মান্ধানা ও রাওয়ালের রেকর্ড ব্রেকিং শতরান! নিউজিল্যান্ডকে উড়িয়ে মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত
মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। বৃহস্পতিবার মুম্বইয়ে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ডিএলএস মেথডে ৫৩ রানে হারিয়ে।
ভারতের জয়ের ভিত গড়ে দেয় স্মৃতি মান্ধানা ও প্রতীকা রাওয়ালের শতরান। তাঁদের জুটিতে হলো একাধিক রেকর্ড।

ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিভাইন। ভারতের ওপেনিং জুটি ভাঙে ৩৩.২ ওভারে ২১২ রানের মাথায়। মেয়েদের বিশ্বকাপে ভারতের কোনও জুটিতে এত রান ওঠেনি।
স্মৃতি মান্ধানা কেরিয়ারের ১৪তম ওডিআই শতরানটি হাঁকালেন এই ম্যাচে। প্রতীকা রাওয়াল পেলেন দ্বিতীয় ওডিআই শতরান। ১০টি চার ও চারটি ছয়ের সাহায্যে মান্ধানা ৯৫ বলে ১০৯ রান করেন। প্রতীকা ১৩৪ বলে করলেন ১২২, মেরেছেন ১৩টি চার ও ২টি ছয়। এই ইনিংস খেলার ফাঁকে ১ হাজার ওডিআই রানও পূর্ণ করলেন তিনি। ১৯৮৮ সালে লিন্ডসে রিলারের মতো তিনিও মেয়েদের ওডিআইয়ে ২৩ ইনিংসে ১ হাজার রানের মাইলস্টোন ছুঁলেন, যুগ্ম দ্রুততম হিসেবে।
মহিলাদের ওডিআইয়ে সর্বাধিক ১৫টি শতরান আছে মেগ ল্যানিংয়ের, মান্ধানা ১৪টি শতরান নিয়ে তাঁর পরেই। ১৭তম আন্তর্জাতিক শতরান হাঁকিয়ে মান্ধানা সর্বাধিক সেঞ্চুরির নিরিখে ল্যানিংয়ের রেকর্ডে থাবাও বসালেন। ওডিআইয়ে ওপেন করে মান্ধানার নামের পাশে ৫১৯৪ রান, যা সর্বাধিক। পিছনে ফেললেন সুজি বেটসের ৫০৮৮ রানের কীর্তিকে।
মহিলাদের বিশ্বকাপে এই নিয়ে তৃতীয়বার দুই ওপেনারই শতরান পেলেন, ভারতের ক্ষেত্রে যা প্রথম। দক্ষিণ আফ্রিকার তানজিম ব্রিটসের মতো চলতি ক্যালেন্ডার ইয়ারে মান্ধানার ওডিআই শতরানের সংখ্যা আপাতত ৫। আমনজ্যোৎ কৌরের জায়গায় দলে ফিরে তিনে নেমে ৫৫ বলে ৭৬ করে অপরাজিত থাকলেন জেমাইমা রডরিগেজ, ১১টি চারের সাহায্যে। অধিনায়ক হরমনপ্রীত কৌর ১১ বলে ১০ রান করেন। রিচা ঘোষ ১ বলে ৪ রানে অপরাজিত থাকেন।
বারবার বৃষ্টি এবং মাঠ ভিজে থাকার কারণে ভারত ৪৯ ওভারে ৩ উইকেটে ৩৪০ রান তোলে। মহিলাদের বিশ্বকাপে যা ভারতের সর্বাধিক স্কোর। বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের টার্গেট দাঁড়ায় ৪৪ ওভারে ৩২৫ রান। নিউজিল্যান্ড শেষ অবধি ৮ উইকেটে ২৭১ রান তোলে। ব্রুক হ্যালিডে ৮৪ বলে ৮১ রান করেন। ইসাবেলা গেজ ৫১ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন। এই ম্যাচে হাতে চোট পান রিচা ঘোষ। ফলে ২২.১ ওভার থেকে উইকেটকিপিং করেন উমা ছেত্রী। রেণুকা সিং ও ক্রান্তি গৌড় দুটি করে এবং স্নেহ রানা, শ্রী চরণী, দীপ্তি শর্মা ও প্রতীকা রাওয়াল ১টি করে উইকেট নেন। ম্যাচের সেরা স্মৃতি।
এই ম্যাচটি ছিল ডু-অর-ডাই। ভারত ম্যাচ জেতায় জায়গা পাকা করে নিল সেমিফাইনালে। বাংলাদেশ ম্যাচটি হয়ে দাঁড়াল নিয়মরক্ষার। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে দুইয়ে। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড তিনে। ভারতের হলো ৬ ম্যাচে ৬ পয়েন্ট।












Click it and Unblock the Notifications