IPL 2025: মুনাফ প্যাটেল এবার নয়া ভূমিকায়, বড় ঘোষণা দিল্লি ক্যাপিটালসের
IPL 2025: মুনাফ প্যাটেলকে এবার দেখা যাবে নয়া ভূমিকায়। ভারতের প্রাক্তন পেসারকে বোলিং কোচ হিসেবে নিযুক্ত করল দিল্লি ক্যাপিটালস।
এই দলের হেড কোচ হেমাঙ্গ বাদানি, ডিরেক্টর অব ক্রিকেট (আইপিএলের জন্য) বেণুগোপাল রাও। অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার জেমস হোপসের স্থলাভিষিক্ত হলেন মুনাফ।

২০১১ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্যকে এদিনই বোলিং কোচ হিসেবে ঘোষণা করল দিল্লি ক্যাপিটালস। যদিও জল্পনা চলছিল অনেকদিন ধরেই। ২০১৮ সালে প্রতিযোগিতামূলক ক্রিকেটকে বিদায় জানান মুনাফ। তারপর এই প্রথম বড় আসরে কোচিং করানোর দায়িত্ব পেলেন।
প্রতিযোগিতামূলক ক্রিকেটকে বিদায় জানালেও প্রাক্তনদের টুর্নামেন্টে খেলতে দেখা গিয়েছে মুনাফকে। পেসার হিসেবে রিভার্স স্যুইং ও ইয়র্কারে পারদর্শী মুনাফ। সেই অভিজ্ঞতা এবার ভাগ করে নেবেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারদের সঙ্গে।
২০০৬ থেকে ২০১১ অবধি ভারতীয় দলের হয়ে তিনটি ফরম্যাট মিলিয়ে ৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মুনাফ। ২০০৮ থেকে ২০১০ অবধি আইপিএল খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। ২০১১ থেকে ২০১৩ অবধি ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে। ২০১৭ সালে গুজরাত লায়ন্সে ছিলেন। ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল-জয়ী দলেরও সদস্য মুনাফ।
ভারতের হয়ে ১৩টি টেস্টে ৩৫টি উইকেট আছে মুনাফের। ৭০টি একদিনের আন্তর্জাতিকে ৮৬টি উইকেট নিয়েছেন। তিনটি টি২০ আন্তর্জাতিকে পেয়েছেন ৪ উইকেট। ১০১টি টি২০ ম্যাচে তাঁর শিকারের সংখ্যা ১০৪। আইপিএলে ৬৩টি ম্যাচে মুনাফ ৭৪টি উইকেট ঝুলিতে পুরেছেন।
গত জুলাই মাসেই হেড কোচের পদ থেকে রিকি পন্টিংকে সরিয়ে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। আপাতত ২ বছর আইপিএল দলের ডিরেক্টর অব ক্রিকেট থাকছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সরানো হয়েছিল সহকারী কোচ প্রবীণ আমরেকেও। এবার বোলিং কোচের পদ থেকে জেমস হোপসকে সরানোরও আনুষ্ঠানিক ঘোষণা হলো।
আইপিএল নিলামের আগে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস ও অভিষেক পোড়েলকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। অক্ষরকে অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে। শ্রেয়স আইয়ারকে ক্যাপিটালস নিতে পারলে তাঁকেও ক্যাপ্টেন্সির ব্য়াটন দেওয়া হবে। আইপিএল নিলামে ৭৩ কোটি টাকা খরচ করতে পারবে দিল্লি ক্যাপিটালস।












Click it and Unblock the Notifications