IND-W vs IRE-W: স্মৃতি ও প্রতীকার বিধ্বংসী শতরান, মহিলাদের ওডিআইয়ে প্রথমবার চারশো পার ভারতের
IND-W vs IRE-W: ভারতীয় মহিলা ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিরুদ্ধে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। আজ যেমন প্রথমবার ভারতের প্রমীলা বাহিনী ওডিআইয়ে চারশো পার করল।
রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ভারত টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৪৩৫ রান তুলেছে মান্ধানার দল। দুই ওপেনারই শতরান হাঁকিয়েছেন।

প্রতীকা রাওয়াল কেরিয়ারের ষষ্ঠ ওডিআইয়ে প্রথম শতরানটি পেলেন। তিনি ২০টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১২৯ বলে ১৫৪ রান করেন। অধিনায়ক স্মৃতি মান্ধানা ৮০ বলে ১৩৫ রান করেছেন। ১২টি চার ও সাতটি ছয়ের সাহায্যে। তিনে নামা রিচা ঘোষ ১০টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৪২ বলে ৫৯ রান করলেন।
তেজল হাসাবনিস ২৫ বলে ২৮, হারলীন দেওল ১০ বলে ১৫ রান করেন। জেমাইমা রডরিগেজ ৬ বলে ৪ ও দীপ্তি শর্মা ৮ বলে ১১ রানে অপরাজিত থাকেন। ওপেনিং জুটিতে ওঠে ২৬.৪ ওভারে ২৩৩। দ্বিতীয় উইকেট জুটিতে প্রতীকা ও রিচা যোগ করেন আরও ১০৪ রান।
গত ১২ জানুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারত তুলেছিল ৫ উইকেটে ৩৭০ রান। মহিলাদের ওডিআইয়ে দলগত সর্বাধিক রানের নিজেদের রেকর্ড আজ আরও উন্নত করল মান্ধানার দল। ২০২৪ সালের ডিসেম্বরে ভদোদরায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত করেছিল ৫ উইকেটে ৩৫৮। ২০২২ সালে ক্যান্টারবারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ৫ উইকেটে ৩৩৩ রান তুলেছিল।
প্রতীকা ও মান্ধানা এই নিয়ে পরপর দুই ইনিংসে শতাধিক রানের পার্টনারশিপ গড়লেন। পুরুষদের ওডিআইয়ে দলগত সর্বাধিক রানের রেকর্ড রয়েছে ইংল্যান্ডের দখলে। ২০২২ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫০ ওভারে ৪ উইকেটে ৪৯৮ রান তুলেছিল।
মহিলাদের একদিনের আন্তর্জাতিকে দলগত সর্বাধিক রানের রেকর্ড রয়েছে নিউজিল্যান্ডের দখলে। ২০১৮ সালে ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে কিউয়িদের প্রমীলা বাহিনী ৪ উইকেটে ৪৯১ রান তুলেছিল। এই নিয়ে ষষ্ঠবার মহিলাদের ক্রিকেটে কোনও দল চারশো পার করল। তার মধ্যে চারবারই নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া ও ভারত একবার করে। ভারতের এদিনের স্কোর চতুর্থ সর্বাধিক।
পুরুষদের একদিনের আন্তর্জাতিকে ভারতের দলগত সর্বাধিক স্কোর ৫ উইকেটে ৪১৮। ২০১১ সালে ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত ওই রান তুলেছিল। সেই ম্যাচে বীরেন্দ্র শেহওয়াগ ওপেন করতে নেমে ১৪৯ বলে ২১৯ রান করেছিলেন। ২৫টি চার ও সাতটি ছয়ের সাহায্যে।












Click it and Unblock the Notifications