মেলবোর্নের বিশ্বরেকর্ডের কাছেই যেতে পারল না আমেদাবাদ, মোদীর উপস্থিতিতেও মুখ পুড়ল বিসিসিআইয়ের

মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে ২০১৩-১৪ মরশুমে অ্যাশেজ টেস্টে ৯১ হাজারের বেশি দর্শক হাজির ছিলেন প্রথম দিনে। সেই রেকর্ড ভাঙতে পারল না আমেদাবাদে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম।

আমেদাবাদ টেস্টে প্রথম দিনে অস্ট্রেলিয়া দাপট দেখিয়েছে ভারতের বিরুদ্ধে। বোলাররা দাগ কাটতে পারেননি। মাঠের বাইরেও অস্ট্রেলিয়ার দাপট অব্যাহত থাকল। বলা ভালো, সুবর্ণ সুযোগ পেয়েও বিশ্বরেকর্ড গড়তে পারল না বিশ্বের বৃহত্তম- আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ফলে অক্ষত থেকে গেল মেলবোর্নের এমসিজির রেকর্ড।

ডাহা ফ্লপ

ডাহা ফ্লপ

ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের প্রথম দিন আমেদাবাদে নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে বসে খেলা দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি। দুই প্রধানমন্ত্রীর সুরক্ষা ব্যবস্থার জেরে টেস্ট শুরুর আগে মাঠে অনুশীলনই করতে পারেনি ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। ক্রিকেটারদের স্টেডিয়ামের বাইরে নেটে গিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে হয়। তা সত্ত্বেও আয়োজনে খামতি রাখেনি বিসিসিআই ও গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন। যদিও আখেরে ডাহা ফ্লপ সেই উদ্যোগ।

অক্ষত এমসিজির রেকর্ড

অক্ষত এমসিজির রেকর্ড

এই টেস্ট শুরুর আগে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছিল, মেলবোর্নের এমসিজির রেকর্ড ভেঙে নয়া বিশ্বরেকর্ড গড়বে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। যদিও তা হয়নি। ২০১৩-১৪ মরশুমে অ্যাশেজ সিরিজের বক্সিং ডে টেস্টে উপস্থিত ছিলেন ৯১,১১২ জন। টেস্ট ম্যাচের প্রথম দিন তো বটেই, কোনও টেস্ট ম্যাচ চলাকালীন কোনও দিনে দর্শকসংখ্যার নিরিখে এটিই বিশ্বরেকর্ড। সেই রেকর্ড ভাঙার বড় সুযোগ পেয়েছিল আমেদাবাদ। কিন্তু রেকর্ড অক্ষতই থেকে গেল।

ভরল না বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম

ভরল না বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আসনসংখ্যা ১ লক্ষ ৩২ হাজার। দুই দেশের প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য কিছু দর্শকাসন ফাঁকা রাখতে হচ্ছে বলে জানাচ্ছিলেন গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা। তবুও তাঁরা আশা করছিলেন অন্তত ১ লক্ষ দর্শক মাঠে থাকবেন। তাতেই তৈরি হবে নয়া ইতিহাস। এই স্টেডিয়ামেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এনে নমস্তে ট্রাম্প অনুষ্ঠান করে চমক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার কাছে ম্লানই থেকে গেল ভারত-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিন। নিরাপত্তার কড়াকড়িতে টিকিট পেতে অসুবিধার কথা যে জানাচ্ছিলেন ক্রিকেটপ্রেমীরা, দেখা গেল সেটিই সত্যি হলো।

মোদী ম্যাজিকেও মাঠ খালি!

মোদী ম্যাজিকেও মাঠ খালি!

নরেন্দ্র মোদী সকাল সাড়ে ৮টার আগেই স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে নিয়ে যখন মাঠে ঢুকছেন তখন চেনা মোদী মোদী ধ্বনিতে মুখরিতও হয় স্টেডিয়াম। গুজরাতের রাজ্যপাল আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল থেকে বিসিসিআই সভাপতি রজার বিনি, বোর্ড সচিব জয় শাহ সকলেই ছিলেন। সূচি মেনে হয় অনুষ্ঠান। সুসজ্জিত গাড়িতে চড়িয়ে মাঠ প্রদক্ষিণ করানো হয় দুই দেশের প্রধানমন্ত্রীকে। ক্রিকেটারদের সঙ্গে পরিচয়-পর্ব সেরে মোদী ও অ্যালবানিজি কিছুক্ষণ খেলাও দেখেন। যদিও মোদীকে এনেও মাঠ ভরাতে ব্যর্থ গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন।

তথ্য চাপল জিসিএ

তথ্য চাপল জিসিএ

সংস্থার তরফে গতকাল মাঠে কত দর্শক হাজির হয়েছিলেন সেই তথ্য দেওয়া হয়নি। যদিও সংবাদসংস্থার দাবি ৫০ থেকে ৬০ হাজার দর্শক মাঠে এসেছিলেন। ম্যাচ কভার করতে যাওয়া কয়েকজন সাংবাদিকের দাবি, খুব বেশি হলে ৭০ হাজার দর্শক গতকাল মাঠে এসেছিলেন। তার বেশি একেবারেই নয়। এমনকী আজ প্রথম ঘণ্টায় মাঠে হাজার পাঁচেক দর্শক ছিলেন বলে জানা যাচ্ছে। সাদা বলের ক্রিকেটে সবচেয়ে বেশি সংখ্যক দর্শকের রেকর্ডটি অবশ্য নরেন্দ্র মোদী স্টেডিয়ামেরই দখলে রয়েছে। গত বছর ২৯ মে গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালসের ফাইনাল দেখতে হাজির ছিলেন ১ লক্ষ ৪ হাজার ৮৫৯ জন। টি ২০ বিশ্বকাপে এমসিজিতে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন ৯০,২৯৩ জন ক্রিকেটপ্রেমী। ফলে সাদা বলের ক্রিকেটে দর্শকের নিরিখে এমসিজিকে পিছনে ফেললেও লাল বলের রেকর্ডটি দখলেই রাখল মেলবোর্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+