IPL 2025: ১০ লক্ষ থেকে ১৮ কোটি! রাজস্থান রয়্যালসে সঞ্জু স্যামসনের বেতন বৃদ্ধি কত ধাপে?
IPL 2025: ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে টি২০ আন্তর্জাতিকে রেকর্ড গড়েছেন সঞ্জু স্যামসন। বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি২০ আন্তর্জাতিকে শতরান হাঁকিয়ে।
সঞ্জুর আগে ভারতের কোনও ব্যাটারের টি২০ আন্তর্জাতিকে উপর্যুপরি শতরান নেই। আইপিএল রিটেনশনেও রাজস্থান রয়্যালসে বাজিমাত করেছেন অধিনায়ক স্যামসন।

সঞ্জু স্যামসনকে আগামী তিনটি আইপিএল মরশুমের জন্য রাজস্থান রয়্যালস ১৮ কোটি টাকার বার্ষিক বেতনে ধরে রেখেছে। ২০১৩ সালে রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম খেলেন সঞ্জু। তখন তাঁকে ১০ লক্ষ টাকায় নিয়েছিল রয়্যালস। ১১ ম্যাচে ২০৬ করেন সঞ্জু।
২০১৪ সালের মেগা নিলামের আগে সঞ্জুকে রাজস্থান রয়্যালস ধরে রেখেছিল ৪ কোটি টাকার বিনিময়ে। সেবার আইপিএলের পর ভারতীয় দলে ডাক পান কেরলের উইকেটকিপার-ব্যাটার। ২০১৫ সালেও আইপিএলে সঞ্জুর বেতন ছিল ৪ কোটি টাকা।
সেবার ২০৪ রান করেছিলেন। আইপিএলের পর জিম্বাবোয়ে সফরে সঞ্জুর টি২০ আন্তর্জাতিক অভিষেক হয়। এরপর ভারতীয় দলের হয়ে খেলতে তাঁকে অপেক্ষা করতে হয় ২০১৯ অবধি। আইপিএলে নির্বাসন কাটিয়ে রাজস্থান রয়্যালস আইপিএলে ফেরে ২০১৮ সালে। সঞ্জুর বেতন বেড়ে হয় ৮ কোটি টাকা।
২০১৮ থেকে ২০২১ অবধি আইপিএলে ৮ কোটি টাকার বেতনেই খেলেছেন স্যামসন। ২০১৯ সালের আইপিএলে সঞ্জু করেন ৩৪২ রান। ২০২০ সালে করেন ৩৭৫। ২০২১ সালে স্টিভ স্মিথকে ছেড়ে দিয়ে সঞ্জুকে অধিনায়ক করে রাজস্থান রয়্যালস। ২০২২ সালে সঞ্জুকে ১৪ কোটি টাকায় রেখে দিয়েছিল রাজস্থান।
সেবার সঞ্জুর নেতৃত্বে রাজস্থান ফাইনালও খেলে। তবে খেতাব জিততে পারেনি। ২০২৩ ও ২০২৪ সালে সঞ্জু স্যামসন ১৪ কোটি টাকাতেই ছিলেন রাজস্থান রয়্যালসে। ২০২৫ থেকে ২০২৭ অবধি রাজস্থান রয়্যালসে তাঁর বেতন ১৮ কোটি টাকা।
শুধু তাই নয়। বাংলাদেশের বিরুদ্ধে ১১টি চার ও ৮টি ছয়ের সাহায্যে ৪৭ বলে ১১১ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গতকাল সাতটি চার ও ১০টি ছয় দিয়ে সাজানো ৫০ বলে ১০৭ রানের ইনিংস সঞ্জুকে ২০২৬ সালে দেশের মাটিতে টি২০ বিশ্বকাপের দলে রাখার দাবিও জোরদার করে দিল।












Click it and Unblock the Notifications