Manoj Tiwary: মনোজ তিওয়ারির অবসর রঞ্জি ট্রফির শেষেই! প্রস্তুতির ভিডিও শিক্ষণীয় উঠতি ক্রিকেটারদের কাছে
Manoj Tiwary: মনোজ তিওয়ারি রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী। গত মরশুমে বাংলাকে নেতৃত্ব দিয়েছেন। সাদা বলের ক্রিকেটে না খেললেও রঞ্জি ট্রফি খেলবেন।
সুদীপ ঘরামির নেতৃত্বাধীন বাংলা কাল গুজরাতের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির প্রি কোয়ার্টার ফাইনাল খেলবে। এই টুর্নামেন্ট শেষে বাংলা শুরু করবে রঞ্জি ট্রফির প্রস্তুতি। তবে তারই মধ্যে মনোজ নিজেকে রঞ্জি ট্রফির জন্য প্রস্তুত রাখার কাজটা শুরু করে দিলেন।

বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি হয়েছিল। আজ বৃষ্টি হয়নি, তবে মাঠ ভিজে ছিল। তাই আউটডোর অনুশীলনের পরিকল্পনা আজও বাতিল করতে হয়েছে মনোজকে। গতকালের মতো আজও তিনি সময় কাটালেন ইডেনের ইনডোরে। পরিস্থিতি যত প্রতিকূল বা কঠিন হোক না কেন, তাঁকে থামানো যাবে না, জানালেন প্রত্যয়ী মনোজ।
মনোজ তিওয়ারি ইনস্টাগ্রামে গতকালই ভিডিও পোস্ট করে জানিয়েছিলেন, আসন্ন রঞ্জি ট্রফিতেই শেষবার খেলতে নামছেন। বাংলাকে বহু প্রতীক্ষিত রঞ্জি ট্রফি জেতাতে তিনি সর্বস্ব উজাড় করে দিতে চান। বুকের কাছে বাংলা দলের লোগোটি দেখিয়ে বুঝিয়ে দিলেন সেটি তাঁকে কতটা উজ্জীবিত করে।
সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরও মনোজ মত বদলান কয়েক মাস আগেই। স্ত্রী-র পাশাপাশি সিএবি কর্তাদের সঙ্গে কথা বলেই মনোজ অবসর ভাঙার সিদ্ধান্ত নেন। পরে সাংবাদিক বৈঠকেও জানিয়েছিলেন, আবেগের বশেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। উল্লেখ্য, মনোজের নেতৃত্বাধীন বাংলা চলতি বছর ইডেনে রঞ্জি ফাইনালে পরাস্ত হয়েছিল।
বেশ কয়েক বছর ধরেই মনোজ বলে আসছেন, তিনি বাংলাকে রঞ্জি জেতানোর স্বপ্নপূরণ করতে চান। সেই স্বপ্নকে তাড়া করেই অনুশীলন শুরু করেছেন মনোজ। মন্ত্রী, বিধায়কের কাজ সামলে যেভাবে তিনি নিজেকে ফিট রেখেছেন তা দেখা যাচ্ছে মনোজের পোস্ট করা ভিডিওতে। গতকালের ভিডিওতে ফিটনেস ড্রিলের পাশাপাশি ব্যাটিং অনুশীলন করতেও দেখা গিয়েছিল।
আজকের ভিডিওয় তিনি দেখান, শরীরচর্চার পুরানো কৌশলের সঙ্গে আধুনিক কৌশলের মিশেল ঘটিয়েই তিনি নিজেকে তৈরি করছেন রঞ্জি অভিযানের জন্য। ফিট রাখার ক্ষেত্রে যেসব বিষয়গুলি খুব জরুরি তা চিহ্নিত করে মনোজ আজ যে ভিডিওটি পোস্ট করেছেন তা উঠতি ক্রিকেটারদের কাছেও শিক্ষণীয়। ইতিমধ্যে অনেকেই মনে করছেন, গত মরশুমের অভিজ্ঞতার নিরিখে মনোজকেই রঞ্জি ট্রফিতে অধিনায়কত্বের ভার দেওয়া হোক। মনোজ নিজেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তবে বাকি সিদ্ধান্ত নির্ভর করবে নির্বাচকদের উপরেই।












Click it and Unblock the Notifications