শুভমানের ডেপুটি হলেন শ্রেয়স, অস্ট্রেলিয়া সফরে নেই হার্দিক, ওডিআই সিরিজে বিশ্রামে বুমরাহ

অস্ট্রেলিয়ায় তিনটি একদিনের আন্তর্জাতিক ও পাঁচটি টি২০ আন্তর্জাতিক ম্যাচের সিরিজের জন্য বেছে নেওয়া হলো ভারতীয় দল। রোহিত শর্মাকে সরিয়ে ওডিআই অধিনায়ক করা হলো শুভমান গিলকে।

রোহিতের সঙ্গে মাস সাতেক পর ভারতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে। ওডিআই সিরিজে বিশ্রাম দেওয়া হলো জসপ্রীত বুমরাহকে।

টেস্টের মতো ওডিআই দলেও অধিনায়ক হিসেবে রোহিতের স্থলাভিষিক্ত হলেন গিল। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের আগে তাঁকে পর্যাপ্ত সুযোগ দিতেই যে এই সিদ্ধান্ত, তা স্পষ্ট করেছেন নির্বাচক প্রধান অজিত আগরকর। ফলে ভারত অধিনায়ক হিসেবে রোহিতের শেষ টুর্নামেন্ট হয়ে রইল চ্যাম্পিয়ন্স ট্রফি, যাতে চ্যাম্পিয়ন হয়েছে মেন ইন ব্লু।

ওডিআই দলে সহ অধিনায়ক করা হলো শ্রেয়স আইয়ারকে। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল যে দল অস্ট্রেলিয়া সফরে সেই দলের পাঁচজন নেই। রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তীর ঠাঁই হলো না। হার্দিক পাণ্ডিয়ার কোয়াড্রিসেপস ইনজুরি রয়েছে। তিনি অস্ট্রেলিয়া সফরের জন্য ফিট নন। ইংল্যান্ড সফরে পা ভেঙেছিল ঋষভ পন্থের, তিনিও পুরোপুরি সেরে উঠতে পারেননি। আর বুমরাহকে বিশ্রাম দেওয়া হলো।

হার্দিকের অনুপস্থিতিতে দলে ঢুকে পড়লেন নীতীশ কুমার রেড্ডি। সুযোগ পেলেন মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল এবং যশস্বী জয়সওয়াল। সঞ্জু স্যামসনকে না নিয়ে ধ্রুব জুরেলকে কেন নেওয়া হলো? এই প্রশ্নের উত্তরে আগরকর বলেন, সঞ্জু দক্ষিণ আফ্রিকায় শতরান করেছিলেন তিনে নেমে। দলের যা পরিস্থিতি তাতে উপরের দিকে ব্যাটারের দরকার নেই। লোকেশ রাহুল বা জুরেল নীচের দিকে ব্যাট করতে পারেন। ফলে পজিশনের কথা ভেবেই স্যামসনকে রাখা হয়নি।

বিরাট কোহলি ও রোহিত শর্মা অস্ট্রেলিয়াতেই শেষ সিরিজ খেলবেন কিনা তা নিয়ে চর্চা অব্যাহত। বিষয়টি নিয়ে কিছু খোলসা করেননি অজিত আগরকর। তাঁর কথায়, এই দুজনেই এই ফরম্যাটে দারুণ সফল। তাঁরা যেমন প্রচুর রান করেছেন সেই ধারাই বজায় থাকুক, এটাই চাই। একইসঙ্গে আগরকর স্পষ্ট করে দিয়েছেন, কোনও ক্রিকেটার ফাঁকা থাকলে তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে।

এশিয়া কাপ-জয়ী ভারতীয় দলে একটি পরিবর্তন এনে অস্ট্রেলিয়ার টি২০ সিরিজের দল ঘোষণা করা হলো। আনফিট হার্দিক পাণ্ডিয়ার জায়গায় এলেন নীতীশ কুমার রেড্ডি। ওডিআই দলে স্পিন বোলিং অলরাউন্ডারদের দৌড়ে অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দরের চেয়ে পিছিয়ে পড়লেন রবীন্দ্র জাদেজা।

অস্ট্রেলিয়া সফরে ভারতের ওডিআই দল- শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল (উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল।

অস্ট্রেলিয়া সফরে ভারতের টি২০ দল- সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল (সহ অধিনায়ক), তিলক বর্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+