আফগানিস্তানকে উড়িয়ে টি ২০ বিশ্বকাপের শেষ চারে নিউজিল্যান্ড, প্রশংসিত কেনের অধিনায়কত্ব
২০১৯ সালের বিশ্বকাপের ফাইনালে উঠে ইংল্যান্ডের কাছে পরাজয়। চলতি বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন। এরপর টি ২০ বিশ্বকাপেরও সেমিফাইনালে পৌঁছে গেল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। আবু ধাবিতে আফগানিস্তানকে ১১ বল বাকি থাকতে ৮ উইকেটে হারিয়ে। প্রশংসিত হল কেন উইলিয়ামসনের রণকৌশল।

চলতি বিশ্বকাপে দেখা গিয়েছে টস জিতে রান তাড়া করেই বাজিমাত করেছে বেশিরভাগ দল। টস হেরে বেশিরভাগ দলই এবারের বিশ্বকাপে হেরেছে। আজ আবু ধাবিতে টস হেরে গিয়েছেন কেন উইলিয়ামসন। আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি ব্যাটিং নেন। তিনি বলেছিলেন, বড় রান তুলে জেতার জন্য ঝাঁপাতে চান। মুজিব উর রহমান দলে ফেরায় স্পিন দিয়েই কিউয়ি-বধ সারার পরিকল্পনা করেছিল আফগানিস্তান। যদিও নবির পরিকল্পনা সফল হল না কেন উইলিয়ামসনের অসাধারণ অধিনায়কত্বে। নিউজিল্যান্ডের স্পিনাররা ভালো ফর্মে ছিলেন। কিন্তু যেহেতু আফগানরা কোয়ালিটি সিম বোলিংয়ে অনুশীলনের সুযোগ পান না, এমনকী ভালো পেস অ্যাটাক থাকা দলের বিরুদ্ধে বেশি খেলেন না, তাই কিউয়ি পেসাররা আফগান ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেন বলে প্রথম থেকেই বলছিলেন বিশেষজ্ঞরা। হলও তাই।

শুরু থেকে আফগানিস্তানকে চাপে রেখে গেলেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে। এমনকী চতুর্থ সিমার জিমি নিশামও শেষ ওভার-সহ দারুণ চারটি ওভার করলেন। কিউয়ি অধিনায়ক যখনই দেখলেন দুই স্পিনার মিচেল স্যান্টনার ও ইশ সোধিকে ভালোভাবেই আফগান ব্য়াটাররা সামলাচ্ছেন, তখনই তিনি আক্রমণে আনলেন পেসারদের। শুরু থেকেই পেসারদের দিয়ে আক্রমণ চালিয়ে যাওয়া বা বোলিং পরিবর্তন কিংবা সেই অনুযায়ী ফিল্ড প্লেসিং, সবেতেই কেন উইলিয়ামসন দেখিয়ে দিলেন তিনি কেন এখন অন্যতম সেরা অধিনায়কও। ৮ উইকেটে ১২৪ রানের বেশি তুলতে পারেনি আফগানিস্তান। ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৮ বলে সর্বাধিক ৭৩ রান করেন নাজিবুল্লাহ জারদান। গুলবদিন নঈব ১৫ ও অধিনায়ক মহম্মদ নবি ১৪ রান করেন। চার ওভারে ১৭ রানের বিনিময়ে ৩ উইকেট পেয়ে ম্যাচের সেরা ট্রেন্ট বোল্ট। টিম সাউদি চার ওভারে ২ উইকেট নেন ২৪ রানের বিনিময়ে। অ্যাডাম মিলনে চার ওভারে ১৭ রানে এবং জিমি নিশাম চার ওভারে ২৪ রান দিয়ে একটি করে উইকেট পান। ইশ সোধি ২ ওভারে ১৩ রান দিয়ে একটি উইকেট নেন। মিচেল স্যান্টনার ২ ওভারে ২৭ রান দেন। দুই স্পিনারের চার ওভারে ওঠে ৪০। তাই পেসারদের উপরই ভরসা রাখেন কেন।
জবাবে খেলতে নেমে প্রথম ৬ ওভারে ৪৫ রান তুলে ফেলে নিউজিল্যান্ড, এক উইকেট হারিয়ে। দলের ২৬ রানের মাথায় আউট হন ড্যারিল মিচেল, তিনি করেন ১২ বলে ১৭। ৮.৫ ওভারে মার্টিন গাপটিল ২৩ বলে ২৮ রানে আউট হন। ৫৭ রানে দুই উইকেট পড়ার পর অবশ্য আর কিউয়িদের কোনও উইকেট ফেলতে পারেনি আফগানিস্তান। কেন উইলিয়ামসন ৪২ বলে ৪০ ও ডেভন কনওয়ে ৩২ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন। রশিদ খান বিশ্বের দ্রুততম বোলার হিসেবে টি ২০ ক্রিকেটে ৪০০তম উইকেট পান গাপটিলকে বোল্ড করে।
নিউজিল্যান্ড ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এই প্রথম গ্রুপ ২-র শীর্ষস্থান দখল করল। তবে স্কটল্যান্ডকে হারালেই ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ফের শীর্ষে চলে আসবে পাকিস্তান। নিউজিল্যান্ডের নেট রান রেট ১.১৬২, পাকিস্তানের ১.০৬৫। ফলে একমাত্র পাকিস্তান স্কটল্যান্ডের কাছে হারলেই সেমিফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারবে নিউজিল্যান্ড। পাকিস্তান জিতলে নিউজিল্যান্ড সেমিফাইনাল খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ৫ দিনে তিনটি আলাদা শহরে দিনের ম্যাচ খেলে তিনটিতেই জয়। স্বাভাবিকভাবেই তৃপ্ত কিউয়ি শিবির। ৫.১ ওভারে ১৯ রানে তিন উইকেট ফেলতে পারাতেই আফগানিস্তানের মতো 'বিপজ্জনক দল'কে কম রানে বেঁধে ফেলা গিয়েছিল বলে মনে করেন উইলিয়ামসন। বোলারদের প্রশংসা করেছেন তিনি। ইতিমধ্যেই ভাবনা শুরু করে দিয়েছেন সেমিফাইনালে ইংল্যান্ডের কঠিন চ্যালেঞ্জ সামলানোর জন্য। ২০১৯ সালের বিশ্বকাপের রি-ম্যাচ হতে চলেছে টি ২০ বিশ্বকাপের সেমিফাইনাল।












Click it and Unblock the Notifications