মাইলস্টোন স্পর্শ শামি-পন্থের! সেঞ্চুরিয়ন টেস্টে ভারতের লিড, সিরাজ কীভাবে হলেন রোনাল্ডো?
সেঞ্চুরিয়ন টেস্টে জ্বলে উঠলেন মহম্মদ শামি। কাগিসো রাবাডাকে আউট করে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে নিজের পঞ্চম উইকেটটি পেলেন, সেই সঙ্গে এটি তাঁর কেরিয়ারের ২০০তম টেস্ট উইকেট। টেস্টের তৃতীয় দিনে ভারতের ৩২৭ রানের জবাবে ১৯৭ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ৪৪ রানে ৫ উইকেট নিলেন মহম্মদ শামি।
Milestone Alert 🚨 - 200 Test wickets for @MdShami11 👏👏#SAvIND pic.twitter.com/YXyZlNRkQ1
— BCCI (@BCCI) December 28, 2021

ভারতের লিড
টেস্টের প্রথম দিন ৯০ ওভারে পড়েছিল মাত্র তিনটি উইকেট। দ্বিতীয় দিনের খেলা বৃষ্টিতে ধুয়ে যায়। আজ সারাদিন ৯৮ ওভার খেলা হওয়ার কথা রয়েছে। এখনও অবধি পড়েছে মোট ১৭টি উইকেট। ভারতের প্রথম ইনিংস ৩২৭ রানে শেষ হওয়ার পর মধ্যাহ্নভোজের বিরতিতে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৭ ওভারে ১ উইকেটে ২১। চা বিরতিতে তা গিয়ে পৌঁছায় ৩৮ ওভারে ৫ উইকেটে ১০৯ রানে। এরপর ১৯৭ রানেই শেষ প্রোটিয়াদের প্রথম ইনিংস।

দাপট ভারতীয় পেসারদের
জসপ্রীত বুমরাহ গোড়ালিতে চোট পাওয়ার পর দীর্ঘক্ষণ বোলিং করতে পারেননি। তবে বল হাতে জ্বলে উঠলেন মহম্মদ শামি। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন মহম্মদ সিরাজ, ব্রেক থ্রু-তে সিদ্ধহস্ত শার্দুল ঠাকুরও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের উপর চাপ বজায় রাখতে সক্ষম হলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক ৫২ রান করেন তেম্বা বাভুমা। ১০৩ বলের ইনিংসে রয়েছে ১০টি চার। বাভুমার ক্যাচটি টেস্টে ঋষভ পন্থের শততম শিকার। কুইন্টন ডি কক ৩৪ রান করে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হন। মার্কো জানসেনকেও প্যাভিলিয়নে ফেরান শার্দুল।
|
অনবদ্য শামি
মার্কো জানসেন ১৯, কাগিসো রাবাডা ২৫ ও কেশব মহারাজ ১২ রান করেন। রাবাডা অশ্বিনের বলে একটি ছক্কাও হাঁকান। তবে নতুন বলে এদিন আগাগোড়া ভারতীয় পেসাররা যে দাপট দেখাতে থাকেন তা সামলাতে পুরোপুরি ব্যর্থ প্রোটিয়া ব্যাটাররা। মহম্মদ শামি পাঁচটি মেডেন-সহ ১৬ ওভারে ৪৪ রানের বিনিময়ে পাঁচটি উইকেট পেলেন। দক্ষিণ আফ্রিকার শেষ উইকেটটি তুলে নেন জসপ্রীত বুমরাহ। কেশব মহারাজকে তিনি আউট করেন। যেভাবে গোড়ালি মচকে যাওয়ায় মাঠ ছেড়েছিলেন তাতে বুমরাহকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ভারতীয় সমর্থকরা। তবে তৃতীয় সেশনে মাঠে এসে তিনি বোলিং করে স্বস্তি দিলেন। বুমরাহ ৭.২ ওভারে ২টি মেডেন-সহ ১৬ রানের বিনিময়ে ২ উইকেট পান। শার্দুল ঠাকুর ১১ ওভার বল করেন, ১টি মেডেন, ৫১ রান দিয়ে নেন ২ উইকেট।
|
ভাইরাল সিরাজের সেলিব্রেশন
তবে এরই মধ্যে ভাইরাল হয়েছে মহম্মদ সিরাজের সেলিব্রেশন। ১২.৫ ওভারে রাসি ভ্যান ডার ডুসেন ফ্রন্ট ফুটে গিয়ে সিরাজের বল রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলতে গেলে ক্যাচ চলে যায় গালিতে দাঁড়ানো অজিঙ্ক রাহানের হাতে। লো ক্যাচ রাহানে তালুবন্দি করতেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনুকরণে বিশেষ ধরনের সেলিব্রেশনে মাতেন সিরাজ। এমন সেলিব্রেশন মাঝেমধ্যেই করতে দেখা যায় সিআর সেভেনকে। এবার সিরাজের সেই সেলিব্রেশনের ভঙ্গিমা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
|
তৃতীয় দিনের শেষে
দ্বিতীয় ইনিংসে ভারত ময়াঙ্ক আগরওয়ালের উইকেট হারিয়ে ৬ ওভারে ১৬ রান তুলেছে। লিড ১৪৬ রানের। লোকেশ রাহুল ৫ ও শার্দুল ঠাকুর ৪ চার রানে অপরাজিত আছেন। মার্কো জানসেনের বলে কট বিহাইন্ড হন ময়াঙ্ক, তিনি করেন ৪। দিনের শুরুটা ভালো না হলেও দিনের শেষে বিরাট কোহলিরা রইলেন সুবিধাজনক জায়গায়।
এদিকে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো সিরাজের সিইইইউউউউ (𝗦𝗜𝗜𝗜𝗨𝗨𝗨𝗨) সেলিব্রেশন ঠাঁই পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের টুইটার হ্যান্ডলেও।
The 𝗦𝗜𝗜𝗜𝗨𝗨𝗨𝗨 celebration has reached the @BCCI camp in South Africa 😅 pic.twitter.com/VLELTNhPbM
— Premier League India (@PLforIndia) December 28, 2021












Click it and Unblock the Notifications