Jay Shah: বিসিসিআই ছেড়ে বিরাট পদে? জয় শাহকে নিয়ে তুমুল জল্পনা
Jay Shah: বিসিসিআই ছাড়বেন জয় শাহ? ভারত তথা বিশ্ব ক্রিকেট মহলে তুমুল জল্পনা। বিষয়টি স্পষ্ট হতে পারে আরও কিছুদিনের মধ্যেই।
ভারত টি২০ বিশ্বকাপ জিতেছে। জয় শাহ বোর্ড সচিব থাকাকালীন তা সেরা সাফল্য। ইতিমধ্যেই জয় জানিয়েছেন, রোহিত শর্মার নেতৃত্বে আগামী বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব জিতবে ভারত।

প্রশাসক হিসেবে জয় শাহের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সুনীল গাভাসকর। তিনি এমনও বলেছেন, বাবা (অমিত শাহ)-র রাজনৈতিক অবস্থানের জন্যই অনেকে জয়ের সমালোচনা করে থাকেন। রাজনৈতিক অ্যাজেন্ডার কারণেই জয়ের ভালো কাজকে অনেকে স্বীকৃতি দিতে চান না।
যেভাবে জয় শাহ মহিলাদের প্রিমিয়ার লিগ চালু করেছেন, পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সমবেতন সুনিশ্চিত করেছেন, আইপিএল প্লেয়ার ফি বাড়িয়েছেন, ঘরোয়া ক্রিকেটে ইনসেনটিভ চালু করেছেন, এই সব কাজের ভূয়সী প্রশংসা করেছেন গাভাসকর।
এরই মধ্যে জয়কে নিয়ে জল্পনা তিনি বিসিসিআই ছেড়ে আইসিসিতে যেতে পারেন। ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, চলতি মাসেই কলম্বোয় আইসিসির বার্ষিক কনফারেন্স হবে। কিন্তু চেয়ারম্যানের বিষয় নিয়ে কোনও কিছুই অ্যাজেন্ডায় নেই। আইসিসি চেয়ারম্যানের নির্বাচন নভেম্বরে হতে পারে।
সেক্ষেত্রে জয় নিজের সিদ্ধান্তের জন্য আরও মাস তিনেক হাতে পাবেন। বর্তমানে আইসিসি চেয়ারম্যান নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে। তিনি বিসিসিআই সচিব জয় শাহের সমর্থন নিয়েই ওই পদে আসীন হয়েছেন। আরও একটি টার্ম তিনি ওই পদে থাকতে পারেন।
তবে জয় শাহ যদি আইসিসি চেয়ারম্যান হতে চান, তাহলে তাঁর বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান হওয়া কার্যত পাকা। আর তা হলে, সর্বকনিষ্ঠ আইসিসি চেয়ারম্যান হওয়ার নজির গড়বেন জয়। বিসিসিআই সভাপতি রজার বিনি নন, বিসিসিআইয়ের সর্বেসর্বা যে জয় শাহ-ই ভারত টি২০ বিশ্বকাপ জেতার পর তা আরও একবার দেখা গিয়েছে। এবার জয় বিসিসিআই ছেড়ে আইসিসির বড় পদের দিকে যান কিনা সেদিকেই তাকিয়ে সকলে।












Click it and Unblock the Notifications