পিসিবি-র মসনদে নতুন নায়ক, শাহরিয়ারকে সরিয়ে এলেন নাজাম শেঠি
নতুন পিসিবি চেয়ারম্যান হলেন নাজাম শেঠি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হলেন নাজাম শেঠি। বুধবার সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পদে অভিষিক্ত হলেন নাজাম। গত রবিবারই শাহরিয়ার খান নিজের দায়িত্বের ব্যাটন ছেড়ে দিয়েছেন।
একমাস আগে পাকিস্তানের তখতে প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরিফ। তিনিই চেয়েছিলেন পিসিবি- চেয়ারম্যানের পদে আসুন নাজাম শেঠি। দুর্নীতি-র অভিযোগে নওয়াজ শরিফকে পদ থেকে সরিয়ে দেওয়া হলেও নিষ্কন্টনভাবেই পিসিবি চেয়ারম্যান হয়ে গেলেন নওয়াজ মনোনীত নাজাম শেঠি। এদিন আরও কোন প্রার্থী চেয়ারম্যান পদের জন্য মনোনয়নই জমা দেননি , ফলে সর্বসম্মত সিদ্ধান্তেই পাক ক্রিকেট বোর্ডের মসনদ দখল করলেন তিনি।

এদিকে নাজাম শেঠি পিসিবি চেয়ারম্যান হওয়ায় দারুণ খুশি পাকিস্তানের পাক ক্রিকেটাররা। ওয়াসিম আক্রম জানিয়েছেন নাজামের উদ্যোগেই পাকিস্তান সুপার লিগ বা পিএসএল চালু হয়েছে। দীর্ঘদিন ধরেই এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের পরিকল্পনা চলছিল। কিন্তু বাস্তবায়িত করা সম্ভব হচ্ছিল না। নাজামের উদ্যোগেই দু'বছর ধরে সাফল্যের সঙ্গে এই টুর্নামেন্ট চলছে। নাজাম ক্রিকেট বোর্ডের প্রধান হলে পাকিস্তান ক্রিকেটের অনেক উন্নতি হবে মনে করেছেন আক্রম।
আক্রমের সুরেই গলা মিলিয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক রশিদ লতিফ। তিনি জানিয়েছেন নাজাম পাক ক্রিকেটের জন্য ইতিমধ্যেই যা করেছেন তাতে তিনি পিসিবি চেয়ারম্যান হওয়ার উপযুক্ত ব্যক্তি।












Click it and Unblock the Notifications