও রবি শংকর ১টি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বিহারের স্কোর ১৪ ওভারে ১ উইকেটে ৩২। প্রথম ওভারের দ্বিতীয় বলেই পীযূষ সিং লেগ বিফোর হন মুকেশ কুমারের বলে। মঙ্গল মাহরুর ১৯ ও ঋষভ রাজ ১২ রানে অপরাজিত রয়েছেন।












Click it and Unblock the Notifications