Duleep Trophy: বিরাট লন্ডনের রাস্তায়, কোহলির মতো রোহিতও খেলছেন না দলীপ ট্রফিতে, কারণ জানাল বিসিসিআই
Duleep Trophy: দলীপ ট্রফির জন্য দল বেছে নিয়েছেন জাতীয় নির্বাচকরা। বেশ কয়েকজন তারকা বুচি বাবু আমন্ত্রণী ক্রিকেট প্রতিযোগিতা বা দলীপে খেলছেন।
যদিও রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহরা নেই দলীপ ট্রফিতে। বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজ করা হচ্ছে, সামনে টানা ১০টি টেস্টের কথা ভেবে।

বিসিসিআই বলেছিল, সিনিয়রদেরও ঘরোয়া টুর্নামেন্টে খেলতে হবে। তবে জানা গিয়েছিল রোহিত শর্মা ও বিরাট কোহলির দলীপে খেলার বিষয়টি তাঁদের উপরই ছেড়ে দেওয়া হয়েছে। দল নির্বাচনের পর দেখা গেল ভারতীয় দলের দুই মহাতারকাই চারটি দলের কোনওটিতে নেই।
দলীপ ট্রফির চারটি দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে শুভমান গিল, অভিমন্য়ু ঈশ্বরন, ঋতুরাজ গায়কোয়াড় ও শ্রেয়স আইয়ারকে। ঋষভ পন্থ, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজরাও দলীপ ট্রফিতে খেলছেন।
১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ শুরুর আগে লাল বলে প্রস্তুতির সুযোগ পাবেন তারকারা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের দাবি, বাংলাদেশ সিরিজে অর্শদীপ সিং, খলিল আহমেদদের দেখে নেওয়া হতে পারে। ফলে ওই সিরিজেই বিশ্রামে থাকবেন বুমরাহ।
বিসিসিআই যে রোহিত ও বিরাটকে ঘরোয়া ক্রিকেটে খেলতে জোর করবে না তা স্পষ্ট করে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। একটি সর্বভারতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, ঘরোয়া ক্রিকেট খেলতে বলে বিরাট ও রোহিতের উপর লোড বাড়ানোর কোনও অর্থ হয় না। উল্টে তাঁদের চোট পাওয়ার আশঙ্কা থাকে।
জয়ের কথায়, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় তারকারাও ঘরোয়া ক্রিকেটে খেলেন না। প্লেয়ারদের প্রতি সম্মান প্রদর্শন করতে হয়, তাঁদের সঙ্গে ভৃত্যের মতো আচরণ করা যায় না। দলীপ ট্রফির দলগুলিতে নজর দিলেই দেখা যাবে রোহিত ও বিরাট ছাড়া বাকিরা খেলছেন।
চোটের কারণে যাঁরা বাইরে রয়েছেন তাঁদের ঘরোয়া ক্রিকেটে ফিটনেসের প্রমাণ দিয়েই দলে কামব্যাক করতে হবে বলে জানান বিসিসিআই সচিব। তিনি বলেন, এ ব্যাপারে আমরা কিছুটা কঠোর। যখন রবীন্দ্র জাদেজা বাইরে ছিলেন তখন আমিই তাঁকে ফোন করে বলি ঘরোয়া ক্রিকেটে খেলতে। এই নিয়মের নড়চড় হবে না। আমি শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণকে নিয়ে কড়া অবস্থান নিয়েছিলাম। তাঁরা দলীপে খেলছেন। (উল্লেখ্য, ঈশান ও শ্রেয়স বুচি বাবুতেও খেলবেন।
Virat Kohli's latest visuals at the London streets. 🐐pic.twitter.com/Uf4Xlv7e8g
— Tanuj Singh (@ImTanujSingh) August 14, 2024
এদিকে, বিরাট কোহলি এখন লন্ডনে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। একটি ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে তিনি লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন রাস্তা পারাপারের আগে।












Click it and Unblock the Notifications