IPL 2025: রাহানের দ্বিচারিতা! ইডেনে স্পিন পিচ না পেয়ে গোঁসা, ওয়াংখেড়ের তেমন উইকেট নিয়েই গদগদ
IPL 2025: কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক অজিঙ্ক রাহানের দ্বিচারিতা! নাকি পিচ নিয়ে বিতর্কে ইন্ধন ঢালার মধ্যেও আছে কোনও ট্যাকটিক্যাল রণকৌশল?
গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসকে হারিয়ে মুম্বইয়ে পা রেখেছে কলকাতা নাইট রাইডার্স। সোমবার রাহানেদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। কাল থেকে কেকেআর মুম্বইয়ে অনুশীলন সারবে।

মুম্বই আবার রাহানের হোম গ্রাউন্ড। ইডেনে ম্যাচ হারার পর রাহানে বলেছিলেন, ইডেনের পিচে স্পিনারদের জন্য সহায়তা থাকলে ভালো হতো। যদিও (কেকেআর-আরসিবি) ম্যাচের আগে ম্যাচ প্রায় দেড়দিন কভারে ঢাকা ছিল। আমাদের দুজন স্পিনার (সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী) যে কোনও উইকেটেই সাফল্য পাওয়ার দক্ষতা রাখেন।
রাহানের এই বক্তব্যের পরই সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমের একাংশে চর্চা শুরু হয়, কেকেআর কি তাহলে হোম অ্যাডভান্টেজ পাচ্ছে না? প্রাক্তন ক্রিকেটার থেকে বিশ্লেষক সকলেই সরব হন। তবে কেকেআরের প্রকাশিত ভিডিওতে দেখা গেল রাহানের দ্বিচারিতা!
কেকেআর বা বোর্ড থেকে পিচ নিয়ে সিএবি বা পিচ কিউরেটরকে কিছু বলা হয়নি। কিন্তু রাহানে ওয়াংখেড়ের উইকেটের যে বর্ণনা দিয়ে গদগদ ভাব প্রকাশ করেছেন, তেমনই উইকেট তো তৈরি করা হয় ইডেন গার্ডেন্সে। তাহলে কোথায় সমস্যা?
নিজের শহরে কেকেআরকে অ্যাওয়ে ম্যাচে নেতৃত্ব দেবেন রাহানে। কেকেআরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এই ম্যাচের দিকে তাকিয়ে আছি। বরাবরই ওয়াংখেড়েতে খেলা উপভোগ করি। এখানেই আমি খেলা শুরু করেছি। কন্ডিশন, উইকেট কেমন তা ভালোই জানি।
এরপরই রাহানে বলেন, ওয়াংখেড়ের উইকেট খুব ভালো। জোরে বোলার, স্পিনার, ব্যাটার, সকলেই এখানের উইকেটে খেলা উপভোগ করেন। আগের ম্যাচে জয়ের কথা মাথায় রাখছি না। আপাতত সামনের ম্যাচের দিকেই তাকিয়ে। আশা করি, জয়ের ধারা অব্যাহত রাখা যাবে।
গুয়াহাটিতে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলে কেকেআরকে জেতানো কুইন্টন ডি ককের কথায়, আমরা প্রথম জয় পেলাম। যেটা আমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। মোমেন্টাম তৈরি করা গিয়েছে। এবার তা ধরে রাখতে হবে।
On the Flight, with the Knights 🎤🗣️ pic.twitter.com/HpGq3W72bm
— KolkataKnightRiders (@KKRiders) March 28, 2025
কেকেআরের ভিডিওতে রামনদীপ সিং ও হর্ষিত রানা মজাচ্ছলে বলেছেন, তাঁরা বিমানে একে অপরের পাশে বসা পছন্দ করেন না। তবে দুজনে পাশাপাশিই বসেছিলেন বিমানে। বিমানে সতীর্থরা যাতে না ঘুমাতে পারেন সে কারণে নানা খুনসুটিও করে থাকেন এই দুজন।
আইপিএলে কলকাতা ও মুম্বই পারস্পরিক দ্বৈরথের নিরিখে মুম্বই ইন্ডিয়ান্সই অনেক এগিয়ে। ৩৪টি দ্বৈরথে মুম্বই ইন্ডিয়ান্স ২৩টিতেই হারিয়েছে কেকেআরকে। কেকেআর জিতেছে ১১টিতে। যদিও শেষ পাঁচটি দ্বৈরথে কেকেআর জিতেছে ৪টিতে। ২০২৩ সালে শেষবার মুম্বইয়ে কেকেআরকে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। গত বছরের আইপিএলে কেকেআর জিতেছে ২ বার। তার মধ্যে ১০ বছর পর মুম্বইয়ে জেতার নজিরও রয়েছে।












Click it and Unblock the Notifications