Jemimah Rodrigues: বাবার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! ভারতীয় তারকা জেমাইমার সদস্যপদ খারিজ খার জিমখানার
Jemimah Rodrigues: ভারতীয় মহিলা ক্রিকেট দলের ভবিষ্যতের অধিনায়ক হিসেবে যাঁকে ভাবা হচ্ছে, সেই জেমাইমা রডরিগেজের বিরুদ্ধে পদক্ষেপ খার জিমখানার। তাঁর বাবার কৃতকর্মের জন্য।
২০২৩ সালে জেমাইমাকে সাম্মানিক সদস্যপদ দিয়েছিলেন মুম্বইয়ের প্রাচীন ক্লাবগুলির অন্যতম খার জিমখানা। সেখানকার পরিকাঠামো ব্যবহারের অনুমতিও দেওয়া হয়।

বছর চব্বিশের জেমাইমাকে সদস্য হতে আমন্ত্রণ জানানোর পর তাঁকে তিন বছরের জন্য সাম্মানিক সদস্যপদ দেওয়া হয়েছিল। তবে এবার তা খারিজের পথে হাঁটল খার জিমখানা। ক্লাব চত্ত্বরে জেমাইমার বাবা ইভান ধর্মীয় কাজকর্ম চালাচ্ছেন বলে একাধিক সদস্য ও কমিটি মেম্বার অভিযোগ করেছেন। তার ভিত্তিতেই এই পদক্ষেপ।
খার জিমখানা ক্লাব চত্ত্বরে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন এবং এমনকী ধর্ম পরিবর্তনের চেষ্টা চালানোর মতো অভিযোগ উঠেছে জেমাইমার বাবার বিরুদ্ধে। বিশেষ করে ধর্মান্তরকরণের বিষয়টি প্রকাশ্যে আসায় জেমাইমার মেম্বারশিপ বাতিল করল খার জিমখানা।
খার জিমখানার কমিটি মেম্বার শিব মালহোত্রা বলেন, জেমাইমার জন্য আমরা সকলেই গর্বিত। তিনি দেশকে সাফল্য এনে দিচ্ছেন। কিন্তু তাঁর বাবা বছরখানেক ধরে ক্লাবের একটি হল এক বছরের বেশি সময় ধরে বুক করে রেখে ৩৫টি ধর্মীয় সভা আয়োজন করেছেন।
জানা গিয়েছে, ব্রাদার ম্যানুয়েল মিনিস্ট্রিজ নামের এক সংস্থার ধর্মীয় সভা হচ্ছে খার জিমখানার হলে। যেটি ব্যক্তিগতভাবে বুক করে রেখেছেন জেমাইমার বাবা। জিমখানার নিয়মের বিরুদ্ধে গিয়ে সিকিউরিটি ডিপোজিটও মকুব করে নির্ধারিত দরের চেয়ে অনেক কমে হল বুকিংয়ের অনুমতি দেওয়া হয়েছে বলেও অভিযোগ।
খার জিমখানার নিয়ম অনুযায়ী সেখানে কোনও ধর্মীয় অনুষ্ঠান হওয়ার কথা নয়। যদিও সেই নিয়মকে বুড়ো আঙুল দেখানোরও অভিযোগ উঠেছে। অন্য কোনও সদস্য হল বুক করতে পারছেন না। কয়েক মাস আগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার এক নেতা এ বিষয়ে ক্লাবের পাশাপাশি খার থানাতেও অভিযোগ লিপিবদ্ধ করেছিলেন।
জানা গিয়েছে, এই নিয়ম ভাঙার খেলা দীর্ঘদিন ধরে চললেও সহ সভাপতি ও অন্যান্য কমিটি মেম্বারদের কাছে পুরো বিষয়টি স্পষ্ট ছিল না। বিষয়টি নজরে আসার পর প্রাপ্য বকেয়া বাবদ লাখ তিনেক টাকা সংগ্রহ করা হয়েছে। এখানে পিভি সিন্ধু, লিয়েন্ডার পেজও মেম্বার। তবে স্পোর্টস মেম্বারশিপের এমন অপব্যবহার আর মানা হবে না বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
গত রবিবার ক্লাবের সাধারণ সভায় জেমাইমার মেম্বারশিপ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়। জানা গিয়েছে, ধর্মীয় সভায় দামি বাদ্যযন্ত্র সহকারে নাচ হতো, বড় স্ক্রিন লাগানো হতো। ধর্মীয় অনুষ্ঠান যেখানে নিষিদ্ধ, সেখানেই এইসব চলতে থাকায় অসন্তোষ বাড়ছিল।
খার জিমখামার সভাপতি নীতিন গাড়েকর জানান, এক কর্মীর কাছ থেকেই তিনি বিষয়টি জেনেছেন। তিনি বলেন, কয়েকজন সদস্যকে নিয়ে তিনি গিয়েছিলেন ধর্মীয় সভায়। দেখা যায়, অন্ধকার ঘর। ট্রান্স মিউজিক চলছে। এক মহিলা বলছেন, তিনি আসছেন সকলের পরিত্রাতা হয়ে। জিমখানায় এ সব দেখে অবাক হয়ে যান সভাপতি। এরপরই প্রতিবাদ জানানো হয়। তারপরই জেমাইমার মেম্বারশিপ বাতিল করা হলো। জেমাইমার বাবা এখন দুবাইয়ে। তাঁর প্রতিক্রিয়া মেলেনি।












Click it and Unblock the Notifications