Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL Exclusive: কলকাতায় জন্ম, খেলেন বিদর্ভে! ধোনি-ভক্ত যশ ঠাকুর কিপিং ছেড়ে পেসার প্রবীণের পরামর্শেই

IPL Exclusive: আইপিএলে ইনিংসে পাঁচ উইকেট নেওয়া বোলারদের তালিকায় নিজের নাম তুলে ফেলেছেন যশ ঠাকুর। বিদর্ভের এই পেসারের জন্ম আবার কলকাতায়।

লখনউ সুপার জায়ান্টসে খেলা দ্বিতীয় তথা প্রথম ভারতীয় পেসার হিসেবে ইনিংসে পাঁচ উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন যশ। যা সম্ভব হয়েছে প্রবীণ হিঙ্গনিকরের সময়োপযোগী সিদ্ধান্তেই।

IPL Exclusive

প্রবীণ হিঙ্গনিকর বিদর্ভের প্রাক্তন রঞ্জি অধিনায়ক। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কিউরেটরের দায়িত্বও সামলান। নাগপুরে তাঁর আকাদেমিতেই ২০১১ সালে ছেলে যশকে ভর্তি করিয়েছিলেন রবিসিং ঠাকুর। যশের আইপিএল অভিষেক দেখার সৌভাগ্য হলেও যিনি এবারের আইপিএল দেখতে পারলেন না।
কেন না, কয়েক মাস আগেই পিতাকে হারিয়েছেন যশ। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কেরিয়ারের সেরা বোলিং ফিগারের পর দুই হাত উপরে তুলে যশ আকাশের দিকে তাকিয়ে হয়তো প্রয়াত পিতাকেই খুঁজছিলেন। যশের কোচ প্রবীণ ওয়ানইন্ডিয়া বাংলাকে জানালেন, যশের মায়ের বাড়ি কলকাতায়। তাই সেখানেই তাঁর জন্ম। বেড়ে ওঠা নাগপুরেই।

২০১১ সালে ভারত বিশ্বকাপ জেতার পরই ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুকে নিয়ে নাগপুরের প্রবীণ হিঙ্গনিকর ক্রিকেট আকাদেমিতে ভর্তি হন যশ। মহেন্দ্র সিং ধোনির মতো উইকেটকিপার হতে চেয়েছিলেন। প্রবীণের কথায়, ২-৩ মাস ধরে কিপার হিসেবে যশের অগ্রগতি দেখতে না পেয়ে সিদ্ধান্ত বদলাই।

প্রবীণ নাগপুর থেকে ফোনে বললেন, একদিন যশকে বলি নেটে বোলিং করতে। তাঁর সুঠাম চেহারা পেস বোলিংয়ের আদর্শ বলেই মনে হয়েছিল। নেটে দীর্ঘক্ষণ তাঁর বোলিং দেখি। এরপর পরামর্শ দিই উইকেটকিপিং ছেড়ে জোরে বোলিংয়ে জোর দিতে।

যশ এ কথা শুনে প্রথমে কোচের উপর ক্ষুব্ধও হয়েছিলেন। ধোনির মতো কিপার হতে এসে কিনা বোলিং করতে হবে। তবে সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল তা পরবর্তীকালে বুঝতে পেরেছেন যশ। বিদর্ভ দলে কোচ পরশ মামব্রে ও সুব্রত বন্দ্যোপাধ্যায়দের পেয়ে নিজের দক্ষতাকে আরও ক্ষুরধার করার সুযোগ পেয়েছেন যশ ঠাকুর।

২০১৭ সালে ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে বিদর্ভের হয়ে অভিষেক। ২০১৮ সালে রঞ্জি অভিষেক। ২০১৯ সালে টি২০ অভিষেক। ২২টি প্রথম শ্রেণির ম্য়াচে ৬৭ উইকেট রয়েছে। লিস্ট এ-তে ৩৭ ম্যাচে নিয়েছেন ৫৪ উইকেট। গতকালের পর ৪৯টি টি২০ ম্যাচে তাঁর ঝুলিতে ৭৪ উইকেট।

গত বছর লখনউ সুপার জায়ান্টসের হয়ে ৯ ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন। সেরা বোলিং ফিগার ছিল ৩৭ রানের বিনিময়ে চার উইকেট। এবার তিন ম্যাচে ছয় উইকেট। আরসিবি ম্যাচে এক উইকেট নিয়েছিলেন ৩৮ রানের বিনিময়ে। গতকাল ১টি মেডেন-সহ ৩.৫ ওভারে ৩০ রানের বিনিময়ে ৫ উইকেট।

গুজরাত টাইটান্স অধিনায়ক শুভমান গিলকে বোল্ড করেছেন। ডেথ ওভার স্পেশ্যালিস্ট হিসেবে পরিচিত যশের শিকার হয়েছেন বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান ও নূর আহমেদ। যশের কোচ প্রবীণ অবশ্য এই উইকেটগুলির মধ্যে কোনওটিকেই সেরা বাছতে রাজি নন।

প্রবীণের কথায়, টি২০-তে মাত্র চার ওভার বল করার সুযোগ থাকে। সেখানে পাঁচ উইকেট তুলে নেওয়াটাই সবচেয়ে বড়। এটা ঠিক, গতকাল যতগুলি উইকেট যশ নিয়েছেন তাঁর মধ্যে শুভমান গিলই সবচেয়ে বড় নাম। তবে কোনওটিকেই সেরা বলব না। যশ ছন্দে থেকে বোলিং করছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি, অদূর ভবিষ্যতে তাঁর ভারতীয় দলে সুযোগের স্বপ্নও পূরণ হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+