IPL: অবসরের ঘোষণা এখনও করেননি, ধোনির বিকল্প খোঁজা শুরু চেন্নাইয়ের, তালিকায় কারা?
২০২৪ সালের আইপিএলেরপ পর অবসর নিয়ে প্রকাশ্যে কোনও রকম ঘোষণা করেননি এমএস ধোনি। কিন্তু মাহির আইপিএল থেকে অবসর নিয়ে চর্চা অন্তহীন। ক্যাপ্টেন কুল কি শেষ আইপিএল খেলে ফেললেন? নাকি আরও একটা মরশুম দেখা যাবে তাঁকে? এই প্রশ্নই ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমীদের মনে।
গত আইপিএলের শেষে সমস্ত জল্পনায় জল ঢেলে ধোনি নিজেই জানিয়ে দিয়েছিলেন যে আইপিএলের ১৭ তম মরশুমে খেলবেন তিনি। কিন্তু এবার তেমন কিছুই শোনা যায়নি তাঁর মুখে। ২০২৪ সালের আইপিএল শেষে অবসরের কথা ঘোষণা করেননি ক্যাপ্টেন কুল। জিইয়ে রেখেছেন আগামী মরশুমে আইপিএলে খেলার সম্ভাবনা।

চেন্না্ই টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ ঋষভ পন্থ। ভারতীয় ক্রিকেটে যাকে ধোনির উত্তরসূরি বলা হয়। ধোনির মতোই উইকেটরক্ষক এবং সামনে ব্যাট হাতে সাবলীল পন্থ। ফলে তাঁকে দিল্লি থেকে ভাঙিয়ে আনাই লক্ষ্য থাকবে সিএসকের। কিন্তু দিল্লি কি আদৌও ছাড়বে পন্থকে?
সিএসকে কর্তৃপক্ষের দ্বিতীয় পছন্দ ঈশান কিষাণ। আগামী মরশুমে মুম্বইয়ে ঘরে বড়সড় ভাঙন ধরার আশঙ্কা রয়েছে। একাধিক ক্রিকেটারই দল ছাড়তে চান বলে শোনা যাচ্ছে। ২০২৪ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন ভারতীয় দলের এই উইকেটরক্ষক।। তিনিও ধোনির মতো ঝাড়খণ্ডের ক্রিকেটার। উইকেটরক্ষকের পাশাপাশি ওপেনিং ব্যাট করার সহজাত দক্ষতা আছে। তার উপর বয়স অল্প। সিএসকে দীর্ঘমেয়াদী সময়ের জন্য তাঁকে ভাবছে।
লোকেশ রাহুলও আছেন এই তালিকায়। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কের উপর লক্ষ্য রয়েছে চেন্নাই কর্তাদের। ব্যাটিং-কিপিং উভয় বিভাগেই দক্ষ তিনি। ক্রিকেটার হিসাবেও অভিজ্ঞ। প্রয়োজনে দলকে নেতৃত্ব দিতে পারবেন।
এক সূত্র জানিয়েছে ধোনি এখনও সিএসকে ম্যানেজমেন্টকে তাঁর অবসর নিয়ে কিছু জানাননি। ওই সূত্র আরও জানিয়েছে যে, ধোনি ইয়েলোব্রিগেডের ম্যানেজমেন্টকে জানিয়েছেন, তিনি সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েক মাস সময় নেবেন। বোঝাই যাচ্ছে, ধোনি অবসরের সিদ্ধান্ত জানানোর আগে সময় নিয়ে ভাবতে চান।
কয়েক মরশুম ধরেই মহেন্দ্র সিং ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা চলছে। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া ধোনি নিজেও আইপিএলে তাঁর ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। ধোনি পরের আইপিএলেও খেলবেন কি না, সেটি নির্ভার করছে ২০২৫ আইপিএল নিয়ে তাঁর দল চেন্নাই সুপার কিংসের অবস্থান এবং টুর্নামেন্টের কিছু নিয়মে কী ধরনের পরিবর্তন আসছে, অনেক অঙ্ক এবং সম্ভাবনা নির্ভর করছে ধোনির খেলা নিয়ে।












Click it and Unblock the Notifications