Jay Shah: আইসিসিতে জয় শাহ ব্যাটন নেবেন ডিসেম্বরে, তার আগেই নিয়মে আসছে বিরাট বদল
Jay Shah: বিসিসিআই সচিব জয় শাহ আইসিসি চেয়ার পদে বসছেন ডিসেম্বরের ১ তারিখ থেকে। তার আগে আইসিসির নিয়মে এসে গেল বিরাট বদল।
দুবাইয়ে ছিল আইসিসির বোর্ড মিটিং। সেখানেই আলোচনায় উঠে এলো আইসিসি চেয়ার পদের মেয়াদের বিষয়টি।

আইসিসির তরফে বিবৃতিতে বলা হয়েছে, আইসিসি চেয়ার ও স্বাধীন ডিরেক্টর পদের মেয়াদ তিন বছরের দুটি টার্মে রাখার সুপারিশ করল আইসিসি বোর্ড। এবার আইসিসি মেম্বারদের কাছে তা যাবে অনুমোদনের জন্য। মেয়াদের বছর বৃদ্ধি না হলেও কমানো হচ্ছে টার্মের সংখ্যা।
বর্তমানে আইসিসিতে যে নিয়ম রয়েছে তা অনুযায়ী, আইসিসি চেয়ার বা আইসিসি চেয়ারম্যান হলে তিনি দুই বছরের মেয়াদে প্রথমে আসেন। পরবর্তীকালে তিনি আরও দু-বার দুই বছরের মেয়াদে দায়িত্ব সামলান। ফলে মোট ৬ বছর কেউ ওই পদে থাকতে পারেন।
তবে জয় শাহ যখন দায়িত্ব নেবেন তার আগেই চালু হয়ে যাবে নয়া নিয়ম। সেক্ষেত্রে দুই বছর অন্তর নয়, তিন বছর অন্তর দুটি টার্মে ওই পদে থেকে তিনি দায়িত্ব সামলাতে পারবেন। ফলে তিন বছরের দুটি টার্মে নিযুক্ত হতে পারবেন আইসিসি চেয়ার কিংবা স্বাধীন ডিরেক্টর।
এই নিয়মে কেন বদল আনা হচ্ছে তা নিয়ে আইসিসি কিছু জানায়নি। তবে মনে করা হচ্ছে, আইসিসির কাজকর্ম পরিচালনা বা গভর্ন্যান্সের বিষয়টি আরও উন্নত করতেই এই পদক্ষেপ। আইসিসি বোর্ডের ধারণা, এতে আইসিসি চেয়ার ও স্বাধীন ডিরেক্টর পদে যাঁরা থাকবেন তাঁদের নিরাপত্তা ও স্থিতাবস্থা আরও জোরদার হবে। ২ বছর অন্তর নির্বাচনের কথা ভাবতে হবে না। ধারাবাহিকতাও বজায় থাকবে।
আইসিসির বিদায়ী চেয়ার গ্রেগ বার্কলে। ৩৫ বছরের জয় শাহ সর্বকনিষ্ঠ হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হতে চলেছেন। ২০২০ সালে বার্কলে প্রথমবার আইসিসি চেয়ার হন। তিন বছরের টার্ম থাকলেও তিনি দুটির বেশি টার্মে থাকতে চাইছেন না। ইন্দ্রা নুয়ির মেয়াদ শেষের পর আইসিসির স্বাধীন ডিরেক্টরের পদ এখনও ফাঁকা।
আইসিসির ক্রিকেট কমিটিতে নিউজিল্যান্ডের শিল্পপতি স্কট উইনিঙ্ক এলেন ফুল মেম্বার রিপ্রেজেন্টেটিভ হয়ে। নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট ওডওয়ার্ডস অ্যাসোসিয়েট মেম্বারদের প্রতিনিধি হিসেবে এই কমিটিতে এলেন।
মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটের ২০২৫ থেকে ২০২৯ সালের সূচি চূড়ান্ত হয়েছে। ম্যাচের সংখ্যা বাড়ানোর পাশাপাশি অ্যাসোসিয়েট দেশগুলিতেও মহিলাদের ক্রিকেটের সামগ্রিক প্রসার সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে আইসিসি বোর্ড। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেট র্যাঙ্কিংয়ের বাৎসরিক আপডেট ১ মে-র পরিবর্তে ১ অক্টোবর থেকে করার সিদ্ধান্ত হয়েছে।












Click it and Unblock the Notifications