রাহানের প্রত্যাবর্তন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভারতীয় দল ঘোষিত
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওভালে ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে। তারই দল ঘোষণা করা হলো। টেস্ট দলে প্রত্যাবর্তন হলো অজিঙ্ক রাহানের। দলে রাখা হয়েছে শার্দুল ঠাকুরকেও।
গত বছরের জানুয়ারিতে কেপ টাউন টেস্টের পর ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন রাহানে। তিনি চলতি আইপিএলে বিধ্বংসী ফর্মে রয়েছেন। ভারতের দলে রাখা হয়েছে ছয় স্পেশ্যালিস্ট ব্যাটারকে।

বিসিসিসিআই সূত্রে জানা গিয়েছে, রাহুল দ্রাবিড় মে মাসের ২৩-২৪ তারিখ নাগাদ লন্ডন পৌঁছে যাবেন। ভারতের টেস্ট দলে থাকা যে ক্রিকেটারদের আইপিএল প্লে-অফ খেলতে হবে না তাঁরাও অনেক আগেই ইংল্যান্ডে পৌঁছে যাবেন। ওভালে ফাইনাল শুরু জুনের ৭ তারিখ। ১২ জুন রিজার্ভ ডে রাখা হয়েছে।

অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারাকে একই সঙ্গে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছিল। যদিও কাউন্টি ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে কয়েক মাস পরেই টেস্ট দলে ফিরেছিলেন পূজারা। ভারতীয় দলের ইংল্যান্ড সফরেই। রাহানেও ঘরোয়া ক্রিকেটে টানা খেলতে থাকেন। আইপিএলেও আগ্রাসী মেজাজে রয়েছেন।
শ্রেয়স আইয়ারের পিঠের চোটের জন্য অস্ত্রোপচার হয়েছে। কয়েক মাস তিনি মাঠের বাইরে। তাঁর পাশাপাশি দেশের মাটিতে অজিদের বিরুদ্ধে শেষ দুটি টেস্ট দলে থাকা যে ক্রিকেটাররা আজ ঘোষিত দলে নেই তাঁরা হলেন, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, ঈশান কিষাণ।

শ্রেয়সের অনুপস্থিতিতে প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জেতার লক্ষ্যে ভারত যে অভিজ্ঞ রাহানের উপরই আস্থা রাখছে সেটা পরিষ্কার। শার্দুল ঠাকুরও বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার টেস্ট খেলেছিলেন। গত বছর জুলাইয়ে। ব্যাটের পাশাপাশি ইংল্যান্ডের কন্ডিশনে বল হাতে শার্দুল কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন।
ঘোযিত ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, লোকেশ রাহুল, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।












Click it and Unblock the Notifications