IPL 2021: সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চতুর্থ স্থান দখলে রাখতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স
আইপিএলে আজ ডাবল হেডার। প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই দলের কাছেই এই ম্যাচটি গুরুত্বপূর্ণ। জিতলে বিরাটদের প্লে অফে পৌঁছানো নিশ্চিত হয়ে যাবে। আর লোকেশ রাহুলের পাঞ্জাব কিংস যদি জিতে যায় তাহলে চাপ বাড়বে কলকাতা নাইট রাইডার্সের উপর। তবে আজ সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শেষ ম্যাচের আগে অনেকটাই চাপমুক্ত থাকতে চাইবে কেকেআর।

সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের সঙ্গে ম্যাচ বাকি রয়েছে কেকেআরের। রাজস্থান রয়্যালস গতকাল চেন্নাই সুপার কিংসকে হারিয়ে যে চমক দেখিয়েছে তাতে প্লে অফে ওঠার লড়াই শেষ দিন অবধি জমজমাট। মুম্বই ইন্ডিয়ান্সকে সাতে নামিয়ে ছয়ে উঠে এসেছে রাজস্থান রয়্যালস। কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্সের পয়েন্ট ১২ ম্যাচে ১০। কেকেআরের নেট রান রেট ০.৩০২। পাঞ্জাবের নেট রান রেট মাইনাস (-)০.২৩৬, রাজস্থান রয়্যালসের মাইনাস (-)০.৩৩৭ এবং মুম্বই ইন্ডিয়ান্সের নেট রান রেট মাইনাস (-) ০.৪৫৩। নাইটরা দুটি ম্যাচে জিতে গেলে প্লে অফে যেতে অসুবিধা হবে না বললেই চলে।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স পরস্পরের মুখোমুখি হয়েছে ২০ বার। ১৩টিতে জিতেছে কেকেআর, সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে সাতটি ম্যাচে। শেষ পাঁচটি সাক্ষাতে চারটিতেই জিতেছে কেকেআর। দুই দলের শেষ সাক্ষাতে ১১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স ১০ রানে হারিয়েছিল সানরাইজার্সকে। নাইট শিবির অবশ্য বিদেশি নির্বাচন নিয়ে সমস্যায় পড়েছে। হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম-সহ টিম ম্যানেজমেন্টকে বেশি চিন্তায় রাখছে অধিনায়ক ইয়ন মর্গ্যানের অফ ফর্ম। তার উপর সুযোগ পাচ্ছেন না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার শাকিব আল হাসান। আন্দ্রে রাসেল ও লকি ফার্গুসনের চোট রয়েছে। তাঁদের আজকের ম্যাচে খেলার সম্ভাবনা কম। তাঁদের পরিবর্তে টিম সাউদি ও টিম সেইফার্টকে দলে নিয়েছিল কেকেআর। এঁদের একজনের জায়গায় আজ দুবাইয়ে শাকিবকে খেলানোর ভাবনা ঘুরপাক খাচ্ছে। শাকিবকে তিন নম্বরের জন্য ভাবা হলেও যে কোনও স্লটেই তাঁকে রাখা যেতে পারে ইঙ্গিত দিয়েছেন ম্যাকালাম। টিম সেইফার্টের জায়গায় দলে আসতে পারেন শাকিব। দীনেশ কার্তিক আর পাঁচ রান করলে আইপিএলে চার হাজার রান পূর্ণ করবেন।

সানরাইজার্স হায়দরাবাদ দলে নতুন কাউকে সুযোগ দেওয়া হতে পারে। নাহলে আগের ম্যাচের দলও নামাতে পারেন কেন উইলিয়ামসনরা। তাঁদের কাছে বাকি ম্যাচগুলি এখন নিয়মররক্ষার। দুই দলের সম্ভাব্য একাদশের দিকে এবার নজর রাখা যাক-
কলকাতা নাইট রাইডার্স- শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতীশ রানা, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), টিম সেইফার্ট বা শাকিব আল হাসান, সুনীল নারিন, টিম সাউদি, প্রসিদ্ধ কৃষ্ণ বা সন্দীপ ওয়ারিয়ার, বরুণ চক্রবর্তী
সানরাইজার্স হায়দরাবাদ- জেসন রয়, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), কেন উইলিয়ামসন, প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, জেসন হোল্ডার, আব্দুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল, সন্দীপ শর্মা












Click it and Unblock the Notifications