IPL Auction 2024: বাটলার থেকে অর্শদীপের নাম সম্ভাব্য তালিকায়, আইপিএল নিলামে কাদের নিতে ঝাঁপাবে কেকেআর?
IPL Auction 2024: আইপিএলের নিলামে কলকাতা নাইট রাইডার্স আর ১৯ জন ক্রিকেটারকে সর্বাধিক নিতে পারবে। ইতিমধ্যেই আইপিএল চ্যাম্পিয়নরা ধরে রেখেছে ৬ জনকে।
কোনও রাইট টু ম্যাচ কার্ড সে কারণে নিলামে ব্যবহার করতে পারবে না কেকেআর। তবে নাইটরা যে ক্রিকেটারদের টার্গেট করতে পারে সেই তালিকায় রয়েছে বেশ কয়েকটি চমকপ্রদ নাম।

কেকেআর রেখে দিয়েছে রিঙ্কু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), হর্ষিত রানা (৪ কোটি) ও রামনদীপ সিং (৪ কোটি)-কে। কেকেআর এই ক্রিকেটারদের রাখতে খরচ করেছে ৫৭ কোটি টাকা।
যদিও আইপিএল রিটেনশনের যে বেতন কাঠামো নির্ধারিত ছিল তা না মানায় কেকেআরের পার্স থেকে কেটে নেওয়া হয়েছে ৬৯ কোটি টাকা। ফলে আইপিএল নিলামে খরচের জন্য কেকেআরের হাতে পড়ে রয়েছে ৫১ কোটি টাকা।
সুনীল নারিনকে দিয়েই নাইটরা ওপেন করাবে বলে মনে করা হচ্ছে। ফলে ওপেনারদের মধ্যে কেকেআরের টার্গেটে থাকতে পারেন ইংল্যান্ডের দুই তারকা। ফিল সল্টকে কেকেআর নিলাম থেকে কিনে দলে ফেরাতে পারে। এমনকী ঝাঁপাতে পারে জস বাটলারের জন্য।
ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক রাজস্থান রয়্যালসের হয়ে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেছে। ফলে বাটলারকে নিলে কেকেআর এক ঢিলে দুই পাখি মারতে পারবে। একদিকে যেমন ওপেনিং জুটি নিয়ে চিন্তা মিটবে, তেমনই বাটলারকে অধিনায়কও করে দিতে পারে কেকেআর।
শ্রেয়স আইয়ার, মিচেল স্টার্ক, ফিল সল্ট, বেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানাদের কেকেআর ছেড়ে দিয়েছে। তবে তাঁদের নিলাম থেকে কিনে ফেরাতেও পারে শাহরুখের দল। বিহারের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে আজই বেঙ্কটেশ শতরান হাঁকিয়েছেন। ১১টি চার ও চারটি ছয়ের সাহায্যে ১১৩ বলে ১১৮ রানে তিনি অপরাজিত আছেন।
অঙ্গকৃষ রঘুবংশীও কেকেআরকে ভরসা জুগিয়েছেন। আজ মুম্বইয়ের হয়ে তিনি রঞ্জি ম্যাচে আট রানের জন্য শতরান হাতছাড়়া করেছেন। বছর ১৯-এর এই ক্রিকেটারকেও কেকেআর নিলাম থেকে কিনতে পারে। পাঞ্জাব কিংস ছেড়ে দিয়েছে অর্শদীপ সিংকে।
পাওয়ারপ্লে ও ডেথ ওভার বোলিংয়ের কথা ভেবে অর্শদীপকে নিতে অন্যান্য কয়েকটি দলের সঙ্গে কেকেআরও ঝাঁপাতে পারে বলেই খবর। আইপিএল ইতিহাসে রেকর্ড দর পাওয়া মিচেল স্টার্ককে ছেড়ে দিয়েছে কেকেআর। তবে স্টার্ক নন, কেকেআর প্রাক্তন নাইট ট্রেন্ট বোল্টকে আইপিএল থেকে কিনে নিতেই পারে।












Click it and Unblock the Notifications