IPL Exclusive: শার্দুল-বিক্রমে খুশি দ্রোণাচার্য দীনেশ লাড, লর্ড ঠাকুরের কেরিয়ারের টার্নিং পয়েন্ট জানেন?
রোহিত শর্মার পর শার্দুল ঠাকুর। ইডেনে রাজ তাঁর দুই সুযোগ্য শিষ্যর। শার্দুল যেভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নাইটদের পরিত্রাতা হয়ে কামাল দেখিয়েছেন ব্যাটে-বলে তাতে খুশি রোহিত, শার্দুলের দ্রোণাচার্য কোচ দীনেশ লাড। অবাক হননি শার্দুলের ব্যাটিং বিক্রমে।
আজ মুম্বই থেকে ওয়ানইন্ডিয়া বাংলার সঙ্গে কথা বললেন দীনেশ লাড। গত বছরই তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দ্রোণাচার্য পুরস্কার গ্রহণ করেছেন। শার্দুলের পারফরম্যান্সের প্রশংসা করতে গিয়ে দীনেশ ফিরে গেলেন ২০০৫ সালে স্কুল ক্রিকেটের এক ম্যাচে।

জহুরির চোখ
দীনেশ লাড বলেন, শার্দুলের বোলিং দেখে প্রথমেই আমার ভালো লেগেছিল। তাঁর বাবা-মাকে বলি, এই ছেলে একদিন দেশের হয়ে খেলবেই। শার্দুলকে মুম্বইয়ে পাঠান। শার্দুলদের বাড়ি পালঘরে। সেখান থেকে মুম্বই যেতে লাগে সাড়ে তিন ঘণ্টা। যাতায়াতের ধকলের কথা ভেবেই শার্দুলের পরিবার রাজি হচ্ছিল না।

শার্দুলকে বাড়িতে রাখেন দীনেশ
প্রতিভা হাতছাড়া করতে চান না বলে জেদ চাপে দীনেশের। তিনি বারবার বোঝাতে থাকেন। শার্দুলের বাবা-মাকে যখন রাজি করানো যাচ্ছিল না দীনেশ তখন স্ত্রীকে বলেন, শার্দুলকে বাড়িতে রাখব, আপত্তি আছে কিনা। স্ত্রী বলেন, "তোমার বাড়িতে রাখবে, এতে আপত্তির কী আছে!" সঙ্গে সঙ্গে শার্দুলের বাবা-মাকে ফোন করে সে কথা জানান দীনেশ। তাঁরাও আপ্লুত, সম্মতি দেন।

ছয় বলে ছয় ছক্কা
শার্দুলকে স্বামী বিবেকানন্দ স্কুলে ভর্তি করানোর উদ্যোগ নেন দীনেশ। উল্লেখ্য, স্বামী এই স্কুলের ক্রিকেট প্রশিক্ষক দীনেশ লাডের হাতে পড়েই বদলে যায় রোহিত শর্মা, শার্দুল ঠাকুরের কেরিয়ার। হ্যারিস শিল্ডে প্লেট ডিভিশনে শার্দুল ২০০৬ সালে স্বামী বিবেকানন্দ স্কুলের হয়ে ছয় বলে ছক্কা হাঁকিয়ে নজরে পড়েন। বিশাল ধ্রুবের বলে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে গ্যারি সোবার্স, রবি শাস্ত্রীর কীর্তি স্পর্শ!

বদলেছে মানসিকতা
শার্দুল সেই ম্যাচে ৭৩ বলে ১৬০ রান করেছিলেন। ১০টি ছয় ও ২০টি চার মেরেছিলেন। দীনেশ লাডের কথায়, শার্দুল আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী থাকতে পছন্দ করতেন। কিন্তু অভিজ্ঞতা বৃদ্ধির সঙ্গে সেই মানসিকতা বদলেছেন। তারই আরেকটি উদাহরণ আরসিবি ম্যাচে শার্দুলের দায়িত্বশীল এবং ম্যাচে ফারাক গড়ে দেওয়া ব্যাটিং।

নেটে দীর্ঘ সময় ব্যাটিং
২০১৯ সাল থেকে নিজের ব্যাটিংয়ে জোর দিতে থাকেন শার্দুল। নেটে বেশিক্ষণ সময় কাটাতে থাকেন। ২০২১ সালে ওভাল টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ইনিংসে যথাক্রমে ৩৬ বলে ৫৭ ও ৭২ বলে ৬০ ও রানের ইনিংস খেলেছিলেন। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন টেস্টে শার্দুল ১১৫ বলে ৬৭ করেন। একদিনের আন্তর্জাতিকে গত বছর পার্লে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৩ বলে অপরাজিত ৫০ করেন।

লর্ড শার্দুল প্রসঙ্গ দ্রোণাচার্য লাড
দীনেশ লাড মনে করেন, শার্দুল যেভাবে খেলছেন তাতে বিশ্বকাপ ও আগামী বছরের টি ২০ বিশ্বকাপেও তিনি কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। দিল্লি ক্যাপিটালস থেকে শার্দুলকে এবার নিয়েছে কেকেআর। দীনেশ লাডের পুত্র সিদ্ধেশ লাড ২০২০ সালে কেকেআর শিবিরে থাকলেও ম্যাচ পাননি। ২০১৯ সালে একটিই ম্যাচ খেলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। সেই কেকেআরকে শার্দুল জেতানোয় খুশি দীনেশ।
|
দৃষ্টান্তে মুগ্ধ বেঙ্গালুরুর সাংসদ
বেঙ্গালুরু সেন্ট্রালের সাংসদ পি সি মোহন শার্দুলকে নিয়ে একটি টুইট করেছেন। সেখানে তিনি লেখেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতীয় দলের সঙ্গে এমিরেটসের বিমানে ফেরার পর শার্দুল আন্ধেরি স্টেশন থেকে পালঘরের লোকাল ট্রেন ধরেছিলেন। তাঁর জীবনে বেশিরভাগ সময়টাই এই রুটিন মেনে চলেছেন লর্ড শার্দুল।

মানসিক প্রস্তুতিতে জোর
দীনেশ লাড এদিন বলেন, শার্দুলকে এখন টেকনিক নিয়ে বেশি কিছু বলার থাকে না। অনেক কিছুই শার্দুল শিখেছেন ভারতীয় দলে থাকাকালীন। তবে পারফরম্যান্সের ক্ষেত্রে মানসিক শক্তি, মানসিক প্রস্তুতি খুব বেশি দরকার। যখন কথা হয় সেটাই বলে থাকি। মাঠে নেমে সেরাটা দিলেই সাফল্য আসবে, খারাপ সময়েও ফোকাস স্থির রাখার পরামর্শই দিয়ে থাকেন দ্রোণাচার্ষ কোচ।

শার্দুলের নজির
রিঙ্কু সিংকে নিয়ে ষষ্ঠ উইকেটে ১০৩ রানের পার্টনারশিপ গড়েন শার্দুল। সাত বা তার নীচে ব্যাট করতে নেমে আইপিএলে ব্যক্তিগত সর্বাধিক রানের তালিকায় শার্দুল রইলেন যুগ্ম দ্বিতীয় স্থানে। ২০১৮ সালে সাতে নেমে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আন্দ্রে রাসেল অপরাজিত ছিলেন ৮৮ রানে। শার্দুল গতকাল করেন ৬৮। ২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সিএসকের ডোয়েইন ব্র্যাভো আটে নেমে ৬৮ রান করেছিলেন।
𝘖𝘩 𝘮𝘺 𝘓𝘰𝘳𝘥! 🙌😍@imShard #KKRvRCB | #AmiKKR | #TATAIPL 2023 pic.twitter.com/Uc3Bv2EmO6
— KolkataKnightRiders (@KKRiders) April 6, 2023
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications