IPL 2025: বিধ্বস্ত কেকেআর! অশ্বিনীর স্বপ্নের অভিষেক, রিকেলটনের অর্ধশতরান, ঘরের মাঠেই প্রথম জয় মুম্বইয়ের

IPL 2025: আইপিএলে বড় পরাজয়ের সম্মুখীন হলো কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে, প্রথম দুটি ম্যাচে হারের পর আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুরন্ত জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

কেকেআরকে ডোবাল জঘন্য ব্যাটিং। শুরু থেকেই বিপর্যয়ে পড়েন অজিঙ্ক রাহানেরা। অশ্বিনী কুমারের স্বপ্নের অভিষেকের পর দুরন্ত অর্ধশতরান করে অপরাজিত থাকলেন রায়ান রিকেলটন।

IPL 2025

আজ টস জিতে ফিল্ডিং নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স ১৬.২ ওভারে ১১৬ রানেই গুটিয়ে যায়। পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে স্কোর ছিল ৪ উইকেটে ৪৭। মাঝের ওভারে অর্থাৎ ৭ থেকে ১৫ ওভারের মধ্যে পড়ে আরও পাঁচ উইকেট, আসে ৬০ রান।

অঙ্গকৃষ রঘুবংশী তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ১৬ বলে সর্বাধিক ২৬ রান করেন। ১টি চার ও ২টি ছয়ের দৌলতে ১২ বলে ২২ রান করেন নয়ে নামা রামনদীপ সিং। রঘুবংশীর জায়গায় ইমপ্যাক্ট সাব হিসেবে নামা মণীশ পাণ্ডে করেন ১৪ বলে ১৯, ২টি চার ও ১টি ছয় মারেন তিনি।

একটি করে ছয় ও চারের সাহায্যে রিঙ্কু সিং করেন ১৪ বলে ১৭। সমসংখ্যক চার ও ছয়ের সাহায্যে অজিঙ্ক রাহানে ৭ বলে ১১ রান করেন। কুইন্টন ডি কক ১, সুনীল নারিন ০, বেঙ্কটেশ আইয়ার ৩, আন্দ্রে রাসেল ৫, হর্ষিত রানা ৪ রান করেন। ১ রানে অপরাজিত থাকেন স্পেনসার জনসন।

১২তম ওভারে মিচেল স্যান্টনারের প্রথম বল রাসেলের পায়ে লাগলে আম্পায়ার আউট দেন। রাসেল রিভিউ নিয়ে সে যাত্রায় রক্ষা পেলেও বড় রান পেতে ব্যর্থ। রাহানে, রিঙ্কু, মণীশ ও রাসেলকে আউট করেন অশ্বিনী কুমার। পাঞ্জাবের এই বাঁহাতি পেসার ৩ ওভারে ২৪ রান দিয়ে চার উইকেট নিলেন অভিষেক ম্যাচে।

দীপক চাহার ২ ওভারে ১৯ রান খরচ করে পেলেন ২ উইকেট। ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ২৩, হার্দিক পাণ্ডিয়া ২ ওভারে ১০, ভিগনেশ পুথুর ২ ওভারে ২১ ও মিচেল স্যান্টনার ৩.২ ওভারে ১৭ রান খরচ করে ১টি করে উইকেট পান। ফলে মুম্বই ইন্ডিয়ান্সের সব বোলারই এদিন উইকেট ঝুলিতে পুরেছেন।

জবাবে খেলতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনিং জুটি ভাঙে ৫.২ ওভারে ৪৬ রানে। রোহিত শর্মা ১টি ছয়ের সাহায্যে ১২ বলে ১৩ রান করে আন্দ্রে রাসেলের শিকার হন। অপর ওপেনার রায়ান রিকেলটন অর্ধশতরান পূর্ণ করেন ৩৩ বলে।

কেকেআর ব্যাটিং বিপর্যয়ের জেরে ইমপ্যাক্ট সাব হিসেবে মণীশ পাণ্ডেকে নামানোয় বোলিংয়ের সময় বৈভব অরোরাকে পায়নি। যদিও ১১৭ রানের টার্গেট দিয়ে ম্যাচ জেতার মতো বোলিং আক্রমণ নেই কেকেআরের। ফলে যা হওয়ার তা-ই হলো।



মুম্বই ইন্ডিয়ান্সের দ্বিতীয় উইকেট পড়ে ১০.৪ ওভারে ৯১ রানে। তিনে নামা উইল জ্যাকস ১৭ বলে ১৬ রান করে রাসেলের শিকার হন। মুম্বই ইন্ডিয়ান্স জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ত্রয়োদশ ওভারেই। রিকেলটন চারটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৪১ বলে ৬২ রানে অপরাজিত থাকেন।

সূর্যকুমার যাদব তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৯ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। রাসেলের বলে সূর্যর বিশাল ছক্কাতেই নিশ্চিত হয় মুম্বই ইন্ডিয়ান্সের জয়। ৪৩ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতলেন হার্দিক পাণ্ডিয়ারা। রাসেল ২.৫ ওভারে ৩৫ রান দিয়ে পেলেন ২ উইকেট।

স্পেনসার জনসন ২ ওভারে ১৪, হর্ষিত রানা ২ ওভারে ২৮, বরুণ চক্রবর্তী ৩ ওভারে ১২ ও সুনীল নারিন ৩ ওভারে ৩২ রান দিয়ে কোনও উইকেট পাননি। এদিনের পরাজয়ের ফলে কেকেআর নেমে গেল পয়েন্ট তালিকার সকলের নীচে। দশ নম্বরে।

কেকেআরের ৩ ম্যাচে রয়েছে ২ পয়েন্ট। নেট রান রেট মাইনাস (-)১.৪২৮। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স পৌঁছে গেল ছয়ে। তাদের নেট রান রেট ০.৩০৯। আরসিবি ও দিল্লি ক্যাপিটালসের রয়েছে ৪ পয়েন্ট করে। তিন থেকে দশ অবধি সকলেরই ঝুলিতে ২ পয়েন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+