IPL 2025: রোহিত-বিরাটরা দেশে আইপিএল খেলতে ব্যস্ত, বিদেশে গিয়ে কী করছেন গুরু গম্ভীর?
শুরু হয়ে গেছে আইপিএল। বেশ কয়েকটি ম্যাচ হয়ে গিয়েছে। আগামী দুই মাসের কাছাকাছি সময় ভারতীয় ক্রিকেট আইপিএলেই মগ্ন থাকবে। বিরাট, রোহিত, সূর্যকুমার, বরুণ চক্রবর্তীরা নিজ নিজ ফ্রাঞ্চাইজির হয়ে খেলায় ব্যস্ত জাতীয় দলের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরে। এবার ভারতীয় ক্রিকেটের মিশন আইপিএল। ভারতীয় দলের ক্রিকেটাররা যখন আইপিএল খেলতে ব্যস্ত তখন কোচ-গৌতম গম্ভীর কিন্তু একেবারেই ভিন্ন মুডে।
স্ত্রী-কে সঙ্গে নিয়ে ছুটি কাটাতে ব্যস্ত। ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের এখন ফাঁকা সময়। কারণ জাতীয় দলের কোন ম্যাচ নেই। ক্রিকেটাররা আইপিএল খেলতে ব্যস্ত। ফাঁকা সময়টা পুরোপুরি কাজে লাগাচ্ছেন গৌতম গম্ভীর। আপাতত ক্রিকেট থেকে অনেকটা দূরে গম্ভীর স্ত্রীকে নিয়ে বিদেশে ছুটি কাটাতে গিয়েছেন। ফ্রান্সের বরফে মোড়া পাহাড়ে স্ত্রী নাতাশাকে নিয়ে ছুটি কাটাচ্ছেন টিম ইন্ডিয়ার কোচ। গম্ভীর গত মরশুম পর্যন্ত ছিলেন আইপিএলের সঙ্গে যুক্ত। কেকেআর দলের মেন্টর পদে ছিলেন গম্ভীর।

বিদেশ ভ্রমণের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন ভারতীয় দলের হেড কোচ। এই ছবিতে কিছুটা হাসতে দেখা গিয়েছে গম্ভীরকে। যা নিয়ে মজা করেছেন একদা সতীর্থ যুবরাজ সিং। তিনি আবার লিখেছেন , তুমি হেসে ফেলো না যেন জিজি।আসলে গৌতম সব সময়ই গম্ভীর মুখে থাকেন।
আইপিএল এর পর ভারতীয় দলের ইংল্যান্ড সফর রয়েছে। এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার জন্য। কারণ ইংল্যান্ডে গিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় সার্কেলে সূচনা হবে এই সিরিজের মধ্য দিয়েই।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত ভাবেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রোহিত-বিরাটদের মতই জবাব দিয়েছেন কোচ গৌতম গম্ভীরও। ইতিপূর্বে তাঁর কোচিং নিয়েও প্রশ্ন দেখা দিয়েছিল। কিন্তু গম্ভীরের কোচিংয়ে প্রথম আইসিসি খেতাব ঘরে তুলেছে ভারত। ১২ বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে টিম ইন্ডিয়া। ভারতের এই জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে গুরু গম্ভীরের।
ভারতের হেড কোচ গৌতম গম্ভীর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর নজির সৃষ্টি করেছেন। ক্রিকেটার ও সংশ্লিষ্ট দেশের হেড কোচ হিসেবে আইসিসি ইভেন্ট এর আগে জেতার নজির ছিল ভারতের রাহুল দ্রাবিড়, অস্ট্রেলিয়ার ড্যারেন লেম্যান, জিওফ মার্শ ও দক্ষিণ আফ্রিকার গ্যারি কার্স্টেনের। এই লিস্টে নিজের নাম তুলে নিলেন গম্ভীরও।
❤️❤️ pic.twitter.com/l5HpMYsVQM
— Gautam Gambhir (@GautamGambhir) March 26, 2025
যদিও গম্ভীরকে কটাক্ষ করে সুনীল গাভাসকর বলেছেন, টি২০ বিশ্বকাপ জয়ের পর বিসিসিআই আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল। তখনরকার কোচ দ্রাবিড় কিন্তু নিজের সহকারীদের থেকে বেশি টাকা নিতে রাজি হয়নি। টাকাটা সকলের মধ্যে সমান ভাগ করে নিয়েছিল। কিন্তু বর্তমান কোচকে তেমন কিছু বলতে শুনলাম না। আর্থিক পুরস্কার ঘোষণা করার পর অনেকটা সময় কেটে গিয়েছে। গাভাসকর আরও বলেছেন, দারুণ একটা উদাহরণ তৈরি করেছিলেন দ্রাবিড়।












Click it and Unblock the Notifications