IPL 2025: আইপিএলে দুরন্ত ছন্দে বিরাট কোহলি! টি২০ আন্তর্জাতিকের অবসর ভেঙে খেলবেন বিশ্বকাপে?
IPL 2025: বিরাট কোহলি চলতি আইপিএলে দারুণ ছন্দে রয়েছেন। ওপেন করতে নেমে শতরান হাঁকাতে না পারলেও তিনি রয়েছেন সর্বাধিক রান সংগ্রহকারী হওয়ার দৌড়ে।
কমলা টুপি দখলের লড়াইয়ে আপাতত তিনে আছেন বিরাট। কাল চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তিনি ফের অরেঞ্জ ক্যাপের দখল নিতে পারেন।

গত বছর টি২০ বিশ্বকাপের পরই বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটের এই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করে দিয়েছিলেন। রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজাও টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। যদিও এই তিনজনের মধ্যে এবারের আইপিএলে সবচেয়ে বেশি সপ্রতিভ কোহলিই।
সামনের বছর টি২০ বিশ্বকাপ। ভারত নামবে খেতাব দখলে রাখার লক্ষ্যে। তা আবার হবে সামনের বছরের আইপিএলের আগেই। ভারত ও শ্রীলঙ্কায় হবে টি২০ বিশ্বকাপের ম্যাচগুলি। এবার ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পিছনেও ছিল বিরাটের অবদান।
ফলে স্বাভাবিকভাবেই চর্চা চলছে, বিরাট টি২০ বিশ্বকাপের জন্য টি২০ আন্তর্জাতিকের অবসর ভাঙবেন কিনা। ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে কোহলি ১২৫টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। ১১৭টি ইনিংসে ৩১ বার অপরাজিত থেকে ৪১৮৮ রান করেছেন। ১টি শতরান ও ৩৮টি অর্ধশতরান রয়েছে।
আরসিবির পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে বিরাট টি২০ আন্তর্জাতিক থেকে অবসরের কারণ জানিয়েছেন। আর তাতেই বোঝা গিয়েছে অবসর ভাঙার সম্ভাবনা তাঁর নেই। সম্প্রতি বিরাট মজা করেই বলেছিলেন, ২০২৮ সালের অলিম্পিক্সে ভারতকে সোনা জেতাতে তাঁর ফাইনালে খেলার ইচ্ছা রয়েছে।
বিরাট আরসিবি পডকাস্টে বলেন, আমার মনে হয় না অবস্থার কোনও পরিবর্তন হয়েছে। আমি ছেড়েছিলাম এই উপলব্ধি থেকেই যে অনেক নতুন প্লেয়ার দেশের হয়ে খেলার জন্য আরও বেশি প্রস্তুত। তাঁদের সময় দরকার। ২ বছরের সময়ে তাঁরা যেমন চাপ সামলানোর পারদর্শিতা অর্জন করবেন, বিভিন্ন দেশে খেলার সুযোগ পাবেন। এমনভাবে বিবর্তিত হবেন যাতে বিশ্বকাপের সময় তাঁরা পুরোপুরি প্রস্তুত থাকেন।
বিরাট কোহলি ২০০৮ থেকে আরসিবির হয়ে খেললেও একবারও ট্রফি জিততে পারেননি। এবার কি সেই অপেক্ষার অবসান হবে? উত্তর মিলবে কিছুদিনের মধ্যেই। তবে আরসিবি ভক্তদের ভালোবাসায় আপ্লুত কোহলি। বলেছেন, আমি ফ্যানেদের থেকে যা ভালোবাসা পাই তাতে আমি মনে করি না কোনও মূল্যবান সাফল্য বা ট্রফি তার ধারেকাছে আসতে পারে।
কাল বিরাটের দিকে নজর থাকবে। ৫৩ রান করলে আইপিএলে সাড়ে ৮ হাজার রানের মাইলফলক ছোঁবেন প্রথম ব্যাটার হিসেবে। আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সর্বাধিক রানের রেকর্ডও তাঁরই দখলে।












Click it and Unblock the Notifications