IPL 2025: ২ আনক্যাপড ক্রিকেটারকে ধরে রাখতে পারে কলকাতা নাইট রাইডার্স, শ্রেয়স ও রাসেলকে নিয়েও জল্পনা
IPL 2025: আইপিএলে কোন ক্রিকেটারদের ধরে রাখা হবে তা নিয়ে আজ বা কাল আলোচনায় বসতে পারে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবারের মধ্যে তালিকা জমা দিতে হবে বিসিসিআইয়ের কাছে।
আইপিএল চ্যাম্পিয়নদের রিটেনশন প্ল্যান নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জল্পনার কথা জানা যাচ্ছে। এমনকী দুই আনক্যাপড ক্রিকেটারকে রেখে দেওয়া হতে পারে বলেও গুঞ্জন রয়েছে।

আনক্যাপড ক্রিকেটার হিসেবে প্রথম যাঁকে কলকাতা নাইট রাইডার্স ধরে রাখছে তিনি হলেন হর্ষিত রানা। মুম্বই টেস্টে অভিষেক হতে চলেছে তাঁর। প্রথমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে হর্ষিত ছিলেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের দলে অবশ্য রাখা হয়।
সম্প্রতি হর্ষিত দিল্লির হয়ে অসমের বিরুদ্ধে ইনিংসে পাঁচ উইকেট-সহ দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নেন। ব্যাট হাতে ৫৯ রানের ইনিংসও খেলেন। চলতি বছর দলীপ ট্রফির দুটি ম্যাচে তাঁর ৮ উইকেট ছিল। ২০২২ সাল থেকে আইপিএলে কেকেআরের হয়ে খেলছেন।
কেকেআরের জার্সিতে ২০২২, ২০২৩ ও চলতি বছরের আইপিএলে হর্ষিত যথাক্রমে ১, ৫ ও ১৯টি উইকেট নেন। আইপিএলে ২১ ম্যাচের ১৯ ইনিংসে হাত ঘুরিয়ে তিনি ২৫টি উইকেট দখল করেছেন। সেরা বোলিং ২৪ রানের বিনিময়ে ৩ উইকেট। ফলে হর্ষিত আনক্যাপড ক্রিকেটার হিসেবে কেকেআরে থাকছেন।
আইপিএল রিটেনশনের নিয়ম অনুযায়ী কোনও দল সর্বাপেক্ষা দু-জন আনক্যাপড ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। হর্ষিতের মতো ভারতীয় দলে আন্তর্জাতিক অভিষেক হয়নি রামনদীপ সিংয়ের। পাঞ্জাবের রামনদীপ ২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৫টি ও চলতি বছর কেকেআরের হয়ে ১৫টি ম্যাচ খেলেন।
কেকেআরের জার্সিতে ১৫ ম্যাচের ৯ ইনিংসে ব্যাট করতে নেমে রামনদীপ ১২৫ রান করেছেন। হার্ড হিটিংয়ে পারদর্শী। পাঁচটি চার ও ১২টি ছয় মেরেছেন। মুম্বই ইন্ডিয়ান্সে রামনদীপ ৬টি উইকেট পেলেও কেকেআরে একটি ম্যাচে মাত্র চারটি বল করার সুযোগ পেয়েছেন।
ইমার্জিং টিম এশিয়া কাপে ভারতীয় এ দলের হয়ে খেলেছেন রামনদীপ। আফগানিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে তিনি ছয়ে নেমে ৮টি চার ও ২টি ছয়ের দৌলতে ৩৪ বলে ৬৪ রানের ইনিংস খেলেছিলেন। যদিও শেষ অবধি ভারত এই ম্যাচটি হেরে যায়। দলের হয়ে সর্বাধিক রান রামনদীপেরই। ওমানের বিরুদ্ধে ১টি ও সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ২টি উইকেটও নেন।
দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টি২০ আন্তর্জাতিক দলেও জায়গা করে নিয়েছেন রামনদীপ। ফলে ৮ কোটি টাকা খরচ করে হর্ষিত ও রামনদীপকে ধরে রাখতে পারে কেকেআর। সূত্রের খবর, অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ধরে রাখার জন্য শেষ চেষ্টা করবেন নাইট কর্তারা।
রিঙ্কু সিং, সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীকে ধরে রাখার বিষয়টি প্রায় চূড়ান্ত। শ্রেয়স ও আন্দ্রে রাসেলকে নিয়ে জোর চর্চা চলছে। কোনও সংবাদমাধ্যমের দাবি, রাসেলকে প্রথম পছন্দ হিসেবে ধরে রাখা হতে পারে। তবে রাসেলকে ছেড়ে দেওয়া নিয়েও চর্চা রয়েছে। নাইট কর্তারা মুখে কুলুপ। ফলে যাবতীয় জল্পনার অবসান হবে বৃহস্পতিবারেই।












Click it and Unblock the Notifications