KC Cariappa: প্রাক্তন প্রেমিকার হুমকিতে কাঁপছেন কারিয়াপ্পা! কেকেআরের প্রাক্তনী পুলিশের দ্বারস্থ
KC Cariappa: রহস্য স্পিনার কেসি কারিয়াপ্পা এখন নিজেই কাঁপছেন প্রাক্তন প্রেমিকার হুমকিতে। পুলিশের দ্বারস্থও হয়েছেন। অভিযোগ, প্রাক্তন প্রেমিকা শুধু তাঁকে হুমকি দিয়েই ক্ষান্ত হননি, নিশানা করেছেন কারিয়াপ্পার পরিবারকেই।
২০১৫ সালের আইপিএলের নিলামে চমক দিয়েছিলেন কারিয়াপ্পা। কলকাতা নাইট রাইডার্স তাঁকে কিনেছিল ২.৪ কোটি টাকায়। পরবর্তীকালে রাজস্থান রয়্যালস, কিংস ইলেভেন পাঞ্জাবের মতো দলেও ছিলেন কারিয়াপ্পা।

ক্রিকেট কেরিয়ার আহামরি কিছু নয়। লিস্ট এ অর্থাৎ ঘরোয়া ক্রিকেটে ৫০ ওভারের ফরম্যাটে ১৩ ম্যাচে ১২ উইকেট রয়েছে কারিয়াপ্পার। টি২০-তে ৪৫ ম্যাচে রয়েছে ৪৫টি উইকেট। সেই ক্রিকেটারই ব্যক্তিগত জীবনে ঝড় সামলাচ্ছেন।
কারিয়াপ্পা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, তাঁর ক্রিকেট কেরিয়ার শেষ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন প্রেমিকা। তাঁর পরিবারকে বিভিন্ন ধরনের বিপদে পড়তে হবে বলেও হুমকি এসেছে। বছর খানেক আগে কারিয়াপ্পার প্রাক্তন প্রেমিকা বেশ কিছু গুরুতর অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন।
এক বছর পর সেই মহিলার বিরুদ্ধেই একগুচ্ছ অভিযোগ এনে কারিয়াপ্পা পুলিশের দ্বারস্থ হলেন। বছর ২৯-এর কারিয়াপ্পা কোড়াগুর বাসিন্দা হলেও এখন থাকেন নাগাসান্দ্রার রামাইয়া লেআউটে। পুলিশকে তিনি জানান, ওই মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিন্তু ওই মহিলার ড্রাগ ও অ্যালকোহলে আসক্তির কারণে তিনি সম্পর্ক থেকে সরে আসেন।
কারিয়াপ্পার দাবি, নেশা ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। এমনকী আত্মহত্যা করে কারিয়াপ্পাকে দায়ী করবেন বলে হুমকি দেন তাঁর প্রাক্তন প্রেমিকা। কারিয়াপ্পার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করছে পুলিশ। তবে গত বছর ওই মহিলাই কারিয়াপ্পার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছিলেন।
ওই মহিলার দাবি ছিল, কারিয়াপ্পার সন্তান তাঁর গর্ভে এসেছিল। যদিও গর্ভনিরোধক বড়ি তাঁকে খেতে বাধ্য করেন কারিয়াপ্পা। কারিয়াপ্পা বিয়ের প্রতিশ্রুতি করে সহবাস করেছেন বলেও অভিযোগ ওঠে। কারিয়াপ্পা যে নতুন করে পুলিশের দ্বারস্থ হয়েছেন তা আগে জানতে পারেননি ওই মহিলা। তিনি পাল্টা ঘুঁটি সাজাচ্ছেন।
আইপিএলে অভিষেক ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কারিয়াপ্পা এবি ডি ভিলিয়ার্সের উইকেট পেয়েছিলেন। তবে ওই মরশুমে একটি ম্যাচেই খেলেন। ২০১৬ সালের আইপিএলে তাঁকে ৮০ লক্ষ টাকায় নেয় পাঞ্জাব কিংস। ২০১৬ সালে ৫ ম্যাচে তিনটি ও ২০১৭ সালে চারটি উইকেট পেয়েছেন। ২০১৯ সালে শিবম মাভি চোট পাওয়ায় তাঁর পরিবর্ত হিসেবে কারিয়াপ্পাকে নিয়েছিল কেকেআর। ২০২০ সালে কারিয়াপ্পাকে নেয় রাজস্থান রয়্যালস। ২০২১ সালে কর্নাটকের হয়ে লিস্ট এ অভিষেক হয় কারিয়াপ্পার।












Click it and Unblock the Notifications